বুকে জমাট ব্যথা...
এক মা ভাত-ভর্তা নিয়ে ছিলেন ছেলের অপেক্ষায়। ছেলে ফেরেনি। একজন স্ত্রী বিবাহবার্ষিকীর ঠিক আগের দিনে অপেক্ষায় ছিলেন স্বামীর। স্বামীর সঙ্গে তাঁর আর দেখা হয়নি। এক বাবা সন্তানদের বলেছিলেন, ‘বাড়ি ফিরেই তোদের পড়া ধরব।’ বাবা আর পড়া ধরতে আসেননি।

২০০৪ সালের একুশে আগস্টের ভয়াবহ সেই গ্রেনেড হামলার ঘটনার রেশ রয়ে গেছে এখনো। মানুষের নৃশংসতার শিকার সেই পরিবারগুলোকে এখনো তাড়া করে স্বজন হারানোর বেদনা। সে রকম কয়েকটি পরিবার নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন।

ভাত-ভর্তা নিয়ে ছেলের অপেক্ষায় ছিলেন মা
পুরান ঢাকার অলিগলি ঘুরে অবশেষে পাওয়া গেল ২০ নম্বর আগামসি লেন। বাড়ির চারতলায় উঠে দেখা গেল রান্না চড়িয়েছেন বৃদ্ধা রোকেয়া বেগম। একুশে আগস্ট নিহত তাঁর ছেলে বেলাল হোসেনের কথা বলতে এসেছি শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর মুখের ঘাম মুছে বলতে শুরু করলেন, ‘সেদিন বেলালের শরীরটা ভালো ছিল না। ঠান্ডা লেগেছিল। দুপুরের ভাত খায়নি। আমাকে বলল, “মা, নেত্রীর সমাবেশে যাব।” আমি বললাম, খাবি না? আমাকে বলল, “মা, বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানিয়ে রাখো। বিকেলে এসেই খাব।” কিন্তু আমার ছেলে তো আর ফিরল না।’
এতটুকু বলে থামলেন রোকেয়া বেগম। মৃত্যুর পরদিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাঁর ছেলের ছবি। খুঁজে পেতে বের করলেন সেই ছবি। মৃত ছেলের ছবির সামনে এক মা। দৃশ্যটা কেমন বুকে কাঁপন ধরিয়ে দেয়। রোকেয়া আবার বলতে শুরু করেন, ‘সন্ধ্যায় পরিচিত লোকজন এসে খবর দিল আহত অবস্থায় বেলাল ঢাকা মেডিকেলে। ওর ভাই গেল। এই হাসপাতাল-ওই হাসপাতাল ছুটল। কিন্তু ওই রাতেই ছেলেটা চলেই গেল। ছেলে-বউটা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। তিন মাস পর একটা নাতনি হয়। ও কখনো বাবার মুখ দেখেনি।’
ছেলে হারানোর শোকেই হয়তো পরের বছরই বেলালের বাবা মারা যান। এলোমেলো হয়ে যায় পুরো পরিবারটাই।

বাবা আর পড়া ধরতে আসেননি
‘সেদিন দুপুরে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাবা আমাকে বলে গেলেন, “ঠিকমতো লেখাপড়া করো। রাতে বাসায় ফিরে তোমাদের দুই ভাইয়ের পড়া ধরব।” কিন্তু বাবা আর পড়া ধরতে এলেন না। আমি তখন ক্লাস সিক্সে পড়ি। আর কোনো দিন বাবা আমাদের পড়া ধরবেন না।’ বলছিলেন আশিকুজ্জামান। আশিক এখন পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন তাঁর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল মাহবুবুর রশীদ। ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন তিনি।
মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি ভবনের ছয়তলায় দুই রুমের কক্ষে থাকেন আশিকরা। মাহবুবের স্ত্রী শামীমা আক্তারের এখনো পরিষ্কার মনে আছে সেই দিনের কথা, ‘একুশে আগস্ট সকালে সুধাসদনে যায় মাহবুব। দুপুরে বাসায় ফেরে। আমি তাড়াতাড়ি দুপুরের খাবার দিই তাকে। ইলিশ মাছ, বেগুন ভাজি আর ডাল ছিল। মাহবুব বলল, “মাছ রাতে খাব, এখন কাঁটা বাছার সময় নেই। নেত্রীর সমাবেশ আছে। এক্ষুনি বের হতে হবে।” বেগুন ভাজা আর ডাল দিয়ে কোনোরকমে খেয়ে বেরিয়ে গেল। আর সে ফিরে এল না। মাছ খেতে গেলেও এখন আমাদের তার কথা মনে পড়ে, প্রচণ্ড কষ্ট হয়...।’ বলেত বলতে প্রায় এক যুগের আগের সেই বেদনা আবারও পেয়ে বসে শামীমাকে। ডুকরে কেঁদে ওঠেন তিনি।
মাহবুবের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। ২০০১ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার কিছুদিন পরেই শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী হিসেবে যোগ দেন। শামীমা জানান, স্বামী মারা যাওয়ার কয়েক মাস পর ঢাকার হাজারীবাগের বাসা ছেড়ে কুষ্টিয়ায় চলে যান। কুষ্টিয়া জিলা স্কুলে ভর্তি করেন দুই ছেলেকে। অভাব-অনটন জেঁকে বসে সংসারে। কিন্তু স্বামী চাইতেন ছেলে দুটো লেখাপড়া করুক। উচ্চশিক্ষিত হোক। তাই শত কষ্টে দুই ছেলের লেখাপড়া চালিয়ে নেন শামীমা। বড় ছেলেকে কষ্ট করে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। ছোট ছেলেটা কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছে। দুবারই জিপিএ-৫। এখন মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এদের নিয়েই এখন তাঁর সব স্বপ্ন।

