বীরাঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। চারদিকে খান সেনাদের অত্যাচার, নির্যাতন চলছে। দেশের মাটিতে বাস করা তখন মহাবিপদের শামিল। আমরা চার বোন—তিনটি বোন বেশ বড়। বড়টি এসএসসি পরীক্ষার্থী। বাবা ছাড়া বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। মা ও তিনটি মেয়ের নিরাপত্তা পাওয়া তখন বেশ কঠিন ব্যাপার। আমাদের মফস্বল শহরের বাড়িটি চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের সঙ্গে বাইরে যাওয়ার দরজা। সব সময় ঘরে জানালা-দরজা বন্ধ করে থাকতে হতো। কখন খান সেনারা এসে হামলা চালায়, সেই আতঙ্কে।বাবার নির্দেশে চার বোনেরই স্কুলে যাওয়া বন্ধ। বাইরে থেকে কেউ ডাকলে পাঁচিলের দরজা না খোলার আদেশ ছিল। ভারতে চলে যাওয়া পরিবারগুলোর পরিত্যক্ত বাড়িঘর তখন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো কোনো বাড়িতে ঘরের ভেতরে সব জিনিসপত্র এক জায়গায় করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।চারদিকে থমথমে অবস্থা। এভাবে কয়েক দিন কাটল। ভয়ে কেউ ঘর থেকে বাইরে যায় না। আস্তে আস্তে ঘরের খাবার ফুরিয়ে আসছে। এতগুলো মানুষ, কীভাবে চলবে সংসার। মা আর বাবার চিন্তার শেষ নেই।রাতে আমরা চার বোন লেপের মধ্যে রেডিও নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতাম। খুব আস্তে করে, বাইরে যেন কোনোভাবে শব্দ না যায়। বাবার ঘুম ছিল না। প্রায় সারা রাত এ-ঘর থেকে ও-ঘরে পায়চারি করতেন। দিনের বেলা আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতাম, মা বাবাকে পাহারা দিতেন। যেন উনি জানতে না পারেন আমরা ‘চরম পত্র’ পাঠ শুনি। বাড়িতে জোরে কথা বলার উপায় ছিল না। ইশারায় একে অন্যকে ‘জয় বাংলা’ বলতাম। এগুলো করতাম মায়ের কারণে।মেয়েদের কারণে যেন কোনো বিপদ না হয়, সেদিকে মা সব সময় খেয়াল রাখতেন। মেয়েদের কোনো অপরাধ হলে বাবা ‘মা’কে দুষতেন। সব সময় আতঙ্ক, কখন পাকিস্তানি সেনারা দরজায় এসে ডাকাডাকি করে।আমাদের পাড়ায় একটা বিহারি পরিবার ছিল। তাদের মেয়েদের সঙ্গে আমরা খেলাধুলা করতাম, স্কুলে যেতাম। ওই পরিস্থিতিতে তাদের মেয়েরা এসে ওদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা বলল। ওদের সঙ্গে স্কুলে যেতে বাবার কোনো আপত্তি ছিল না। তবে খুব সাবধানতার সঙ্গে পথে বের হতে আদেশ দিলেন। বাবারও অফিসে যাওয়ার নির্দেশ এল। বাড়িতে তখন এতই খাবারের অভাব, তা আগে কখনো বুঝিনি। ছেলেমেয়েরা মায়ের কাছে খাবার চায়। মা কী করবেন ভেবে পান না। বাবাকে বলা মানে, তাঁকে বিপদে ফেলে দেওয়া।পাঁচিলের ও পাশে কাকিমাদের বাড়ি। কাকিমারা সবাই ভারতে চলে গেছেন। তাঁদের উঠানে কিছু কাঁচা লঙ্কা চাষ করা ছিল। মা কোনো উপায় না পেয়ে পাঁচিল টপকে কাঁচা লঙ্কা তুলে এনে আমাদের ভাতের সঙ্গে খেতে দিতেন। এভাবে খাওয়া আমাদের অভ্যাস ছিল না। মাকে চোখের পানি মুছতে দেখেছি। পাড়ার আর এক বাড়ি থেকে তাদের অনুমতি নিয়ে গোলার নিচে বীজ হিসেবে রাখা কচুরমুখী চেয়ে এনে অনেক দিন রান্না করে খেয়েছি আমরা।এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হঠাৎ আমার ফুফাতো ভাই, তিনজন বন্ধুসহ আমাদের বাড়িতে এসে হাজির। বাবা তাঁদের কোনোভাবেই থাকতে দেবেন না। নিজেদের বিপদ হতে পারে, এমন আশঙ্কায় তাঁদের চলে যেতে বললেন।সেদিন মা বিপদ হতে পারে ভেবেও বাবার সামনে দৃঢ়তার সঙ্গে বললেন, ‘ওরা রাতটুকু থাক। সকালে চলে যাবে। সুযোগ হলে সন্ধ্যার পরে যাবে।’ তাঁরা যে মুক্তিযোদ্ধা, এ কথা মা বাবাকে বললেন না। মা অতিথিদের আমাদের ঘরে ঘুমাতে দিলেন। আমাদের তাঁর ঘরে মেঝেতে বিছানা করে ঘুমাতে বললেন। প্রতিদিনের মতো লেপের মধ্যে রেডিও শুনছি, কীভাবে বাবার কানে শব্দ গেল রেডিওর। বাবা ভীষণ রেগে গিয়ে আমাদের সামনে মাকে বকাঝকা করলেন। কেন মা আমাদের প্রশ্রয় দেন, আমাদের নামে বাবাকে নালিশ করেন না, খান সেনারা জানতে পারলে আর কারও রক্ষা থাকবে না।পরদিন সকালে ঘুম থেকে উঠে অতিথিদের আর দেখতে পাইনি। মায়ের সহায়তায় তাঁরা গন্তব্যে পৌঁছে গেছেন। এর দুই দিন পর মা আমাকে একটা ছেলেদের হাফ প্যান্ট ও গেঞ্জি গায়ে দিতে বললেন। প্যান্টের পকেটে ছোট একটা কাগজ দিয়ে বললেন, নির্দিষ্ট একটি স্থানে কাগজটি রেখে আসতে। এভাবে আমি কয়েক দিন কাগজ রেখে এসেছি। মায়ের কড়া নিষেধ, কেউ যেন না জানে। একদিন বিকেলে মা বললেন, আজ রাতে মুক্তিসেনারা পাওয়ার হাউস উড়িয়ে দেবে। কাউকে বলতে বারণ করে দিলেন। সত্যি, রাতে ঘটনা ঘটল। শব্দ শুনে আমরা সবাই ‘মা’কে জড়িয়ে ধরে চিৎকার না দিয়েই ‘জয় বাংলা’ বলেছিলাম। আর আমার অতি সাবধানী বাবা কিছুই জানতে পারেননি।লুসি ফেরদৌসীসাতক্ষীরা।