তিন রাস্তার মোড়ে আমাদের ছেড়ে দিয়ে মুহূর্তে মিলিয়ে গেল বাসটা। পাক্কা ১০ ঘণ্টার ভ্রমণ। রাস্তা নাকি তিনটা, কিন্তু চোখে তো দেখি না একটাও। একে তো ঘুম ঘুম চোখ, তার ওপর কুয়াশার চাদরে ঢাকা চারদিক। সঙ্গী তিনজন, জ্যেষ্ঠ আলোকচিত্রী রাশেদ মাহমুদ, মুক্তিযোদ্ধা এস এম খালেকুজ্জামান ও মো. আবদুল মজিদ। মজিদ ভাই এত ঠান্ডা কেন? ‘ভারতের মেঘালয় কাছে তো, তাই।’ মজিদের উত্তর। রাখেন আপনার মেঘালয়। এখন আমরা যাব কীভাবে? মজিদ আমতা আমতা করেন—‘ভাই গাড়ি তো এখানে পৌঁছার কথা ভোর ছয়টা-সাতটায়। চালক ব্যাটা বুলেটের গতিতে এসে আমাদের বারোটা বাজিয়ে দিল।’ মুঠোফোনে সময় দেখে বললাম—ভাই এখন তো মাত্র পৌনে পাঁচটা। খালেক গোমর ফাঁস করেন—‘ভাই এই সময়ই তো আমাদের জন্য বারোটা। এখন তো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। যেতে হবে দেলদুয়ার উপজেলার মুশরিয়ায়। আমরা তো এখনো টাঙ্গাইল বাইপাসে।’ সড়কের পাশেই ছিল একটি বাস। চারজন ঝটপট উঠে পড়লাম। আহ! কী আরাম! কিছুক্ষণ অপেক্ষা করে ভোরের আলো ফুটলে গন্তব্যে যাওয়া যাবে।হায়! অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। পেছনের আসনে ঘুমাচ্ছিলেন বাসের সহযোগী। আমাদের হইচই শুনে তাঁর ঘুম ভাঙল, আর আমাদের ভাঙল কপাল। এই রাতবিরেতে অচেনা মানুষকে তাঁর গাড়িতে আশ্রয় দেবে কেন?কী উপায়? মজিদ বললেন, ‘হাফ কিলো হাঁটলেই টাঙ্গাইল বাসস্ট্যান্ড। চলুন হাঁটা শুরু করি।’ দুই কিলো হাঁটার পরও স্টেশনের দেখা নেই।হাঁটার আর শক্তি নেই। অবশেষে খোদা মুখ তুলে চাইলেন, সামনে এল একটি সিএনজি অটোরিকশা। সংকেত দিলাম। গাড়ি দাঁড়াল ২০০-৩০০ গজ দূরে গিয়ে। আমাদের ডাকাত ভাবল নাকি? ১০০ টাকার ভাড়া ২৫০ টাকায় চুক্তি হলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। আধঘণ্টা চলার পর গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলেন চালক। ‘ভাই সামনে বিরাট বিল, ডাকাতের ভয় আছে, সূর্য ওঠার আগে নড়তে পারব না।’ চালকের সাফ জবাব। সাতটার দিকে পৌঁছলাম মুশরিয়ায়। জেলা টাঙ্গাইল, উপজেলা দেলদুয়ার। একাত্তরের মুক্তিযুদ্ধের সাড়া জাগানো তিন কিশোর যোদ্ধা খালেক, মজিদ ও মজিবর রহমানের গ্রাম মুশরিয়া। খালেক চট্টগ্রাম শহরে আর মজিদ রাঙামাটিতে চাকরি করেন। মুজিবর থাকেন গ্রামে। তিনজনকে নিয়ে ফিচার করার উদ্দেশ্যে টাঙ্গাইল যাত্রা। ঘণ্টাখানেকের বিশ্রামের পরই বেরিয়ে পড়লাম, তিন যোদ্ধার সহযোদ্ধাদের খোঁজে। খুব বেশি দূরে যেতে হলো না, মজিদের বাড়ির কাছেই মাটি কাটছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। নাল্লাপাড়া বাজারে যাওয়ার পথে পাওয়া গেল কমান্ডার আজিম উদ্দিনের দোকান। জয়নাল মুন্সি ঘরেই ছিলেন। ৭১-এর কিশোর যোদ্ধা মজিদ-খালেক-মজিবরের সহযোদ্ধারা হালুয়াঘাট, ময়মনসিংহের শম্ভুগঞ্জ ও টাঙ্গাইলের ভয়ানক সেই যুদ্ধের স্মৃতিচারণ করলেন। তিন কিশোর যোদ্ধার বীরত্বের কথা বললেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরের রণাঙ্গন থেকে আলোকচিত্রী নাঈব উদ্দিন আহমেদ কীভাবে তিন কিশোর যোদ্ধার সেই ঐতিহাসিক ছবি তুলেছিলেন সেসব বর্ণনা করলেন খালেকদের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা শুকুর আহমদ। বড় গৌরবে মাথা উঁচু করে বলছেন তিনি, আর আমাদের ঘিরে ধরেছেন নাল্লাপাড়া বাজারের শখানেক মানুষ। কেউ কেউ বললেন, ‘আমাদের গ্রামে এত বড় বীর আছে আমরা তো জানতামই না।’ কেউ বললেন, ‘৩৮ বছরে কেউ খবর নিল না। এখন প্রথম আলো আইছে তাঁদের ফটো তুলতে। মজিবরকে তো দেখলাম সারা জীবন রিকশা চালাতে।’ শুনছি আর লিখছি। রাশেদ মাহমুদের ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ। দুপুরে তেলে ভাজা ভাত আর দেশি মুরগির ঝোল দিয়ে আপ্যায়ন করলেন মজিদ ভাবি।রাশেদ ভাইয়ের ইচ্ছে ভাবির জন্য জামদানি কিনবেন। আমার ইচ্ছা মজলুম জননেতা মাওলানা ভাসানীর সন্তোষে ঢু মারা। সময় আমাদের সে সুযোগ দেয় না। ফেরার সময় পোড়াবাড়ির চমচম খেয়ে জামদানি শাড়ির শোক ভুলে গেলেন রাশেদ ভাই।আমার আবার শোক কীসের? আমাকে তো কেউ বলেনি, ‘টাঙ্গাইল গিয়ে জামদানি ছাড়া ঘরে ফিরবে না।’