বীজ নেই তাই জুম চাষ বন্ধ বাঘাইহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমে দুই মণ (আট আড়ি) ধান চাষের জন্য জঙ্গল কেটেছিলেন গুচ্ছগ্রামের ভারত্যে চাকমা (৪৫)। কিন্তু তিনি এখনো জুম চাষ শুরু করতে পারেননি। কারণ তাঁর কাছে বীজধান নেই। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জুমের সব বীজধান পুড়ে গেছে। শুধু ধান নয়, পুড়ে গেছে শত শত মণ আদা, হলুদ, তিল, তুলাসহ শাকসবজি ও ফলের বীজ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ দেওয়া হলেও জুমচাষিদের বীজ দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেন না।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গুচ্ছগ্রামের ভারত্যে চাকমার মতো রেতকাবা ও গঙ্গারমুখ এলাকার হংস চাকমা, প্রিয়কান্তি চাকমা ও বিষু কুমার চাকমাও পড়েছেন একই সমস্যায়। জুমে বপনের মতো বীজ নেই, তাই জুমকাটা ও আগুন দেওয়া শেষ হলেও তাঁরা চাষে নামতে পারেননি। তাঁদের বীজও আগুনে পুড়ে গেছে। বাঘাইহাটের অধিকাংশ আদিবাসী পরিবার জুম চাষের ওপর নির্ভরশীল। বীজ না থাকায় তাঁরা জুম চাষ নিয়ে শঙ্কিত। তিন শতাধিক চাষি এখন হাত গুটিয়ে বসে আছেন। তাঁরা শঙ্কিত নিজেদের ভবিষ্যৎ নিয়েও।জানা গেছে, জুমচাষিরা প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে চাষের জন্য পাহাড় নির্বাচন করেন। পাহাড় কাটার পর গ্রীষ্মের প্রখর রোদে মাস দেড়েক শুকানো হয়। এরপর তাতে আগুন দেওয়া হয়। এরপর জুমিয়ারা বৃষ্টির অপেক্ষায় থাকেন। মার্চ-এপ্রিলে আগাম বৃষ্টি নামলে মাটি নরম হয়। তখন জুমে বীজ বপন করা হয়। কিন্তু এ বছর মে মাসেও বীজ বপন করতে পারেননি জুমিয়ারা। জুমচাষি চিত্তি কালা চাকমা (৩৫) জানান, ‘ধানের ও আদা-হলুদের বীজ কোথায় পাব জানি না। আমার স্বামী সংঘর্ষের ঘটনার আগে ১০ হাজার টাকা খরচ করে জঙ্গল কেটেছেন। এখন কী করব বুঝতে পারছি না।’ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু আদা-হলুদের বীজ দিয়ে থাকি। ধান ও ফলের বীজ জুমচাষিরা নিজেরাই সংগ্রহ করেন।’উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, জুমের বীজ বাজারে কিনতে পাওয়া যায় না। জুমিয়ারা সমস্যাটা আমাকে জানিয়েছেন। বীজ কিনতে তাঁদের উপজেলা পরিষদ থেকে কিছু অনুদান দেওয়া হবে।’