বীরত্বের বাতিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। ছবি: খালেদ সরকার
রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। ছবি: খালেদ সরকার

অভ্যর্থনাকক্ষে যখন ঢুকলাম, ঘড়িতে বেলা দেড়টা। অভ্যর্থনাকারী জানালেন, এখন বিরতির সময়। জাদুঘরের দরজা আবার খুলবে বেলা দুইটায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক নিয়েই ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত এই চেতনার বাতিঘর ঘুরে দেখতেই গত ২৭ ফেব্রুয়ারি সেখানে যাওয়া। আধঘণ্টা পর টিকিট হাতে পা বাড়াই জাদুঘরের সদর দরজার দিকে।

আলোকচিত্র ও পোস্টারে দেওয়া তথ্যে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনী
আলোকচিত্র ও পোস্টারে দেওয়া তথ্যে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনী

বঙ্গবন্ধু গ্যালারি
আপনা-আপনি খুলে গেল জাদুঘরের কাচের তৈরি স্বয়ংক্রিয় দরজাটি। ভেতরে ঢুকেই প্রথমে বঙ্গবন্ধু গ্যালারি। বাঁ দিক থেকে শুরু হয়েছে প্রদর্শনী। আলোকচিত্র ও পোস্টারে দেওয়া তথ্যে এক লহমায় জানা যায় বাঙালি জাতির এই মহান নেতা সম্পর্কে। কয়েক কদম এগোলেই রয়েছে একটি অডিও ভিজ্যুয়ালকক্ষ। এখানে দেখানো হয় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ১৯৭৫ সালে পুলিশ সপ্তাহে দেওয়া জাতির জনক বঙ্গবন্ধুর বক্তৃতা। ডান পাশে রয়েছে গ্রন্থাগার। সংবাদকর্মী পরিচয় জেনে জাদুঘরের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল ইসলাম এগিয়ে এলেন। তিনিই বলেন, গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলো রয়েছে। সে গ্রন্থাগারের পাশের কক্ষে গিফট শপ। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকাশনা ও স্মারক পাওয়া যায় এখানে।

পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে এসেছিল শিক্ষার্থীদের এই দলটি
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে এসেছিল শিক্ষার্থীদের এই দলটি

মুক্তিযুদ্ধের জিয়নকাঠি
বঙ্গবন্ধু গ্যালারির ঠিক মাঝখানে গোলাকার জায়গা দিয়েই রয়েছে নিচে নামার সিঁড়ি। মুক্তিযুদ্ধের মূল প্রদর্শনীর জন্য সিঁড়ি ভেঙে যেতে হয় ভূগর্ভে। এখানেও প্রদর্শনী শুরু বাঁ থেকে, শুরুতে রয়েছে একটি ‘লেটার ডিস্ট্রিবিউশন বক্স’। ১৮৬৩ সালে তৈরি চিঠি ও দলিল বিতরণের এই বক্স পুলিশের ঐতিহ্যের অংশ। ১৯৭১ সালেও ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যবহৃত হয়েছে এটি।
এরপরই শুরু হয়েছে পুলিশের বিবর্তনের ইতিহাস। ছবি ও লেখায় তুলে ধরা হয়েছে সুলতানি আমল, মোগল আমল, ব্রিটিশ আমল হয়ে আধুনিক পুলিশের ইতিবৃত্ত। এর মধ্যেই চোখ আটকে যায় কাচঘেরা শেলফে রাখা .৩৮ বোর রিভলবারটি। এ অস্ত্রটি ব্রিটিশবিরোধী বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের। ব্রিটিশ পুলিশের হাত হয়ে এটি এখন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে। একদম সামনেই দেশভাগ নিয়ে দ্য স্টেটমেন্ট ও যুগান্তর পত্রিকার দুটি খবরের কাটিং—জানান দিল পাকিস্তান সৃষ্টির।
এরপর পূর্ব পাকিস্তানে রাজনৈতিক টানাপোড়েন ও আন্দোলন-সংগ্রামে পুলিশের ভূমিকার বর্ণনা রয়েছে আলোকচিত্রে। সামনে এগোতে থাকলে জাদুঘরের প্রতিটি স্মারক, আলোকচিত্র ও পোস্টারই আলাদা করে দাঁড়িয়ে দেখার মতো। মনে হবে এর প্রতিটিই ইতিহাসের এক অমূল্য স্মারক। যেগুলোর তথ্য ও তাৎপর্য আপনাকে ভাবিয়ে তুলবে। সময়ের পরিক্রমায় চলে আসে মুক্তিযুদ্ধ।

