বুকের বন্ধু
কেউ যদি জিজ্ঞেস করত, এমন কী আছে, যা একান্তই তোমার?আমি বলতাম, বন্ধু। বুকের বন্ধু, যার জন্য জীবন বাজি রাখা যায়। যার মুখ দেখব বলে অন্ধকারে জ্যোৎস্না নামে। যার জন্য এ পৃথিবী আজও এত রূপসী; ভোরের বাতাস এত স্নিগ্ধ-কোমল।আমার অহংকার ছিল আমার বন্ধুরা। তাদের ঘিরেই আবর্তিত হতো আমার পৃথিবী। সবকিছু শূন্য মনে হতো তাদের ছাড়া, অসম্ভব মনে হতো বেঁচে থাকা। মনে হতো, বন্ধুকে ছাড়া আমার একটি মুহূর্তও চলবে না। ঘুমের মধ্যে চাই বন্ধুর ভাবনা। প্রভাতের প্রথম পলকে চাই বন্ধুর মুখ। মনে হতো দুনিয়ার আর সব মেকি। ‘কেবল বন্ধু, বন্ধু, বন্ধু সার’।চোখের মণিতে থাকা, বুকের ভেতরে থাকা—এমন সব বন্ধু ছিল আমার। আজও কি আছে?বন্ধুত্ব কি চিরদিন থাকে? বন্ধুত্ব কি প্রেম? ঝরে যায়? মরে যায়?অনেক দিন আগে, আমার প্রথম যৌবনে, যখন কলেজে পড়তাম, একটি মেয়ে আমাকে ভালোবেসেছিল। সে আমায় দিয়েছিল করুণ গোপন একটি বনফুল। আর তার অমল কোমল বিশ্বাসের হাত। সে আমার জীবনকে রঙিন করেছে, মধুময় করেছে। আমার জন্য, কেবল আমার জন্য নির্দ্বিধায় ছেড়েছে তার পুরোনো পৃথিবী। বলেছে, ‘তুমি আমার চোখের তারা, বুকের কুসুম—তোমাকে ছাড়া বাঁচব না, প্রিয়।’‘তারপর কেটে গেছে প্রেমের সময়।’বন্ধুত্ব কি সে রকম? কেটে যায়?সীমান্তী চলে যাওয়ার পর আমি অবাক, আহত হয়েছি। কিন্তু মানুষের সঙ্গ আমার খারাপ লাগেনি। অসহ্য মনে হয়নি প্রেমহীন বেঁচে থাকা। যখন আমি বুঝতে পারলাম, আমার বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা আস্তে আস্তে সরে যাচ্ছে, ‘মরে’ যাচ্ছে—দিনকে দিন বাড়ছে দূরত্ব আমাদের, তখন আমার নিজেকে নিঃস্ব মনে হতে লাগল। মনে হলো মানুষের বুকের মধ্যে সাপ; ফুলের মধ্যে ভালোবাসার বিষ এবং আমি বুঝতে পারলাম, একসঙ্গে থেকেও আমরা সবাই কী ভীষণ একা।আমার বন্ধুরা বলে, ‘বন্ধুত্বের বয়স বাড়ে না।’তারা বলে, ‘আমরা তো বন্ধুই আছি। দোস্ত আছি।’আমি কেন তাদের মতো বলতে পারি না? আমার কেন মনে হয়, বন্ধু আর দোস্ত এক নয়, বরং আলাদা। কেন আমার অবিশ্বাসী মন বারবার কেঁদে বলে ভুল, মিথ্যা। আমাদের সম্পর্ক স্রেফ প্রয়োজনের।‘আমরা তো বন্ধুই আছি।’—বলতে পারলে আমারও ভালো লাগত। বুকের পাথরটি সরে যেত।শুধু তো বন্ধুত্ব চেয়েছিলাম। আর কিছু কি চেয়েছি? বাওয়া স্কুলের রূপবতী মেয়েটির মতো প্রিয় হতে চাইনি। নগর-নর্তকীর মতো কাছে টানতে চাইনি। গন্ধরাজ বা গোলাপ চাইনি। চেয়েছিলাম কলাবতীর কলি। চেয়েছিলাম বন্ধু হতে। বুকের বন্ধু। পারিনি। কেউ কেউ পারে না। কেবল সারা জীবন বন্ধু ভেবে বুকে রাখে সাপের শরীর। সারা জীবন বুকের ভেতর অভিমানের অনলজ্বালা: ত্রিদিব দস্তিদারের সেই কবিতা‘কারো বন্ধু হতে পারলাম না,না কারো প্রেমিক।বন্ধুর ভাষা কি হ্যান্ডশেক,প্রেমিকের ভাষা কি চুম্বন?আমি হ্যান্ডশেক আর চুম্বনের দূরত্বে পড়ে আছি বহুকাল...’ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়।