বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের কথা ভোলেনি রাঙামাটিবাসী
২০ এপ্রিল ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের চিংড়ি খালের পাশে মুক্তিবাহিনীর সদস্য ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ শহীদ হন। তখন কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে খাল বেশ ছোট হয়ে এসেছে। মুক্তিবাহিনীর সদস্যরা কমতলীপাড়ার পাশের চিংড়ি খালে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের প্রস্তুতি নেন। ওই সময় রেজিমেন্টের ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ প্রতিরক্ষায় নিয়োজিত কোম্পানির মেশিনগানার হিসেবে প্রহরারত ছিলেন। ২০ এপ্রিল পাকস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা রাঙামাটি-মহালছড়ি নৌপথে চিংড়ি খালের মুক্তিবাহিনীর প্রতিরক্ষা এলাকায় ঢুকে পড়েন। আর মুক্তিবাহিনীকে দেখামাত্র তিন ইঞ্চি মর্টারের গোলা নিক্ষেপ করতে থাকেন। এ ছাড়া অন্যান্য অত্যাধুনিক অস্ত্র দিয়ে অবিরাম গুলিবর্ষণ করতে থাকেন।এ সময় মুক্তিবাহিনীর সদস্যরা বিক্ষিপ্ত হয়ে যায়। তবে একমাত্র মুন্সি আবদুর রউফ নিজের অবস্থানে থেকে মেশিনগান দিয়ে শত্রুর ওপর গোলাবর্ষণ অব্যাহত রেখে অন্যদের পেছনে সরে যেতে সহযোগিতা করেন। তাঁর গোলার আঘাতে শত্রুর দুটি লঞ্চ ও একটি স্পিডবোট ডুবে যায়। এতে শত্রুর এক প্লাটুন সৈন্য বিধ্বস্ত হয়ে যায়। এ সময় অক্ষত নৌযানগুলোতে থাকা হানাদাররা পেছনে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু ওই সময় হানাদারদের ছোড়া একটি মর্টারের গোলা এসে পড়লে মুন্সি আবদুর রউফ শহীদ হন। তবে তাঁর বীরত্বের কারণে শত্রু সৈন্যরা আর মুক্তিবাহিনীর মূল প্রতিরক্ষাকেন্দ্রের দিকে অগ্রসর হতে পারেননি।২৫ বছর পর স্বাধীনতার পর ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হলেও তাঁর শাহাদতবরণের স্থান ছিল অজ্ঞাত। পরবর্তীকালে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলামের নির্দেশে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) রাঙামাটি সদর সেক্টরের পক্ষ থেকে মুন্সি আবদুর রউফের শাহাদতবরণের স্থানটি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পরে কমতলীপাড়ার এক আদিবাসীর সহায়তায় বিডিআর স্থানটি খুঁজে পায়। সে সময় ওই আদিবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধের এক দিন পর তিনি সেখানে গিয়ে মুন্সি আবদুর রউফের মৃতদেহ দেখতে পান। পরে একজন মুক্তিযোদ্ধাকে তাঁর পক্ষে যতটুকু সম্মান দিয়ে দাফন করা প্রয়োজন তা তিনি করেছিলেন। পরবর্তীকালে শাহাদতবরণের স্থানে মুন্সি আবদুর রউফের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ১৯৯৭ সালের ছাব্বিশে মার্চ রাঙামাটি জেলা পরিষদ ও বিডিআর রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মুন্সি আবদুর রউফের মা মুকিদুন্নেসার সঙ্গে ওই আদিবাসীর সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়।