পুলিশ সদস্যরাও অনুপ্রেরণা খুঁজে পান জাদুঘরে
পুলিশ সদস্যরাও অনুপ্রেরণা খুঁজে পান জাদুঘরে

গোড়াপত্তনের গল্প
জাদুঘর প্রতিষ্ঠার পেছনের গল্প শুনতেই কথা বলি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠা কমিটির সদস্যসচিব আবিদা সুলতানার সঙ্গে। ২৮ ফেব্রুয়ারি মুঠোফোনে তিনি বলেন, ‘পুরো উদ্যোগের পেছনে রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান। তিনিই প্রথম এমন একটি জাদুঘরের কথা আমাদের সবার সামনে এনেছিলেন।’
২০১২ সাল থেকে জাদুঘর প্রতিষ্ঠার কাজে যুক্ত হয়েছেন আবিদা সুলতানা। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী ইন্সপেক্টর জেনারেল (এআইজি) পদে দায়িত্ব পালন করছেন। তাঁর কাছে জানা গেল, নানা চড়াই-উতরাই পেরিয়ে জাদুঘর আলোর মুখ দেখে ২০১৩ সালে। ওই বছরের ২৪ মার্চ পুলিশ টেলিকম ভবনের নিচতলায় উদ্বোধন করা হয় জাদুঘরের। তারপর বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় বাড়তে থাকে সংগ্রহের পরিমাণ। এ বছরের ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন নতুন জাদুঘর।

মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সার্চ লাইট, মর্টারশেল ও গুলি
মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সার্চ লাইট, মর্টারশেল ও গুলি

সদা শ্রদ্ধাবনত
জাদুঘরের স্থাপত্যশৈলী দেখলে আগ্রহ জাগে এর নির্মাণের গল্পটি শোনার। সে গল্পই জানা গেল আবিদা সুলতানার কাছে, ‘স্থপতি মীর আল-আমিন প্রথম যখন আমাদের নকশা দেখান, তিনি বলেছিলেন জাদুঘরটি যেহেতু পুলিশ স্মৃতিসৌধের পাশেই করা হচ্ছে, তাই সেটা যেন উচ্চতায় স্মৃতিসৌধকে ছাপিয়ে না যায়। সেটা মাথায় নিয়েই তিনি জাদুঘরের এমন নকশা করেছেন। দেখে যেন মনে হয় জাদুঘরটি স্মৃতিসৌধের সামনে বিনম্র শ্রদ্ধায় নত হয়ে আছে।’

সবার জন্য উন্মুক্ত
সেদিন কথা হয়েছিল খিলগাঁওয়ের কলেজ শিক্ষার্থী মেরাজ হাসান ও মুনিয়া হেসেনের সঙ্গে। মুনিয়া দ্বিতীয়বারে মতো এসেছিলেন। তিনি বলেন, ‘বইয়ে পড়ে অনেক কিছুই জেনেছি। কিন্তু এখানে মুক্তিযুদ্ধ জীবন্ত। অনুভব করা যায়।’ তাঁদের মতো প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এই জাদুঘরে আসেন।
সপ্তাহের বুধবার বাদে প্রতিদিন সকাল ১০টায় জাদুঘরের দরজা খোলা হয়। সবার জন্য উন্মুক্ত এই জাদুঘর মার্চ থেকে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা রাখা হয় বিকেল পাঁচটা পর্যন্ত। এর মধ্যে বেলা একটায় বন্ধ থাকে এক ঘণ্টার জন্য। জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা।

মহান মুক্তিযুদ্ধের সময়কার কিছু সংগ্রহ

পাগলা ঘণ্টা
পাগলা ঘণ্টা

পাগলা ঘণ্টা
পাকা লোহার একটা দণ্ড—এটাই পাগলা ঘণ্টা। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর পুলিশ লাইনস আক্রমণের মুহূর্তে এই পাগলা ঘণ্টা বাজিয়ে পুলিশ সদস্যদের একত্র করে প্রতিরোধের আহ্বান জানানো হয়। সেখানে ঝুলিয়ে দেওয়া তথ্যে বলা হয়েছে, পাগলা ঘণ্টার আওয়াজ শুনে রাজারবাগের পুলিশ সদস্যরা সালামি গার্ডের পাশে জড়ো হন এবং অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রতিরোধ গড়তে অবস্থান নেন। পাগলা ঘণ্টা বাজানোর কাজটি করেছিলেন পুলিশ সদস্য আবদুল আলী।

হেলিকপ্টার ব্যাজ বেতারযন্ত্র
হেলিকপ্টার ব্যাজ বেতারযন্ত্র

বেতারযন্ত্র
রাজারবাগ পুলিশ লাইনসের পাকিস্তানি বাহিনীর আক্রমণের খবর পাঠানো হয় কন্ট্রোল রুমে রাখা এই বেতারযন্ত্রের মাধ্যমে। রাত সাড়ে ১১টার দিকে ‘হেলিকপ্টার ব্যাজ’ মডেলের একটি বেতারযন্ত্র থেকে এই বার্তাটি পাঠান সে সময়ের বেতার অপারেটর মো. শাহজাহান মিয়া।

হাসপাতালের বেঞ্চ দুটি
হাসপাতালের বেঞ্চ দুটি

স্মৃতির বেঞ্চ
পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী আহত দুই পুলিশ সদস্যকে নেওয়া হয় মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির হাসপাতালে। সে মুহূর্তে হাসপাতালে কোনো শয্যা ছিল না। তাঁদের দুজনকে এ দুটি বেঞ্চের ওপর রেখেই চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে অজ্ঞাত ওই দুই পুলিশ সদস্য সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।

থ্রি নট থ্রি রাইফেল
সেই কালরাতে পুলিশ সদস্যদের হাতে ছিল থ্রি নট থ্রি রাইফেল। পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে এই অস্ত্র দিয়েই লড়েছিলেন বাঙালি পুলিশ সদস্যরা।

শহীদ ফয়জুর রহমান আহমেদের ব্যবহৃত রেডিও ও ডায়েরি
শহীদ ফয়জুর রহমান আহমেদের ব্যবহৃত রেডিও ও ডায়েরি

রাবেয়ার ভাষ্য
সে সময় রাজারবাগে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন রাবেয়া নামে এক নারী। ২৫ মার্চের পর তাঁর ওপর নেমে এসেছিল পাকিস্তানি বাহিনীর পাশবিক নির্যাতন। তিনি প্রাণে বেঁচে যান। তবে বন্দী অবস্থায় থেকে নয় মাস ধরে সহ্য করেছেন রাজারবাগে ধরে আনা নারীদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস ঘটনাবলি। সেসব করুণ কথা রাবেয়ার ভাষ্যে লিপিবদ্ধ হয়েছে স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র–এর অষ্টম খণ্ডে। এই নোটবুকে সেটাই হুবহু তুলে দেওয়া হয়েছে।

একজন শহীদ পুলিশ কর্মকর্তার ইউনিফর্ম
একজন শহীদ পুলিশ কর্মকর্তার ইউনিফর্ম

বীরদের স্মারক
মুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যদের ব্যবহৃত রাইফেল, বন্দুক, মর্টার শেল, হাতব্যাগ, টুপি, চশমা, মানিব্যাগ, অণুবীক্ষণযন্ত্র, সার্চলাইট, ট্রাংক ও ইউনিফর্ম রাখা হয়েছে। দেয়ালজুড়ে সেঁটে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের যুদ্ধের সময়ের ডায়েরি, হাতে লেখা বিভিন্ন বার্তা, আলোকচিত্র ও পোস্টার। এর মধ্যেই পাওয়া যাবে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তাদের ব্যবহৃত নানা জিনিস। সেসব স্মারকের তালিকায় রয়েছে তৎকালীন পিরোজপুর মহকুমার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার শহীদ ফয়জুর রহমান আহমেদের ব্যবহৃত রেডিও ও ডায়েরি। শহীদ ফয়জুর রহমান আহমেদ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও লেখক মুহম্মদ জাফর ইকবালের বাবা।