
সকালে নাশতার টেবিলে মায়ের হাতে রান্না করা খিচুড়ি খেয়ে হেলমেটটা মাথায় চেপে বেরিয়ে পড়ল বাসা থেকে। হাতে টিফিনের বাটিটা দিতে দিতে আমি লিফটের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। ছুটি নিয়ে সেদিন আমি বাড়িতেই ছিলাম। অফিস যাইনি। তাই কোনো তাড়াহুড়া ছাড়াই হাসিমুখে ওকে বিদায় দিলাম। মিনিট বিশেক পর মোবাইলে ফোন করলেন বাবা। আমাকে দ্রুত হাসপাতালে যেতে বললেন, কারণ পুলিশ নাকি জানিয়েছে শাহরিয়ার সৌরভ সেজান দুর্ঘটনার শিকার হয়েছে।
হাসপাতালে যেতে যেতে ভাবছিলাম হাতে না পায়ে কোথায় ব্যথা পেয়েছে কে জানে? ওর মাথায় হেলমেট ছিল। তাই জানতাম খারাপ কোনো কিছুই হবে না। হাসপাতালের দরজায় ঢুকতে ঢুকতে সবাইকে জিজ্ঞেস করছিলাম জরুরি বিভাগ কোন দিকে? কোথায় ওর চিকিৎসা চলছে? সবাই শুধু নির্বাক আমার মুখের দিকে তাকিয়ে ছিল। কেউ কোনো কথা বলেনি। আমি বুঝতে পারছিলাম না, কী হচ্ছিল চারপাশে। কেউ একজন আমাকে বলল, বাস্তবতা মেনে নিতে হবে। আমি বললাম, কী বাস্তবতা? বিয়ের এক বছর পর কোন বাস্তবতার কথা বলছে সবাই? কী বোঝাতে চাচ্ছে আমাকে? এরপর একটা শূন্য ঘরে নিয়ে গেল আমাকে। দেখি সাদা কাপড়ে ঢাকা সেজান খুব আরাম করে ঘুমাচ্ছে। কোথাও কোনো দাগ নেই। রক্ত নেই। শান্তভাবে ঘুমাচ্ছে। এরপর, এরপর আমার আর কিছুই মনে নেই...।
এ দেশটা ওকে দিনাজপুর জিলা স্কুল, নটর ডেম কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিল। যখন দেশকে দেওয়ার সময়, তখনই ওকে আর সুযোগ দিল না। আচ্ছা এই দেশ তো হৃদয়ের অপচয় বোঝে না, জীবনের অপচয়ও কি বোঝে না? এত বছরের স্বপ্নের মজুত শুধু বাসের চাকায় পিষ্ট হয়? লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি আর অনিয়মতান্ত্রিক গতিসীমা আর কত মুনিয়া-সেজানের স্বপ্ন কেড়ে নিবে প্রতিদিন?
নিয়মিত রক্তদান করত সেজান, শেষ ২৩তম বার রক্তদান করেছেন। নটর ডেম মানবিক সংঘের সভাপতি যখন সে, ২০০ ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিল তখন। সেদিন সবাই বলছিল, এ জন্যই এত বড় দুর্ঘটনাতেও তোর একটু রক্তপাতও হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল আমাদের পরম আবেগের জায়গা। আমরা অসম্ভব বন্ধুপাগল ছিলাম। প্রতি বৃহস্পতিবার আমাদের বাসায় বন্ধুদের আড্ডা হতো। সবাই গান গাইত, কবিতা পড়ত, নাটক লিখত এবং বিতর্ক হতো। মনে হতো একখণ্ড জাহাঙ্গীরনগর আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি, মিছিল করেছি, সাইকেল চালিয়েছি, আলপনা এঁকেছি এবং মানববন্ধন করেছি হাতে হাত রেখে। খুব স্বল্পভাষী অসাধারণ একজন বন্ধু ছিল সেজান। বিয়ের পরও বন্ধুই ছিল। কখনো স্বামী হওয়ার চেষ্টা করেনি। বিয়ের ৭ দিন পর আমি ৪০ দিনের জন্য দেশের বাইরে প্রশিক্ষণে গিয়েছিলাম। অভিমান তো দূরের কথা, উৎসাহ দিয়ে বলল, ‘তুই অবশ্যই যাবি। তোকে অনেক দূর যেতে হবে।’
সেজানের প্রিয় শখ ছিল রান্না করা। ও যখন জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাবের সহসভাপতি, তখন সব বনভোজনে একাই রান্না করত। হলে মজার মজার খাবার রান্না করে তাক লাগিয়ে দিত সবাইকে। সবাই বলত ওর একটা রেস্টুরেন্ট দেওয়া উচিত। ও চাইত একটা রেস্টুরেন্ট দেবে। সেখানে গরিব বাচ্চারাও খেতে পারবে। পেশাগত জীবনে টিচ ফর বাংলাদেশের ফেলো ছিল। ফেলোশিপের অংশ হিসেবে দক্ষিণখানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াত। আমি নিজেও ফেলো ছিলাম বিগত দুই বছর। বাচ্চাদের জীবনের নানা সমস্যা, শ্রেণিকক্ষের মজার মজার ঘটনা আর বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা অনেক গল্প করতাম।
পরিবর্তনের স্বপ্ন দেখতাম। দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতাম। একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখতাম। কত সন্ধ্যা পার হলো ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা হারবে কিংবা নটর ডেম সেরা নাকি ভিকারুননিসা শ্রেষ্ঠ—এই বিতর্কে। মাঝেমধ্যে চা হাতে আমরা আমাদের ছোট চিলেকোঠায় বসতাম। আর ও গিটার বাজাত। গান গাইত। আমাদের হলুদের দিনে ও রাখি হাতে গিটার বাজাচ্ছিল। খুব আনন্দ হচ্ছিল আমার। আমার কবিতাগুলো এখন শব্দ হারায় উপযুক্ত শ্রোতার অনুপস্থিতিতে। ওর ক্লাসের বাচ্চারা প্রতিদিন তাদের সেজান স্যারকে মিস করে আর কাঁদে। এই নিষ্পাপ বাচ্চাগুলো স্বপ্নে দেখেছে তাদের স্যার ভালো আছেন।
এখনো প্রতিটা দিন সন্ধ্যায় মনে হয় এখনই কলবেল বাজবে। একসঙ্গে সন্ধ্যায় চা খাব। আর কলবেল বাজে না। হাতের চা ঠান্ডা হয়ে যায় অচেনা প্রতীক্ষায়। এখন আমার শুধুই মনে হয়, কষ্টও ভয়ংকর সুন্দর হয়। যে কষ্ট যত গভীর, সে কষ্ট তত সুন্দর। সেজান আমার সবচেয়ে সুন্দরতম কষ্ট।
লেখক: সড়ত দুর্ঘটনায় নিহত শাহরিয়ার সৌরভ সেজানের সহধর্মিণী।
(গত ১ জুলাই ঢাকার হোটেল র্যাডিসন ব্লুর কাছে বসুমতী নামে একটি যাত্রীবাহী বাস সেজানকে ধাক্কা দেয়। মোটরসাইকেল নিয়ে তিনি পড়ে গেলে বাসটি তাঁকে চাপা দেয়।)