বিয়ের পরে কি বন্ধু থাকবে না!
আরে, বিয়ের পরে কি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়? সব আড্ডা, মেলামেশা আর ঘোরাঘুরি বিয়ের আগেই শেষ। এমন কথা প্রায়ই শোনা যায়। স্বামীর মেয়ে-বন্ধুটিকে বা স্ত্রীর ছেলে-বন্ধুটির দিকে প্রথম সন্দেহের তিরটি যায়। ফলে তাঁদের সঙ্গেই আগে বন্ধুত্বটা করতে হবে। সহজ সম্পর্ক গড়ে তুলতে হবে। এক দিনে এমনটি হবে, তা নয়। কিন্তু সেই চেষ্টা থাকতে হবে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে সাদিয়া-ওমর দম্পতির। বিয়ের আগে তেমন একটা দেখা-সাক্ষাতেরও সুযোগ পাননি। পরস্পরকে জানতে, বুঝতে, নতুন পরিবেশে খাপ খাওয়াতেই কেটে গেছে ছয় মাস। এরই মধ্যে দুজনের মনোমালিন্য শুরু হয়েছে। ঝামেলার সূত্রপাত সাদিয়ার জন্মদিনে। সেখানে দুজনেরই বন্ধুরা এসেছিল। কিন্তু ওমরের বন্ধুদের খুব একটা পছন্দ হয়নি সাদিয়ার। এই নিয়ে শুরু হলো দুজনের মধ্যে খিটিমিটি। সমাধানে এগিয়ে এল ওদেরই এক বন্ধু। শুধু দুজনের বন্ধুদের নিয়ে একটা বনভোজনের আয়োজন করল। সারা দিন সবাই একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে যেন খানিকটা বুঝতে পারল। ওমরের সেদিনের বন্ধুদের বনভোজনের দিন আর আগের মতো খারাপ লাগেনি, বরং ওদের এখন ভালোই লাগে সাদিয়ার। জীবনের সব পরিস্থিতিতে বন্ধুদের প্রয়োজন। কিন্তু বিয়ের পরে জীবনের একটা নতুন দিক শুরু হয়। তখন আগের সেই বন্ধুত্ব কীভাবে টিকিয়ে রাখা যায়, সেটি ভেবে অনেকে চিন্তিত হয়ে পড়েন। এর সবচেয়ে সহজ উপায় হলো স্বামী-স্ত্রীর বন্ধুদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তবে বন্ধুদের দেওয়া সময়টুকু হয়তো খানিকটা রদবদল হতে হবে। চাইলেই আগের মতো সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ফেসবুকে কথা বলা কিংবা ফোনে কথা বলা সম্ভব নয়। আপনার জীবনে নতুন যে মানুষটি এসেছে, তাঁকে পর্যাপ্ত সময় দিতে হবে। পরস্পরকে জানার-বোঝার জন্যও তো সময় দরকার। তাই বলে বন্ধুদের বাদ দিতে হবে, তা নয়। ছুটির দিনে বা কাজের ঝামেলা কম থাকলে একটা আড্ডার আয়োজন করতে পারেন। শুরুতে বাড়িতেই পার্টি করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা বলেন, ‘পারস্পরিক সমঝোতা, আলোচনার মাধ্যমে ও মূল্যবোধের পরিবর্তন আনলে বিয়ের পরেও বন্ধুত্ব রাখা সম্ভব। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্কদের বন্ধুত্বের বিষয়টি খুব পরিষ্কার নয়। তাই বলে মানুষে মানুষে বন্ধুত্ব হওয়া থেমে থাকেনি। সবার আগে প্রয়োজন জীবনের কাকে কোন বিষয় প্রাধান্য দেবেন, সেটি ঠিক করা। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’অনেক সময় দেখা যায়, বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা আছে, ঠিক তখনই পরিবারে কোনো কাজে আটকা পড়লেন বা স্বামী কিংবা স্ত্রী চাইছেন, সেই সময়টুকু তাঁর জন্য বরাদ্দ থাকুক। এসব ক্ষেত্রে অবশ্যই পরিবারকে আগে গুরুত্ব দেবেন। তবে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করলে আগেই স্বামী বা স্ত্রীকে জানিয়ে রাখবেন। তাঁকে নিয়েও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতে পারেন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ হেলাল বলেন, ‘বিয়ের পরে নতুন করে সম্পর্ক তৈরি হয়। দায়িত্ব এসে পড়ে। ফলে বন্ধুদের দায়িত্ব যেমন থাকে, তেমনি জীবনসঙ্গীর দায়িত্ব আরও গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। তবে পরস্পরকে গুণগত সময় (কোয়ালিটি টাইম) দিতে হবে। তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব আরও জোরালো হবে।’