বিবাহবার্ষিকী করা হয় না আইরিনের
পুরান ঢাকা থেকে মগবাজারের মধুবাগ। এখানেই মেয়েকে নিয়ে থাকেন আইরিন সুলতানা। মোস্তাক আহমেদ (সেন্টু) ও আইরিন সুলতানার বিবাহবার্ষিকী ২২ আগস্ট। ১৯৯৮ সালে বিয়ে হয় তাঁদের। ঘরোয়াভাবে, একদম নিজেদের মতো করে প্রতিবছরই দিনটি পালন করতেন এই দম্পতি। ২০০৪ সালেও প্রস্তুতি ছিল তাঁদের। কিন্তু একুশে আগস্টের বিকেলেই সব শেষ! গ্রেনেড কেড়ে নেয় স্বামীকে।
মোস্তাক আহমেদ ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন। ২০০৪ সালের ১৫ আগস্ট গ্রামের বাড়ি বরিশালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ২০ আগস্ট ঢাকায় ফিরেছিলেন। একুশে আগস্ট দুপুরের পরই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে যোগ দেন।
‘সাত বছরের সংসার। রাত ১২টার পর বিবাহবার্ষিকী। ঘটনার দিন বিকেলে ও আমাকে বলে গেল, “তুমি প্রস্তুতি নিয়ে রেখো। আমি আগে আগেই বাসায় আসব।” কিন্তু তার আর আসা হলো না। বিবাহবার্ষিকী নাকি স্বামীর মৃত্যুবার্ষিকী কোনটা মনে রাখব এখন, ঠিক বুঝি না।’ বলছিলেন আইরিন।
স্বামীর মৃত্যুর পর আইরিন মার্কেন্টাইল ব্যাংকে চাকরি পেয়েছেন। মেয়েকে নিয়ে মগবাজারের মধুবাগের বাসায় থাকেন। ২০০৪ সালের সেই ভয়াবহ দিনটা কেমন ছিল আইরিনের?
‘গ্রেনেড হামলা হওয়ার পর ওর খোঁজে ঢাকা মেডিকেলে যাই। সেখানে না পেয়ে এদিক-ওদিক ছোটাছুটি। এরপর খবর পাই, পঙ্গু হাসপাতালে আছে। কিন্তু ও যে মারা গেছে, সেটা জানতাম না। রাত নয়টায় পঙ্গু হাসপাতালে গিয়ে জানতে পারি ও নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ বলছিলেন আইরিন।
মোস্তাক ও আইরিন দম্পতির একমাত্র সন্তান আফসানা আহমেদ। চার বছর বয়সেই বাবাকে হারানো আফসানা এখন আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। আইরিন আহমেদ বলেন, ‘মেয়েটা এখন সবই বোঝে। তবে সেদিনের স্মৃতি কিছু মনে করতে পারে না। আমরাও তাকে মনে করাই না। কারণ, আমাদের মনে যে ব্যথা, সেটা তার মধ্যে সংক্রমিত হোক চাই না। কিন্তু চাইলেও িক পারি?’

বেড়াতে গেলেই বাবাকে মনে পড়ে
নারায়ণগঞ্জে বাড়ি রতন শিকদারের। দুই সন্তান নিয়ে থাকতেন ঢাকার যাত্রাবাড়ীতে। আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করতেন। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তিনি নিহত হন। রতন শিকদার যখন মারা যান, তখন তাঁর বড় ছেলে নিয়াজুল হকের বয়স ছিল ছয়। আর মেয়ে আমেনা জাহানও ছোট। এখন দুজনেই উচ্চমাধ্যমিকে পড়ে। থাকে দক্ষিণ যাত্রাবাড়ীতে।
সেদিনের কথা জানতে চাইলে রতন সিকদারের স্ত্রী রোজী বেগম বলেন, ‘একটা মেয়ের খুব শখ ছিল তার। ছেলের পর মেয়ে হওয়ায় মেয়েটাকে খুব আদর করত। সেদিন সকালে মেয়েটা ঘুমাচ্ছিল। ছেলেকে নিয়ে স্কুলে গেল। বলল, দুপুরে বাসায় আসবে। মিটিংয়ে যাবে। রাতে একবারে আসবে। কিন্তু আর কোনো দিন এল না।’
রতনের দুই ছেলেমেয়েই দই খেতে খুব পছন্দ করত। বাবা প্রায় দিনই ছেলেমেয়ের জন্য দই আর আইসক্রিম নিয়ে আসতেন। মেয়ে আমেনা জাহান বলে, ‘বাবার স্মৃতি আমার কাছে ঝাপসা। তবে বাবা আমাকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে যেত। কোথাও বেড়াতে গেলেই এখন বাবার কথা মনে পড়ে, বিশেষ করে দাদুবাড়িতে গেলে। বাবার ঘরে যখন যাই খুব কান্না পায়।’
রোজী বেগম জানান, স্বামীর মৃত্যু তাঁর জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আর্থিক সংকট, নানা সমস্যা শুরু হয় এর পরপরই। প্রধানমন্ত্রী যে ১০ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, সেখান থেকে প্রতি মাসে যা পান তা দিয়ে আর ভাইদের সহায়তায় সংসার চলে। এখন তাঁর একমাত্র স্বপ্ন সন্তান দুটোকে মানুষ করা।