অনেক দিন পর জীবনের সেরা মুহূর্তগুলোয় ফিরে যেতে টাইম মেশিন লাগে না। এ জন্য একটি ছবিই যথেষ্ট।প্রিয় মুহূর্তের ছবি বা স্থিরচিত্রগুলো চোখপটে এনে দিতে পারে সে সময়ের আবহ। আর বিয়ের সময়টা তো স্মৃতির পাতায় ধরে রাখতে চান সবাই। আধুনিক সময়ের চাহিদা আর গুরুত্বের কারণে বিয়ের ছবি তোলা এখন সৃজনশীল পেশাও বটে। তরুণদের আগ্রহ আর সৃজনশীল কাজের প্রতি ভালোবাসায় পেশাটা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। শুরুর কথাআলোকচিত্রী চঞ্চল মাহমুদ এ বিষয়ে বলেন, সময় দ্রুত চলে গেলেও একটা স্থিরচিত্র সে সময়কে ধরে রাখত পারে। এ কারণে আশির দশকের মাঝামাঝি থেকে বিয়ের ছবি তোলা পেশা বা কাজ হিসেবে শুরু হয়। মূলত এর পাঁচ-ছয় বছর পর থেকে বিয়ের ছবি তোলা পেশা হিসেবে বিকশিত হয়।চলছে যেমনওয়েডিং ফটোগ্রাফি বা বিয়ের ছবি তোলা এখন আর শুধু শখে সীমাবদ্ধ নেই, কাজটা সৃজনশীল হওয়ায় তরুণদের আগ্রহটাও দিন দিন বাড়ছে। প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করা ছেলেমেয়েরাও এখন এ কাজে যুক্ত হচ্ছে। হাল আমলের বিয়ের ছবি নিয়ে এমন তথ্যই জানান ওয়েডিং ডায়েরির ব্যবস্থাপক ও আলোকচিত্রী সুমন রেজা। তাঁর মতে, বর্তমান সময় তরুণদের কাছে আকর্ষণীয় একটা পেশা ওয়েডিং ফটোগ্রাফি। প্রতিটি বিয়েতেই ছবি তোলার জন্য আলাদা একটা বাজেট ধরা হয়। এ সুবাদে বিয়ের ছবি তোলার কাজ করে অনেকেই এখন বড় উদ্যোক্তা হয়েছেন, বেড়েছে কাজের সুযোগও।ভালো করার মন্ত্রআলোকচিত্রী ইশরাত আমিন বলেন, একটা সময় বিয়েতে অনুষ্ঠান আয়োজনকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন আয়োজনের পাশাপাশি ফটোগ্রাফিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে বিয়ের ছবি তোলার মতো উদ্যোগ নিয়ে সফল হওয়া যাবে। সময় ও ধৈর্য ধরে কাজ করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এ কাজে এগিয়ে যেতে ভালো করার আগ্রহটাই বেশি প্রয়োজন। শুরুতেই বন্ধুবান্ধব বা পরিচিতজনের ছোট কাজ দিয়ে শুরু করা ভালো। কাজ যা-ই করুন না কেন, সেটা যেন যত্ন ও মনোযোগ দিয়ে করা হয়। কাজের মান আর বিশ্বস্ততা ধরে রাখতে হবে। সব সময় বিশ্বের বিখ্যাত আলোকচিত্রীদের লেখা পড়তে হবে। তাঁদের তোলা ছবি দেখতে হবে।শিখতে হলেদেশেই বিয়ের ছবি তোলা বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস), পাঠশালা-সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, চঞ্চল মাহমুদ ফটোগ্রাফিসহ বেশ কিছু প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া যাবে। আর দেশের বাইরে ভারতের মুম্বাই ও পুনেতে এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।