বীরত্বসূচক পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরত্বসূচক পদক
বীরত্বসূচক পদক

সশস্ত্র বাহিনীতে বীরত্বসূচক পদক বহুল প্রচলিত। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যেকোনো ধরনের বীরত্বসূচক পদকই গৌরবের বিষয় হিসেবে পরিগণিত। পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখে বীরত্বসূচক পদকের মাধ্যমে। দেশের হয়ে যুদ্ধ করা ও অন্যান্য অবদানের জন্য বেসামরিক নাগরিকদেরও বিভিন্ন ধরনের বীরত্বসূচক পদকে সম্মানিত করা হয়। বাংলাদেশে সামরিক ও বেসামরিক নাগরিকদের জন্য ‘বীরশ্রেষ্ঠ’, ‘বীর উত্তম’, ‘বীর বিক্রম’ ও ‘বীর প্রতীক’—এই চারটি সম্মানসূচক পদকের প্রচলন রয়েছে। দেশের স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সাধারণত এই চারটি পদক দেওয়া হয়েছে। স্বাধীনতাযুদ্ধের পরেও বিভিন্ন সময়ে বীরত্বপূর্ণ অবদানের জন্য সামরিক বাহিনীর সদস্যদের এ ধরনের পদকে ভূষিত করা হয়েছে।
এ ধরনের বীরত্বসূচক পদকের চল কিন্তু ছিল প্রাচীনকাল থেকেই। প্রাচীন মিসরে প্রথমবারের মতো এ ধরনের পদক প্রথম দেওয়া হয়েছিল খ্রিষ্টপূর্ব সেই দ্বিতীয় শতকে। তখন মিসরের সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন বীরত্বপূর্ণ অবদানের জন্য এই পদক দেওয়া হতো। মিসরীয় ফারাওরা সাধারণত নিজ হাতে সেনাবাহিনীর সদস্যদের এই পদক পরিয়ে দিতেন। ওই সময়ে এ ধরনের পদকপ্রাপ্তরা সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধাও পেতেন। প্রাচীন মিসরে যাঁরা এই পদক পেতেন, তাঁরা সামাজিকভাবেও হতেন দারুণ সম্মানিত।
 দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল