বিয়ের ছবি তুলতে...
যাঁরা বিয়ে করতে চলেছেন, পছন্দসই আলোকচিত্রী এর মধ্যে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন। কিন্তু সব দায়িত্ব তাঁর ঘাড়ে দিয়ে দিলেই চলবে না। তাঁকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতাও করতে হবে আপনাকেই। আর এ জন্য ফটোগ্রাফি সম্পর্কে জেনে নিন কিছু তথ্য।বিয়ে নিয়ে কাজ করছেন এমন কয়েকজন আলোকচিত্রীর মন্তব্য আর নিজের অভিজ্ঞতা থেকে দিতে পারি টুকটাক পরামর্শ। প্রথমেই খোঁজ নিন আলোকচিত্রী কী রকম ক্যামেরা ও লেন্স ব্যবহার করবেন। নিজে না বুঝলে পরিবারের মধ্যে টুকটাক ফটোগ্রাফি সম্পর্কে যিনি জানেন, তাঁকে কাজে লাগান। ছবির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় আলো। মঞ্চসজ্জায় কী পরিমাণ ও কী ধরনের আলো ব্যবহার করবেন, সে সম্পর্কে আলোকচিত্রীকে আগে থেকে জানিয়ে রাখুন। তার চাহিদা মাথায় রেখে আলোকসজ্জা করতে পারবেন তাহলে। ব্যাকড্রপে অর্থাৎ মঞ্চের পেছনে কী থাকছে, তাও গুরুত্বপূর্ণ। বর অথবা কনের পোশাকের সঙ্গে ব্যাকড্রপ মিলে না গেলেই ভালো। পার্থক্যটা থাকলে বিষয়বস্তু উঠে আসবে। পেছনে মরিচবাতি থাকলে ভালো। দেখতে ভালো লাগে, ছবিতেও ভালো আসে। সবচেয়ে ভালো হয় যদি মঞ্চসজ্জাকর, লাইটম্যান ও ফটোগ্রাফার সবাইকে মুখোমুখি আলোচনায় বসিয়ে দিতে পারেন। ভিডিওর আলো অনেক সময় স্থিরচিত্রে প্রভাব ফেলে। তাই চেষ্টা করুন আলোকচিত্রীকে আলাদা একটু সময় বের করে দিতে।আত্মীয়স্বজন বেশি হলে সবচেয়ে বড় ঝামেলাটা হবে মঞ্চের ভিড়ে। ঠিকমতো কম্পোজিশন করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে অপরিচিত অতিথিদের ফটোগ্রাফার খুব বেশি কিছু বলতে পারেন না। মঞ্চের আশপাশে সব সময় একজনের থাকা উচিত, যিনি এ বিষয়টা দেখবেন। আর লক্ষ রাখবেন, মঞ্চে গিয়ে কেউ যেন পেছন ফিরে না দাঁড়ায়। তাতে ছবি তুলতে সমস্যা হয়।ছবি হয়তো ফটোগ্রাফার ভালোই তুলেছেন। কিন্তু সমস্যা দেখা গেল পরে সম্পাদনা করতে গিয়ে। আজকাল ছবির অনেক কিছু নির্ভর করে সম্পাদনার ওপর। তাই ফটোগ্রাফারের কাছ থেকে আলাদাভাবে অসম্পাদিত ফাইলগুলোও নিতে পারেন। যদি কোনোটার সম্পাদনা পছন্দ না হয়, তবে পেশাদার কাউকে দিয়ে অথবা নিজেই পরে সম্পাদনা করে নিতে পারেন।নিজে ছবি তুলতে চাইলে ওপরের বিষয়গুলোর পাশাপাশি অবশ্যই আরও কিছু দিকে লক্ষ রাখতে হবে। অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ আগে পৌঁছাতে হবে। নির্দিষ্ট লাইটে কোন আইএসও, শাটার স্পিড ও অ্যাপারেচারে ছবি ভালো আসছে, তা পরখ করে নিতে হবে কিছু ছবি তুলে। ছবি তোলার সময় মূল ফটোগ্রাফারের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে তুলতে অনেক সময়ই খেয়াল থাকে না কতগুলো ছবি তোলা হলো। একাধিক মেমোরি কার্ড সঙ্গে রাখা ভালো। তবে বড় আয়তনের মেমোরি কার্ড হলে একটিই যথেষ্ট। সঙ্গে এক্সটারনাল ফ্ল্যাশ রাখতে ভুলবেন না।