বুঝি ওই রবির আলো
‘জাকারবার্গ মনে হয় আপনার গান জানে। জানেন, ফেসবুকে কোনো লেখা দিলেই ওই গানটার কথা মনে পড়ে। “মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে”। ফেসবুকটার জন্মই তো “ভাবনা”, “পুরানো সেই দিনের কথা” এসব দিয়ে সময় মাতাতে। আর আমরা কিছু “অকারণে চঞ্চল” ছেলেপেলে তো আছিই।’
তিনি কিছু বলেন না। মুচকি হাসেন শুধু।
‘আপনার নামে কত পেজ যে আছে যদি জানতেন, গুরু। কবিতা, গান, গল্প, নাটক—কী নেই। আপনার সৃষ্টি ভাঙিয়ে কতজন কত কিছু যে করছে!’
তিনি চুপ করেই আছেন।
‘তবে সমস্যা হচ্ছে, কিছু লিখতে গেলেই মনে হয় আপনি তো কত আগেই সব কথা লিখে ফেলেছেন। আবার আপনার লেখা পড়লেই মনে হয়, আরে এ তো আমারই কথা। ১০০ বছর আগে একজন নদীর তীরে বসে একটা গান লিখে গেল, আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও, আর ২০১৬-তে নিউইয়র্কে একটা বাঙালি ছেলে একলা রাতে সেই গান গুনগুন করছে, আমি ভেবে পাই না, কী করে সম্ভব! ছয়টা ঋতু বরণ করব, আপনাকে চাই। দেশের ভালোবাসার কথা বলব, তখনো আপনি। আনন্দে আপনি, দুঃখেও আপনি। প্রেম করতেও আপনাকে চাই, জানেন?’
তিনি আকাশের দিকে চেয়ে আছেন। সূর্য এখনো ওঠেনি। তবু এক রবির পেছনে পেছনে আমি হাঁটছি। একটা সমুদ্র। আঁধার আঁধার সকালে কালচে ঢেউ ভাঙছে তীরে। দুই জোড়া খালি পা থমকে দাঁড়ায়।
‘গুরু একটা বেয়াদবি করি। আজ তো আপনার জন্মদিন। একটা সেলফি তুলি আপনার সঙ্গে? ফেসবুকে পোস্ট করব। আর একটা গান ধরি, “আজি প্রাতে সূর্য ওঠা, সফল হলো কার”?’
তিনি আমার দিকে তাকালেন। সাদা শ্মশ্রুরাশি ভেদ করে ফুটে উঠল হাসি। নতুন একটা দিন উদ্বোধন করতে সূর্যটাও উঠে গেছে। গুরুর একটু পেছনে দাঁড়িয়ে সেলফি স্টিক তুলে ধরলাম। পেছনে একটা সাগর। আর একটা সূর্য। জন্মদিনের সেলফি।
অনেকক্ষণ তাকিয়ে আছি ছবিটার দিকে। ছবির আমিটার দিকে। আমার ‘কোন আলো লাগল চোখে’ ভাবছি। লাল একটা সূর্য আমার গা বেয়ে হাসছে। সেই আলোয় পুরো ছবিটা ঝকঝক করছে। আর কেউ নেই। তাহলে গুরু...?
‘বুঝি গো রাত পোহাল, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগনপারে’।