বীজতলা নষ্ট, আমনের চারা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার চাষিরা এবার আমন চাষ নিয়ে বিপাকে পড়েছেন। দুই দফা বন্যায় নষ্ট হয়ে গেছে বেশির ভাগ জমির বীজতলা। নতুন করে বীজতলা তৈরি করারও অবস্থা নেই। ফলে চারার সংকটে অনেকে চাষ বন্ধ রাখছেন।
চাষিরা জানান, ২০ আগস্ট দ্বিতীয় দফার পাহাড়ি ঢলের চাপে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৮টি ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে তিন উপজেলার সাত হাজার ২২৫ হেক্টর জমির রোপা আমন ও বীজতলার ক্ষতি হয়।
সরেজমিনে দেখা গেছে, ফুলগাজীর উত্তর ও দক্ষিণ দৌলতপুর এবং বৈরাগপুর গ্রামে ক্ষতিগ্রস্ত আমনের খেতে পচে যাওয়া চারা পড়ে আছে। কোনো স্থানে বীজতলা নেই। একই অবস্থা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার কমপক্ষে আরও ৩০ গ্রামের। সবখানেই ক্ষতিগ্রস্ত আমনের খেত।
উত্তর দৌলতপুর গ্রামের কৃষক মোহাম্মদ সাদেক বলেন, সাড়ে তিন একর জমিতে দুই দফায় আমনের চারা লাগিয়েছিলাম। দুবারই নষ্ট হয়ে গেছে। এবার আর চাষ করা সম্ভব হবে না।
ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের কৃষক মো. শহীদ উল্লাহ জানান, তিনি প্রায় চার একর জমিতে রোপা আমন লাগিয়েছিলেন। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে। নতুন করে লাগানোর চারা নেই। এবার আর চাষ করতে পারবেন কি না এ নিয়ে দুশ্চিন্তায় আছেন।
ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ আহমেদ বলেন, এখানকার প্রায় ৪০০ হেক্টর জমিতে এবার চাষ হবে না। যেহেতু আমনের বীজতলা তৈরি করে নতুন করে চাষের সময় নেই, তাই চাষিদের আগাম রবিশস্য লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনী পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারে এক একর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। এখান থেকে তিন উপজেলায় চাষিদের চারা দেওয়া সম্ভব হবে না। ফলে স্থানীয়ভাবে চারা সংগ্রহ করতে না পারলে অনেক জমি হয়তো খালি থাকবে। দ্বিতীয় দফার বন্যায় পরশুরামে ৩ হাজার ৩৫, ফুলগাজীতে ১ হাজার ৮০০ ও ছাগলনাইয়ায় ২ হাজার ৩৯০ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, যাঁরা ব্রি ৫১ ও ব্রি ৫২ ধানের চারা লাগিয়েছেন, তাঁদের ক্ষতি কিছুটা কম হবে। কারণ, এ ধানের চারা ১০ থেকে ১৫ দিন পানির নিচে থাকলেও সহজে নষ্ট হয় না। কৃষি বিভাগ থেকে বন্যাপ্রবণ এলাকার কৃষকদের এ জাতের ধান লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। এখন রোপা আমন লাগানোর শেষ মুহূর্তে যদি কৃষকেরা চারা সংগ্রহ করতে না পারেন তাহলে অন্য ফসল লাগানোর চেষ্টা করবেন।