
বিয়ের ছবি তুলে বিশ্বে জনপ্রিয়তা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকস্টেড। তিনি যখন ঢাকায় বসে নবীন আলোকচিত্রীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন, তখন আর কী চাই! হ্যাঁ, তেমনটাই ঘটেছে। ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিয়ের ছবি তোলার আন্তর্জাতিক সম্মেলন ডব্লিউপিপিবি কনফারেন্সে এসেছিলেন আরও অনেক নামকরা আলোকচিত্রী। ভারতের অনুপ পাড়লকার ও প্যাট্রিক লো, মালয়েশিয়ার জেফ ভুন, পাকিস্তানের ইরফান আহসান বিভিন্ন সেশনে বিয়ের ছবি নিয়ে কথা বলেন। এ ছাড়া অনুষ্ঠানে ডব্লিউপিপিবি সারা দেশ থেকে জমা পড়া ছয় হাজার ছবি থেকে বাছাই ২০০ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করে। এর মধ্যে মোট ১০টি বিভাগে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। ২০ অক্টোবর শুরু হওয়া এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আয়োজনটি শেষ হয় ২২ অক্টোবর। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল আয়োজন।