বুঝবে শিশু এখন থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলা থেকেই পরিমিত ও নিয়ন্ত্রিত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন। মডেল: শায়লা ও শামায়লা, ছবি: নকশা
ছোটবেলা থেকেই পরিমিত ও নিয়ন্ত্রিত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন। মডেল: শায়লা ও শামায়লা, ছবি: নকশা

সন্তানের স্বাস্থ্য নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই। অনেকেই মনে করেন, একটু মোটাসোটা হলেই বুঝি বাচ্চাদের স্বাস্থ্য ভালো হয়। বাসায় ও বাসার বাইরে তাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন মা-বাবা। সন্তানদের খুব বেশি ভালোবাসেন বলেই হয়তো তারা যেটাই খেতে চায়, সেটারই ব্যবস্থা করেন। সন্তানের কষ্ট হবে বলে হয়তো নিজেরাই তার প্রতিটি কাজ গুছিয়ে দেন অথবা নিজেরা না পারলেও কাজের লোকের মাধ্যমে করিয়ে নেন সবই। কিন্তু যার ভালোর জন্য এত সব, তারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তো এমন কর্মকাণ্ড?
এ ধরনের সমস্যা নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব মোতানাব্বি। তিনি বলেন, শিশুর জীবনের প্রথম পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকেই একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে তাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে।
বাবা-মায়েদের জন্য তাঁর পরামর্শগুলো দেখে নিন।
 প্রতিদিন নিয়মিত বিরতিতে শিশুকে খাওয়াতে হবে। কখনো ছয় ঘণ্টা পর আবার কখনো এক ঘণ্টা পর খাওয়ালে চলবে না।
 টেলিভিশন দেখতে দেখতে খাবার খাওয়া এবং টেলিভিশন না দেখলে না খাওয়া—দুটিই খারাপ অভ্যাস। টেলিভিশন দেখতে দেখতে খাবার খেলে সে খাবারের স্বাদ পায় না, তার মধ্যে সুষম খাদ্যাভ্যাস গড়ে ওঠে না।
 আজকাল এক বছরের বাচ্চারাও শুয়ে শুয়ে টেলিভিশন দেখে। এ ধরনের অভ্যাস করানোও ঠিক নয়।
 বাইরে থেকে ফিরে খাবার তৈরির ঝামেলা এড়াতেও কখনোই বাচ্চার হাতে ফাস্টফুড ধরিয়ে দেবেন না।
 পরিবারের সবার একসঙ্গে বসে খাবার খাওয়া উচিত। আর শিশুকে নিজের হাতে খেতে দেওয়া উচিত। এতে সে কিছুটা খাবার নষ্ট করলেও ধীরে ধীরে তার মধ্যে নিজে আগ্রহ করে কোনো কিছু খাওয়ার অভ্যাস গড়ে উঠবে।
 মা ও বাবা দুজনেরই উচিত প্রতিদিন সন্তানের সঙ্গে একটা ঘণ্টা করে হলেও সময় কাটানো। তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, তার সঙ্গে খেলতে হবে, গল্প করতে হবে এবং তার কাছ থেকেও শুনতে হবে বিভিন্ন কথা।
 আজকাল বিভিন্ন বহুতল ভবনের সামনে বা নিচে কিছুটা জায়গা থাকে। দূরে কোথাও প্রতিদিন নিতে না পারলেও এ জায়গায় তাকে নিয়ে যান।
 এমনকি ঘরের মধ্যেও শিশুকে সঙ্গে নিয়ে ফ্রি-হ্যান্ড ব্যায়াম করতে পারেন খেলার ছলেই। তার সঙ্গে প্রতিযোগিতাও করতে পারেন। ভালো করলে দিতে পারেন পুরস্কার। এভাবে বুকডন দেওয়া বা ওঠবস করাটা শিশুর জন্য ব্যায়াম ছাড়াও একটি আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে।
 খাদ্যাভ্যাস গঠন বা শরীরচর্চা কেন তার জন্য ভালো, তা তাকে বুঝিয়ে বলুন। কখনোই এগুলো নিয়ে তাকে জোর করবেন না। তাহলে সে এগুলোকে শাস্তি মনে করতে পারে।
 বাবা-মায়ের নিজেদের জীবনে যদি নিয়মশৃঙ্খলা না থাকে, তাহলে বাচ্চাদের মধ্যেও তা গড়ে উঠবে না। প্রতিদিন যেসব মা-বাবা দীর্ঘ সময় টেলিভিশন, কম্পিউটার বা অন্যান্য যান্ত্রিক পর্দার সামনে কাটান, তাঁদের সন্তানদের মধ্যেও একই অভ্যাস গড়ে ওঠাটাই স্বাভাবিক।
শিশুদের সুস্বাস্থ্য গঠনের ব্যাপারে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মিনতি অধিকারী। তিনি দিয়েছেন আরও কিছু পরামর্শ—
 প্রত্যেকের জন্যই সুষম খাদ্যাভ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আঁশযুক্ত খাবার, যেমন: ফলমূল, শাকসবজি খাওয়ার ব্যাপারে শিশুদের উৎসাহিত করুন।
 শিশুদের মাছ-মাংস, দুধ-ডিম নিয়মিত খেতে দিন।
 আয়রন ও ভিটামিনসমৃদ্ধ খাবারও দিতে হবে প্রতিদিন।
 কোমল পানীয়, কেচআপ, প্যাকেটজাত চিপস শিশুদের হাতে তুলে দেবেন না।
 দুই বছর বয়সের পর থেকে কমপক্ষে আধঘণ্টার জন্য শিশুকে মাঠে ছেড়ে দিন, নিজের খুশিমতো খেলুক।
 পাঁচ থেকে দশ বছর বয়সীদের বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু খেলা, যেমন: দাঁড়িয়াবান্ধা, কানামাছি, গোল্লাছুট প্রভৃতি খেলতে উৎসাহিত করুন।
 ১০ থেকে ১৫ বছর বয়সীদের ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি খেলার সুযোগ করে দিন
 লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, শিশুকেও তা-ই করতে বলুন।
 স্কুল বাসার কাছে হলে গাড়ি না ব্যবহার করে হেঁটে যেতেই উৎসাহিত করুন শিশুকে।
 দুই বছর বয়সের পর থেকেই নিজের কাজ নিজে করতে উৎসাহ দিন শিশুকে।
 পরিবারের কেউ যেন সিগারেট, অ্যালকোহল বা অন্য কোনো দ্রব্যে আসক্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
 যেসব শিশু ইতিমধ্যেই মুটিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এ বিষয়গুলো আরও গুরুত্বসহকারে মানতে হবে।