২০১১ সালের ৩ ডিসেম্বর ছুটির দিনের মূল রচনা ছিল ‘শাহজাহানের খোঁজে’। শাহজাহানকে খুঁজছিলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) অশোক ভার্মা। তাঁর দেখা পেয়েছিলেন ১৯৭১ সালে, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। শাহজাহান নামের ওই মুক্তিযোদ্ধার বয়স তখন কত ছিল? ১৮ কি ১৯ হবে। বয়সে কাঁচা হলে কী হবে; যুদ্ধের ময়দানে মুনশিয়ানা দেখিয়ে অশোকের নজর কেড়েছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান। অতঃপর বাংলাদেশ নামের এক রাষ্ট্রের জন্ম। মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করতে আসা অশোক ফিরে গেলেন ভারতে। রেখে গেলেন অনেক স্মৃতি আর এক পুত্রতুল্য অকুতোভয় মুক্তিযোদ্ধা শাহজাহানকে। তার পর থেকেই শাহজাহানকে খুঁজে ফেরা।আগের কথা বলি, দেশে ফিরেও শাহজাহানের কথা কিছুতেই ভুলতে পারলেন না অশোক। বিষয়টি জানার পর ২০০৮ সালের ১৬ এপ্রিলে প্রথম আলোয় ছাপা হয় একটি খোলা চিঠি, ‘শাহজাহান কি শুনতে পাচ্ছেন?’ শিরোনামে। চিঠির লেখক ছিলেন সৈয়দ রুহুল আমীন। কিন্তু চিঠির উত্তর যে এল না! হঠাৎ একদিন একটা খবর নিয়ে এলেন মেজর জেনারেল (অব.) সায়ীদ আহমদ। মুক্তিযুদ্ধের সময় মুকুন্দপুরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্ত এই মুক্তিযোদ্ধা জানালেন, শাহজাহান নন, শাহজামান নামের এক মুক্তিযোদ্ধার কথা জানেন তিনি। পুরো নাম শাহজামান মজুমদার। বীর প্রতীক খেতাবও পেয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় অশোক ভার্মার দলে ছিলেন এই মুক্তিযোদ্ধা।এরপর ঘটনা এগিয়ে চলল দ্রুতই। ২০১১ সালের ১৯ নভেম্বর মুকুন্দপুর মুক্ত দিবসে মুক্তি ও মিত্রবাহিনীর আনন্দ পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে আসেন অশোক। আর তখনই তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয় বীর প্রতীক শাহজামান মজুমদারকে। মুক্তিযুদ্ধের ময়দানে যে শাহজাহানকে অশোক দেখেছিলেন, ৪১ বছর পর তাঁর চেহারাটা কি আর ততটা মনে থাকে বৃদ্ধ অশোকের? ছিলও না, কিন্তু কথাবার্তা বলে তাঁর মনে হলো, শাহজাহান নন, এই শাহজামানই তাঁর সেই পুত্রতুল্য মুক্তিযোদ্ধা। সুদীর্ঘ দিনের পর শাহজামানকে চোখের সামনে দেখে স্বভাবতই আবেগাপ্লুত ছিলেন অশোক। ধরে আসা কণ্ঠে বলেছিলেন, ‘আমার আর চাওয়ার কিছু নেই! আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি!’সত্যিকারের গল্পটি এখানেই শেষ নয়। দুই অসম বয়সী মুক্তিযোদ্ধার এই মিলনদৃশ্য যখন আমরা ছুটির দিনের মূল রচনায় নিয়ে এলাম, তার কিছুদিন বাদেই একটি চিঠি এল আমাদের হাতে। চিঠির প্রেরক মো. শাহ্ আলম। তাঁর বক্তব্য, ‘আসলে অশোক ভার্মা যে শাহজাহানকে খুঁজছিলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের মরহুম আলী আকবর সাহেবের তৃতীয় পুত্র।’চিঠির প্রেরক মো. শাহ্ আলম মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার বড় ভাই এবং শাহজাহান মিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন ১৯৭৬ সালের ১৯ নভেম্বর। মুক্তিযুদ্ধের পর শাহজাহান মিয়া যোগ দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। বড় ভাই শাহ্ আলম স্মৃতির ঝাঁপি খুলে ধরেছিলেন আমাদের সামনে, ‘মুক্তিযুদ্ধ থেকে ফিরে শাহজাহান আমাদের বলেছিল, অশোক ভার্মা তাঁকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলতেন। একটা চিঠিও লিখেছিলেন অশোক। খুব পছন্দ করতেন আমার ছোট ভাইকে। শাহজাহান বলেছিল, ভারতে ফিরে যাওয়ার সময় অশোক ভার্মার চোখে ছিল জল। তাই শাহজাহানও কখনো অশোককে ভুলতে পারেনি। আমরা তাকে চিকিৎসক বানাতে চেয়েছিলাম। অশোকের কথামতো সেনাবাহিনীতেই নাম লিখিয়েছিল সে।’শাহ্ আলমের চিঠি পেয়ে আমরা আবার বিষয়টি নিয়ে যাই সৈয়দ রুহুল আমীনের কাছে। কেননা, তিনিই এ বিষয়টি নিয়ে লেগে ছিলেন দিনের পর দিন। রুহুলও দেরি না করে শাহ্ আলমের চিঠি ও শাহজাহানের ছবি পাঠান অশোকের কাছে। অশোক ভার্মা সব দেখে বলেছিলেন, ‘শাহজামানকে আমি পুত্র হিসেবে মেনে নিয়েছি। শুধু এতটুকুই বলতে পারি, এ দুই মুক্তিযোদ্ধাই আমার পুত্রতুল্য। দুজনকেই আমি রণাঙ্গনে পেয়েছি। তাদের দুজনের জন্যই ভালোবাসা।’আমরা অশোক ভার্মার বক্তব্য জানাই শাহ্ আলমকে। তিনিও বিষয়টি উপলব্ধি করেন। মুক্তিযোদ্ধা শাহজাহান যে এখন কেবলই স্মৃতি। অশোক যখন গত বছর ঢাকায় এসেছিলেন, তখন বলেছিলেন, ‘ছেলেটা ছিল দারুণ চটপটে। বাংলা, ইংরেজি, হিন্দি কিংবা ঊর্দু—সব ভাষাতেই ছিল সমান দখল। রণাঙ্গনেও ছিল সমান পটু। এলাকাটা সে চিনত হাতের তালুর মতো। আমরা যখন অপারেশনে যেতাম, তখন সে-সহ আরও কয়েকজন আমাদের গাইড হিসেবে কাজ করত। তখনই তার মাঝে তেজোদ্দীপ্ততা দেখেছিলাম। একটা কিশোরের বুকে কী পরিমাণ সাহস, কী পরিমাণ দেশপ্রেম! তাকে দেখে আমি দারুণ আলোড়িত হয়েছিলাম। তাকে দেখলেই মনে হতো, আমার ছেলে দাঁড়িয়ে আছে সামনে।’শাহজাহানও একই কথা বলতেন পরিবারের কাছে। অশোক ভার্মার দেওয়া একটা অটোগ্রাফও আগলে রেখেছিলেন যত্ন করে। প্রাচীন ঘ্রাণওয়ালা সেই অটোগ্রাফের পাতা ওল্টাতে ওল্টাতে নীল পাতায় দেওয়া অশোকের সইটা আমরা দেখি। সেখানে লেখা—‘টু মাই ব্রেভ ফ্রেন্ড উইথ ফন্ড রিগার্ডস’। দেখি শাহজাহানের ছবি। তারুণ্যে ভরপুর একজন মানুষ। যিনি কিশোর বয়সে দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়েছিলেন মরণপণ যুদ্ধে। যুদ্ধের পরও কাজ করেছেন দেশের জন্য। অশোকের মতো আমরাও বলি, ‘মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার জন্য ভালোবাসা।’শাহজাহান ও শাহজামান—দুই অকুতোভয় কিশোর মুক্তিযোদ্ধা। দুজনের প্রতিই অশোক ভার্মার ভালোবাসা সীমাহীন। এই লেখার মাধ্যমে আমরা অশোক ভার্মা, শাহজাহান ও শাহজামানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।