আইভরিকোস্টের গেরিলা-নিয়ন্ত্রিত অংশের রাজধানী বুআকে এসে যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। বিকেলের সোনালি রোদ এসে পড়েছে কৃষ্ণচূড়ার আগুন লাগা ডালে। নেতানো বিকেলটা হঠাৎ যেন যৌবন ফিরে পেয়ে ঝকমক করে উঠছে। বুআকের পথে-প্রান্তরে, পাহাড়ের ঢালে, খাঁজে সর্বত্রই আকাশছোঁয়া একেকটি বৃক্ষ হাত-পা ছেড়ে দাঁড়িয়ে আছে। মিশনের আঞ্চলিক সদর দপ্তর চত্বরের ভেতরেই বাংলাদেশ মিলিটারির সিগন্যাল কোম্পানির একটি ক্যাম্প আছে। ক্যাম্পপ্রধান মেজর মোজাক্কের আমাদের রিসিভ করার জন্য তাঁর দলবল নিয়ে এগিয়ে এলেন। মধ্যাহ্নভোজন আমরা সেরে এসেছি ইয়ামুসুক্রো থেকে। কাজেই খাওয়া-দাওয়ার তেমন কোনো ঝামেলা নেই। হাত-মুখ ধুয়ে মিনিট দশেকের একটি টি-ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম বুআক দর্শনে। এরই মধ্যে বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার অ্যাডিশনাল এসপি আশরাফ টেলিফোন করে ওর ওখানে নৈশভোজের নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ গ্রহণ করে আমাদের ক্লান্ত টয়োটা প্রাডো দুটোকে আবার স্টার্ট দিলাম। ছুটলাম উত্তরের দিকে। মোজাক্কেরের নেতৃত্বে আমরা এসে পৌঁছালাম একটি বিশাল খোলা বাজারের মতো জায়গায়। বড় বড় কয়েকটি আধা পাকা প্রশস্ত রাস্তা। দুপাশে শত শত দোকানের পসরা। এখানে অর্ধেক দামে সিগারেট, পারফিউম ও নানা রকমের জুতা পাওয়া যায়। কিছুদূর এগিয়ে দেখি একটি অংশে পুরোনো জুতা ও কাপড়ের বিরাট মার্কেট। খোঁজ নিয়ে জানলাম এর অধিকাংশই চোরাই মাল। মূলত এই সুবিশাল মার্কেটের পুরোটাই চলছে চোরাই মালামালের ওপর ভিত্তি করে। বারকিনা ফাসো থেকে এসব চোরাই মাল গেরিলা-নিয়ন্ত্রিত আইভরিকোস্টের বর্ডার দিয়ে ঢুকে পড়ছে। কোনো ট্যাক্স-ফ্যাক্সের বালাই নেই। এটাই কি তাহলে যুদ্ধের সময়ের একটি দেশের প্রকৃত চিত্র? কর্নেল খালেক দুই জোড়া জুতা কিনলেন, সবাই বেশ কয়েক কার্টন করে সিগারেট কিনে নিলেন। এত সস্তা, নিজে খাই বা না খাই বন্ধুদের উপহার দেওয়া যাবে। এ রকম একটি অভিব্যক্তি সবার চোখে-মুখে। আমি অবশ্য কিছুই কিনলাম না। এরপর মোজাক্কের আমাদের নিয়ে গেল আরও একটি বাজারে। ওখানে মূলত কুটিরশিল্প-সামগ্রী পাওয়া যায়। সন্ধ্যা হয়ে আসছে। জায়গাটা বেশ খোলা আর বিরান ভূমি। বাজারের একপাশে পাতা মোড়ানো ছোট্ট একটি ন্যাড়ামুণ্ডু গাছ দাঁড়িয়ে আছে। আশপাশে আর কোনো সবুজের চিহ্নমাত্রও নেই। সারা আইভরিকোস্টেই এমন শুষ্ক আর রুক্ষ স্থান আমি দেখিনি। একজন অশীতিপর বৃদ্ধ পাইথনের চামড়া ট্যান করছে। পাশে এক বৃদ্ধা রমণী, সম্ভবত বুড়োর স্ত্রী, কুমিরের চামড়ার ভেতরের অংশ থেকে কেটে কেটে কাঠ চাঁছার মতো করে চামড়ার গায়ে লেগে থাকা সাদা সাদা চর্বি এবং মাংস বের করছে। দুজন ছোকরা তখন দোকানের ভেতরে, একটি সরু কাঠের মধ্যে লাগিয়ে দুই হাতে দুইদিকে টেনে সাপের চামড়া মসৃণ করছে। দলের অন্যরা এ সময়ে সাপের এবং কুমিরের