বীর মুক্তিযোদ্ধা হেরে যাবেন জীবনযুদ্ধে!
মুক্তিযুদ্ধে বীরবিক্রম উপাধি পেলেও জীবনের লড়াইয়ে হারতে বসেছেন বান্দরবানের ইউ কে চিং মারমা (উক্যচিং মারমা)। প্রবীণ এই মুক্তিযোদ্ধা বর্তমানে সীমাহীন অর্থকষ্টে দিনযাপন করছেন। সামান্য অবসরভাতা ছাড়া তাঁর আয়ের কোনো উৎস নেই। বিজিবির সাবেক নায়েক সুবেদার ও ১১ নম্বর সেক্টরের যোদ্ধা ইউ কে চিংয়ের ছেলেমেয়েরাও কেউ প্রতিষ্ঠিত নন। এ অবস্থায় নিজের সংসারের ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। বান্দরবান শহরের লাঙ্গিপাড়ার বাসিন্দা ইউ কে চিং মারমা পার্বত্য চট্টগ্রামের একমাত্র আদিবাসী বীরবিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বান্দরবানে বীরবিক্রম নামেই তিনি পরিচিত। লাঙ্গিপাড়ায় জেলা পরিষদের তৈরি করে দেওয়া আধাপাকা একটি বাড়িতে থাকেন তিনি। গত শুক্রবার তাঁর বাড়িতে গেলে চোখে পড়ে অভাব-অনটনের চিহ্ন। বাড়িতে আসবাবপত্র নেই বললেই চলে। ইউ কে চিংয়ের ছেলে বাবলু মারমা বলেন, ‘আমাদের আয়ের কোনো উৎস নেই। আগে কিছু পাহাড়ি জমি ছিল। সেগুলোও বিক্রি করে দিয়েছেন বাবা। বয়সের ভারে ভারাক্রান্ত বাবা কাজকর্ম করতে পারেন না।’ ৭৮ বছর বয়সী ইউ কে চিং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। ১৯৫২ সালে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন। ১৯৭১ সালে রংপুরের পাটগ্রাম সীমান্তচৌকিতে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। লালমনিরহাট, চৌধুরীহাট, ভূরুঙ্গামারিসহ বিভিন্ন স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধের স্মৃতিচারণা করতে ভালোবাসেন ইউ কে চিং। বললেন, ‘ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ভূরুঙ্গামারিতে মাঠ পরিদর্শনে এসেছিলেন। আদিবাসীরা ফাঁদ পেতে যেভাবে শিকার ধরে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সে কৌশল ব্যবহার করেছিলাম আমি। যুদ্ধের এই কৌশল দেখে অভিভূত হয়েছিলেন অরোরা।’ ইউ কে চিং আর্থসংকট নিয়ে বিচলিত নন। তাঁর কথা, মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেনি।এত সমস্যার মধ্যেও দেশ নিয়ে ভাবনা ছাড়েননি। শাহবাগের গণজাগরণের ঢেউ নাড়া দিয়েছে তাঁকেও। তরুণদের স্বাগত জানান তিনি। তাঁর বিশ্বাস, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ নতুন প্রজন্ম শেষ করবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলা সম্ভব হলে সন্ত্রাস, হানাহানি থাকবে না।