বিয়ের ছবির পুরস্কার থাইল্যান্ড ভ্রমণ

সানসিল্ক-নকশা বিয়ে উৎসবে বিয়ের ছবি নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বছর এই প্রতিযোগিতায় প্রথম হয়ে থাইল্যান্ড ভ্রমণ করে এসেছেন ইমতিয়াজ করিম ও খান যারীন তাসনীম দম্পতি। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য তাঁরা লিখেছেন তাঁদের থাইল্যান্ড ভ্রমণের গল্প। এ বছরও চলছে ‘আমাদের ছবিই সেরা’ শীর্ষক এই প্রতিযোগিতা। ছবি পাঠানো যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত: বিয়ের ছবি পাঠানোর সময় বাড়ল
২০১৬-এর জানুয়ারির শুরুর দিকের কথা। অফিসে বসে কাজ করছি, এমন সময় আমার স্ত্রী খান যারীন তাসনীম শামার ফোন। ওপাশ থেকে যা শুনলাম, তার সারমর্ম হলো প্রথম আলো বিয়ের ছবির একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যাঁদের ছবি সেরা বলে বিবেচিত হবে, তাঁদের জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা থাকবে। বেশ মজা লাগল, শামাকে বললাম পাঠিয়ে দাও ছবি, দেখি কিছু হয় কি না, না হলেও দুঃখ নেই।
যথারীতি ছবিও পাঠানো হলো। ১৪ জানুয়ারি জানতে পারলাম, আমাদের ছবি প্রথম ২০টি ছবির মধ্যে রয়েছে। অনলাইনে এবার শুরু হলো ভোট পর্ব। কয়েক দিন পর আবারও ফোন পেলাম। জানানো হলো আমাদের ছবি শীর্ষ পাঁচে রয়েছে। একই সঙ্গে দাওয়াত পেলাম আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সানসিল্ক-নকশা বিয়ে উৎসবের অনুষ্ঠানে। বর্ণাঢ্য অনুষ্ঠানের একপর্যায়ে ঘোষণা করা হলো ‘আমাদের ছবিই সেরা’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। অবাক হয়ে গেলাম যখন বড় মনিটরে দেখলাম প্রথম পুরস্কার বিজয়ী ইমতিয়াজ করিম নাঈম ও খান যারীন তাসনীম।
এর কিছুদিন পর হাতে পেলাম পুরস্কার। ৩ দিন ২ রাতের থাইল্যান্ড ভ্রমণের বিমান টিকিট আর হোটেলে থাকার ব্যবস্থা। নিজেদের ব্যস্ততা আর ট্রাভেল এজেন্টের সঙ্গে সবকিছু মিলিয়ে থাইল্যান্ড পাড়ি জমালাম ২ সেপ্টেম্বর। পুরস্কারের যে প্যাকেজ ছিল, তার সঙ্গে কিছু টাকা যোগ করে ফুকেটেও ঘুরে আসব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আমাদের প্রথম গন্তব্য ছিল ফুকেট।
২ সেপ্টেম্বর ফুকেটে যখন পৌঁছাই, তখন মোটামুটি রাত ১০টা। ওই দিন আর তেমন কিছু করার ছিল না, আশপাশের জায়গাগুলো আর পাতং সৈকতের কিছুটা ঘুরে দেখলাম। পরদিন ৩ সেপ্টেম্বরে খুব ভোরেই চলে গেলাম বোট ট্রিপে। ঘুরে দেখলাম অপূর্ব সুন্দর কিছু দ্বীপ। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফি ফি, মায়া বিচ, খো ফি ফি ইত্যাদি। শামার অনেক ইচ্ছা ছিল স্কুবা ডাইভিং করার, তাই সাহস করে ওর সঙ্গে আমিও যোগ দিলাম। সেই অভিজ্ঞতা এককথায় অতুলনীয়। সব মিলিয়ে প্রায় ১১টি দ্বীপ ঘুরে বিকেলে যখন হোটেলে ফিরি, তখন প্রায় সাড়ে পাঁচটা। হালকা বিশ্রাম নিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়ি ফুকেট শহরটা ঘুরে দেখার উদ্দেশ্যে।

ট্যাক্সি করে প্রথমেই গিয়ে নামলাম জাংসিনলিয়ন মার্কেটে। আগেই শুনে এসেছিলাম যে এই জায়গাটাকে বলা হয় ‘হার্ট অব দ্য টাউন’। চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম। কফি আমার খুব পছন্দ বলে স্টারবাকসের কফি থেকে নিজেদের বঞ্চিত করলাম না। এরপর চলে গেলাম পাশের স্ট্রিট মার্কেটে। যার একটা পাশে বিভিন্ন রকমের, রংবেরঙের খাবারদাবার বানানো হচ্ছিল। এমন কিছু প্রাণীর ভাজা খাবার দেখেছি, যেসব খাওয়ার কথা আমরা স্বপ্নেও ভাবি না। যাই হোক, ওখানকার বিখ্যাত প্যান থাই নুডলস, স্যুপ আর সুশি দিয়ে রাতের ডিনারটা শেষ করে হোটেলে ফিরলাম। পরদিনের যাত্রা ছিল ব্যাংককের উদ্দেশে।
৪ সেপ্টেম্বর যখন ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরে চেক-ইন শেষ করি, তখন দুপুর। ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি সিটি ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই চলে যাই সিয়াম প্যারাগন। তিনটি পরপর বিশাল স্থাপত্যের সমন্বয়ে গড়া এক সুপার মল। এতটাই বড় যে একদিনে পুরোটা ঘুরে দেখাও সম্ভব না। দিনের বাকিটা সময় ওখানে কাটিয়ে ফিরে আসি হোটেলে। রাতে বের হয়ে পড়ি ব্যাংককের বিখ্যাত স্ট্রিট মার্কেটে কেনাকাটার জন্য। পরদিন সকালের নাশতা সেরেই চলে যাই ওশান ওয়ার্ল্ড ঘুরে দেখতে। বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণীর এক বিশাল জগৎ এটা। এত সুন্দর এই জগৎ, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হাঙর, পিরানহা, জেলি ফিস, ঘোড়া মাছ, পেঙ্গুইন—এগুলো ছাড়াও যে আরও কত কী দেখলাম তা বলে শেষ করা যাবে না।
এরপর চলে গেলাম মাদাম তুসোর মোমের জাদুঘর দেখতে। বিশ্বের বিখ্যাত ব্যক্তি আর তারকাদের মোমের প্রতিকৃতি দিয়ে সাজানো এই মিউজিয়াম। অনেক ছবি তুললাম আমরা এখানে। এরপর চলে যাই ১০ মিনিটের একটা ফাইভডি সিনেমা দেখতে। দেশে থ্রিডি ছবি দেখার অভিজ্ঞতা আগেই ছিল, কিন্তু ফাইভডি এই প্রথম। দুপুরের খাবারের পর চলে যাই এমবিকে শপিং মলে, কিছু ঘোরাফেরা আর শপিং শেষ করে ফিরে আসি হোটেলে।
থাইল্যান্ডে আসার পর থেকেই আমরা এখানকার অথেনটিক থাই ফুড খুঁজছিলাম। অবশেষে ওই রাতেই পেয়ে গেলাম ওখানকার ট্ম ইয়াম গুং স্যুপ আর ঝাল চিকেন কারি। ডিনার শেষ করে হোটেলে ফিরে এসে শুরু করি প্যাকিং। কারণ, পরদিনই আমাদের ঢাকার উদ্দেশে ফ্লাইট। ৬ সেপ্টেম্বর যথাসময়ে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে চড়ে ঢাকা চলে আসি। উপসংহারে শুধু এটুকু বলব যে প্রথম আলোকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি আয়োজন করার জন্য। এই ভ্রমণটি আমাদের কাছে দ্বিতীয় মধুচন্দ্রিমার মতোই ছিল। এমন একটি উদ্যোগের জন্য প্রথম আলোকে আমাদের উভয়ের পক্ষ থেকে অনেক সাধুবাদ।