চামড়ার ব্যাগ, বেল্টসহ অন্যান্য হস্তশিল্পসামগ্রী কেনায় ব্যস্ত হয়ে উঠলেও আমি বুড়োটার পাশে বসে পড়লাম ভিন্ন কৌতূহল নিয়ে। প্রথমত, আইভরিকোস্টে বুড়ো মানুষ খুঁজে পাওয়া একটি বিরল ঘটনা। তার ওপর এই বুড়ো তৈরি করছে হিংস্র প্রাণীর চামড়া দিয়ে সুদৃশ্য, নয়নাভিরাম হস্তশিল্পসামগ্রী। শীর্ণকায়, পাঁচ ফুটেরও কম উচ্চতা, চিবুকে একগাছি দাড়ি, মাড়িতে কোনো দাঁত নেই বুড়োর। আর্থিক দৈন্যের চিত্রটি ওর উদোম গায়ে বেশ ভালো করেই ফুটে উঠেছে। এই মুসলিম বৃদ্ধের নাম আবুবকর। সাপ-কুমিরের চামড়া দিয়ে হস্তশিল্প তৈরি ওদের পারিবারিক পেশা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এই দোকানের কর্মচারী? বুড়ো তখন খেপে গেল। ওর ছোট্ট কালো বুকটি ফুলিয়ে জানাল, ও-ই শেফ, মানে মালিক। দোকানের বাকি কর্মীরা সবাই ওর পরিবারের সদস্য। যে দু-একটি ফরাসি বাক্য শিখেছি, তার একটি হলো কেল আজ এ তু? মানে, তোমার বয়স কত? বুড়ো জানাল ৭২ বছর। শুনে বিস্মিত না হয়ে পারলাম না। মাসিক আয় কত হয় জানতে চাইলেই বুড়ো একেবারে চিমসে গেল। একটি ফিকে হাসি ওর মুখে, ফোকলা দাঁতের ফাঁকে। খরচপাতি বাদ দিয়ে হাজার কুড়ি সিফা, মানে বাংলাদেশি টাকায় ২ হাজার টাকা। বন্য প্রাণী সংরক্ষণের কোনো আইন আইভরিকোস্টে আছে কি না জানি না। তবে দেশের সর্বত্রই সাপ-কুমিরসহ অন্যান্য বন্য প্রাণীর চামড়া, দাঁত, হাড় দিয়ে তৈরি শিল্পসামগ্রী পাওয়া যায়। হাতির দাঁতের সামগ্রীর জন্য তো আইভরিকোস্ট বিশ্বসেরা। এসব সামগ্রী যাঁরা তৈরি করেন সেসব শিল্পীও বেশ দক্ষ, ওঁদের কারুকাজ বেশ নিখুঁত। সেনেগাল, বারকিনা ফাসো, টগো, নিজার কিংবা মালি থেকে আসা মুসলমানরাই এই কাজগুলো করে। খাঁটি আইভোরিয়ানদের এ জাতীয় কাজ করতে তেমন একটা দেখা যায় না। সন্ধ্যার পরপরই আমরা আশরাফের এফপিইউ ক্যাম্পাসে পৌঁছে গেলাম। আশরাফ সাহেব আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তাঁর সুবিশাল ক্যাম্পাস দেখালেন। লালশাক, লাউ, করল্লা আর মুলা শাকের খেত দেখে আমরা আনন্দে আত্মহারা। কী আশ্চর্য, ১৩ হাজার কিলোমিটার দূরে বাংলার লাউ ঝুলছে আইভরিকোস্টের মাচায়। আমগাছগুলোতে আঙুরের থোকার মতো ঝুলে আছে নানা আকার ও আকৃতির আম। শত শত আম মাটিতে পড়ে বিছিয়ে আছে, ছোঁয়ারও লোক নেই। আইভরিকোস্টে বারো মাসই আম হয়। আমের ভারে পথের ওপর নুয়ে পড়ে গাছগুলো। তবে এখানকার আমে আমাদের ল্যাংড়া আমের স্বাদ কিছুতেই খুঁজে পাই না। লেখার শেষে পাঠকদের সবিনয়ে জানাতে চাই— জাতিসংঘের কর্মকর্তা হিসেবে আইভরি কোস্টে অবস্থান করেছি সাড়ে পাঁচ বছর। সেসব অভিজ্ঞতা ছুটিরদিনের পাতায় লিখছি দীর্ঘদিন ধরে। সাড়ে পাঁচ বছরে দেখা আইভরিয়ান সংস্কৃতি, রাজনীতি, পৌরাণিক বিশ্বাস, সামাজিক জীবনের খুঁটিনাটি নিয়ে এবারের বইমেলায় বাংলাপ্রকাশ বের করেছে আমার বই—গজমোতির দেশ আইভরিকোস্ট । লেখক: জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা