বিয়ের পর শিশুরা ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ব-উন্নয়ন, সোয়ালোজ ও রাজশাহী সচেতন নাগরিক কমিটি নামের তিনটি বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী, রাজশাহীর তিন উপজেলায় ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ৬১২টি বাল্যবিবাহ হয়েছে। জেলার চারঘাট, পুঠিয়া ও বাঘায় জরিপ চালিয়ে সংস্থা তিনটি এ তথ্য পেয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে রাজশাহীর চারঘাটে ১০০টির বেশি বাল্যবিবাহ হয়েছে; পুঠিয়ার চারটি ইউনিয়নে ৪৮৩টি এবং বাঘার চারটি ইউনিয়নে বাল্যবিবাহ হয়েছে ২৯টি। যেসব মেয়ের বিয়ে হয়েছে, তারা এখন কেমন আছে তা জানতে এই প্রতিনিধি গিয়েছিলেন তাদের কয়েকজনের বাড়ি। নিচে তুলে ধরা হলো তাদের কয়েকজনের কথা। রাজশাহীর পুঠিয়া উপজেলার গাঁওপাড়া গ্রামের শাবনাজের বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। ২০১০ সালের ৫ ডিসেম্বর চারঘাটের জায়গীরপাড়া গ্রামের জুয়েলের ছেলে রুবেলের (২২) সঙ্গে তার বিয়ে হয়। যৌতুক দেওয়া হয়েছিল ৪০ হাজার টাকা। কিন্তু বিয়ের ২২ দিনের মাথায় তার ঘর ভেঙে যায়। স্বামী-সংসার না বোঝার কারণে রোজ রাতে সে চিৎকার করে কাঁদত আর তার স্বামী তাকে কঞ্চি দিয়ে পেটাত। পরে শাবনাজের মা-বাবা তাঁদের ভুল বুঝতে পারেন। তাঁরা প্রস্তাব দিয়ে তালাক করে নেন। আরজিনা খাতুনের বাড়ি বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে। মা-বাবা তার ইচ্ছার বিরুদ্ধে গত বছরের ২২ মে বিয়ে দেন। সে তখন উপজেলার কালিদাসখালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মাত্র ১৫ দিন সংসার করার পর সে স্বামীর অত্যাচারে বাবার বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। স্বামীর সঙ্গে তালাকও হয়ে যায়। সে আবার স্কুলে যাওয়া শুরু করে। তার স্বপ্ন, লেখাপড়া শিখে চিকিৎসক হবে। কিন্তু তার মা-বাবা ৩ আগস্ট বুঝিয়ে-সুঝিয়ে আবার তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠান। খোঁজ নিয়ে জানা গেছে, আরজিনার শাশুড়ি এবার তাকে আর ছেলের বউ হিসেবে মেনে নেবেন না।প্রায় এক বছর আগে চারঘাট উপজেলার বেলতলী গুচ্ছগ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে মুঞ্জেরা খাতুনের বিয়ে হয়েছিল। তখন তার বয়স ছিল ১৩ বছর। সপ্তম শ্রেণীতে পড়ত। বিয়ে হয়েছিল বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের শুকচান আলীর ছেলে সাইফুল ইসলামের (২৫) সঙ্গে। বিয়ের পর মাত্র দুই মাস সে স্বামীর সংসারে ছিল। স্বামীকে দেখলেই সে ভীষণ ভয় পেত। তার মা পিঞ্জেরা খাতুন জানিয়েছেন, ভয় ভাঙানোর জন্য তিনি মেয়েজামাইকে এক মাস নিজের বাড়িতে এনে রেখেছিলেন। তার পরও মেয়ের আতঙ্ক কাটেনি। কোনো উপায় না দেখে মেয়েকে ছাড়িয়ে নিতে আইনি সহায়তার জন্য একটি বেসরকারি সংস্থার কাছে কয়েক দিন আগে আবেদন করেছেন। গত বছরের নভেম্বর মাসে পুুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মাহতাব আলীর মেয়ে মুক্তা খাতুনের বিয়ে হয়। তখন তার বয়স ছিল ১৩ বছর। বিয়ের পর মুক্তার সংসার ভালো লাগত না। বিয়ের এক বছরের মাথায় তার স্বাস্থ্য ভেঙে যায়। ফলে সংসারের কাজকর্ম করতে পারত না। এই অবস্থায় গত জানুয়ারি মাসে তার সংসারও ভেঙে যায়। বাবার অভাবের সংসারে তার জায়গা হয়নি। এখন সে ঢাকায় পোশাক কারখানায় কাজ করছে।দুই বছর আগে একই উপজেলার বারইপাড়া গ্রামের আনছার আলীর একমাত্র মেয়ে সাগরী খাতুনের বিয়ে হয়। তখন তার বয়স ছিল ১২ বছর। ষষ্ঠ শ্রেণীতে পড়ত। স্বামী পেশায় একজন ভ্যানচালক। বিয়ের দেড় বছরের মধ্যে তার একটি সন্তান হয়। কিন্তু বয়স কম হওয়ার কারণে সাগরী স্বামী-সন্তানের পরিচর্যা করতে পারে না। শুরু হয় শ্বশুরবাড়ির নির্যাতন। বাধ্য হয়ে কিছুদিন আগে সে বাবার বাড়িতে চলে আসে। তার স্বামী কোনো খোঁজখবর নিচ্ছেন না। এমনকি মা-বাবা তাকে বোঝা মনে করছেন।