বুকের ধন ফিরল বুকে

মায়ের হাত ধরে চাঁদপুর থেকে ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে ওরসে এসেছিল বছর পাঁচের সাকিবুল। মা রোজিনা বেগম ও অন্য আত্মীয়দের সঙ্গে সে যোগ দেয় ওরসে। সবকিছু ঠিকঠাক ছিল। বিপত্তিটা ঘটল বাড়ি ফেরার পথে। গাড়িতে ওঠার আগেই ভাবির হাতে ছেলেকে দিয়ে রোজিনা দরবারের ভেতরে যান ছোট্ট একটা কাজে। কিন্তু একি! এসে দেখেন ভাই-ভাবির মুখ মলিন, সাকিবুল নেই। সবাই মিলে পাগলের মতো খুঁজতে থাকেন চারদিকে। কিন্তু কোথাও নেই বুকের ধন। দিনটি ছিল ২০১৩ সালের ৫ এপ্রিল।
এর পরের কয়েকটা দিন সাকিবুলের খোঁজে কী না করেছে তার পরিবার। পুরো ফটিকছড়ি এলাকায় টানা কয়েক দিন মাইকিং, দরবার শরিফ থেকে শুরু করে চট্টগ্রাম নগরের অক্সিজেন পর্যন্ত সন্ধান চেয়ে পোস্টার সাঁটান তাঁরা। স্থানীয় টিভি অপারেটরের মাধ্যমে হারানো বিজ্ঞপ্তি প্রচার করেন, তিনবার বিজ্ঞপ্তিও দেন বিভিন্ন পত্রিকায়। সাধারণ ডায়েরি করেন ফটিকছড়ি থানায়। এত কিছুর পরও সাকিবুলের কোনো খোঁজ পাওয়া গেল না। এভাবে কেটে গেল এক বছর পাঁচ মাস। সন্তানকে পাওয়ার আশা যখন ছেড়ে দিলেন, তখনই একদিন খোঁজ পেলেন নিখোঁজ সন্তানের। চলে এলেন আবার চট্টগ্রামে। অবশেষে বুকের ধনকে ফিরে পেলেন। সেকি আনন্দ রোজিনার।
কীভাবে কী হলো? পাঠক এবার শুনুন সেই কাহিনি—৭ সেপ্টেম্বর (রোববার) সকালে সাকিবুলের বাবা মহিউদ্দিন মুন্সির মুঠোফোন বেজে ওঠে। পাশের গ্রামের পরিচিত আবুল খায়েরের ফোন। ফোনটি ধরতেই জীবনের সবচেয়ে সুখবরটি পান তিনি। ফটিকছড়ি মাইজভান্ডার দরবার থেকে ফোন করে খায়ের জানালেন, সাকিবুলের খোঁজ পাওয়া গেছে। প্রথম আলোর ক্রোড়পত্র আমার চট্টগ্রামে অনেকগুলো নিখোঁজ শিশুর ছবিসহ একটি সংবাদ ছাপা হয়েছে। সেখানে সাকিবুলের ছবি রয়েছে। তিনি পত্রিকাটি নিয়ে বাড়ি আসছেন। সে খবর শুনে আর তর সয় না বাবা-মায়ের। সেদিন রাতেই পত্রিকাটি তাঁদের হাতে পৌঁছায়। নিজের চোখে দেখতে পান হারানো ছেলের ছবি।
আবুল খায়ের জানান, গত ২৪ আগস্ট আমার চট্টগ্রামের প্রথম পৃষ্ঠায় ‘মায়ের কোলে ফেরার অপেক্ষায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি মাইজভান্ডারের কয়েকজন খাদেমের চোখে পড়ে। সাকিবুলের হারিয়ে যাওয়ার বিষয়টি জানতেন দরবারের লোকজন। কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগের ঠিকানা ছিল না। তাঁরা পত্রিকাটি যত্ন করে রেখে দেন। আবুল খায়ের মাসে দুবার দরবার শরিফে যাতায়াত করেন। গত রোববার দরবারে যাওয়ার পর সেখানকার লোকজন পত্রিকাটি তাঁর হাতে তুলে দেন। সাকিবুলকে চিনতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই তার বাবা-মাকে খবর দেন।

সাকিবুলের মা রোজিনা বেগম বলেন, ‘খবরটি পেয়েই মনে হয়েছিল পাখির মতো উড়ে আসি চট্টগ্রামে। কিন্তু এক রাত অপেক্ষা করতে হয়েছে। পরদিন সোমবার চট্টগ্রামে আসি। রৌফাবাদের শিশুমণি নিবাসে গিয়ে জীবনের সবচেয়ে দামি সম্পদকে খঁুজে পাই। আল্লাহর কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’
সন্তানকে ফিরে পেয়ে অঝোরে কাঁদতে থাকেন মা। পানি ঝরছিল ছোটমণি নিবাসের অন্যদের চোখেও, যাঁরা এত দিন সন্তান স্নেহে লালন করছিলেন সাকিবুলকে।
৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকতা শেষে চাঁদপুর হাজিগঞ্জ পশ্চিম বলাখালের মুন্সিবাড়ির ঠিকানায় ফিরে গেছে সাকিবুল। এই ঠিকানাটাই মুখস্থ ছিল না তার। সে কারণে চট্টগ্রামের বাকলিয়া পুলিশ যখন তাকে খুঁজে পায়, বাবা-মায়ের নাম আর নিজের স্কুল ‘গ্রামীণ শিশু কিশোর একাডেমির’ নামটি বলতে পেরেছিল সাকিবুল। ফটিকছড়ি থেকে হারালেও সাকিবুলকে নগরের রৌফাবাদের ছোটমণি নিবাসে দিয়ে যায় বাকলিয়া থানা–পুলিশ। ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক হাসান মাসুদ বলেন, ‘ধারণা করছি ফটিকছড়ি থেকে কেউ একজন ওকে বাকলিয়া কালামিয়া বাজারে নিয়ে এসেছিল। সাকিবুলকে বাজারে একা কাঁদতে দেখে রাসু আকতার নামের একজন নারী থানায় নিয়ে যায়।’
গতকাল বুধবার সাকিবুলের মা প্রথম আলোকে মুঠোফোনে জানালেন, ভালো আছে সাকিবুল। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা তাকে দেখতে আসছেন। পুরোনো বন্ধুদেরও চিনতে পেরেছে সে। তারপরেও ছোটমণি নিবাসের বাকি শিশুদের ভুলতে পারছে না। ওখানকার বন্ধুদের বিশেষ করে হৃদয় নামের শিশুটির কথা বারবার বলছে। সাকিবুলের মতো অন্য শিশুরাও যাতে মায়ের কোলে ফিরে যেতে পারে, এখন এটাই সাকিবুলের বাবা-মায়ের প্রার্থনা।
উল্লেখ্য, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে ২৪ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ‘মায়ের কোলে ফেরার অপেক্ষায়’ ও ৬ সেপ্টেম্বর ছুটির দিনে ‘আমার মা কোথায়?’ শিরোনামের দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।