বুঝে কিনছেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনাকাটা করতে যাওয়ার আগে বাজেট করে নিন। মডেল: ফাবিন। ছবি: অধুনা
কেনাকাটা করতে যাওয়ার আগে বাজেট করে নিন। মডেল: ফাবিন। ছবি: অধুনা

ইশ্! শাড়িটা কী সুন্দর! কিন্তু শাড়িতে লেখা দামটা অনেক বেশি। এত সুন্দর শাড়িটা না কিনে বাসায় ফিরতে মন চাইল না। পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাশ কাউন্টারে দামটা চুকিয়ে শাড়িটা কিনে ফেললেন। এরপর বাসায় ফিরতে ফিরতে মনে পড়ল, বাসার জন্য নিত্যপ্রয়োজনীয় জরুরি কিছু জিনিস কিনতে হবে। ব্যাগে হাত দিয়ে দেখলেন পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। নিজের ওপর তখন নিজেই বিরক্ত, কেন যে হিসাব না করে শাড়িটা কিনে ফেললাম।
কেউ কেউ মনে করেন, সংসারে যত সমস্যা থাকুক, কেনাকাটার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না। তাতে নিজের স্ট্যাটাস অন্যের কাছে কমে যায়।
কেনাকাটা করতে গিয়ে দেখলাম, ভালো লাগল আর কিনে ফেললাম—এটা করা ঠিক নয়। একটি শাড়ি কেনার পর বাড়তি টাকা দিয়ে আরও একটি শাড়ি বা অপ্রয়োজনীয় জিনিস না কিনে বরং টাকাটা নিজের কাছে জমা রাখতে পারেন, যাতে প্রয়োজনের সময় বা মাসের শেষে এই টাকা আপনাকে সাহায্য করতে পারে। সব সময় নিজের সাধ্যের মধ্যে চাহিদা অনুযায়ী কেনাকাটা করা উচিত। ‘কেনাকাটা করতে গেলে নিজেকে না বলতে শিখুন’—উপদেশটি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া। তাই বলে কেনাকাটা করবেন না, তা তো নয়। নিজের সামর্থ্য ও বাজেট বুঝে কেনাকাটা করতে হবে। কেনাকাটা করার আগে কোন কোন বিষয় বিবেচনা করবেন, সে বিষয়ে রিনাত ফওজিয়ার পরামর্শ দেওয়া হলো।
 প্রথমেই পরিকল্পনা অনুযায়ী তালিকা করে কেনাকাটা করতে হবে।
কী কী কিনতে হবে, কার জন্য কিনতে হবে এবং দাম আনুমানিক ধরে তালিকা তৈরি করতে হবে।
 কেনাকাটার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন:
দামের ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। একদম নির্ধারিত মূল্যের দোকান থেকে কিনতে হবে, এটা ঠিক নয়। এক দোকান থেকে সব না কিনে দাম যাচাই করে দু-তিনটি দোকান ঘুরে তুলনা করে তারপর কিনতে হবে।
 দামি কোনো জিনিস কেনার আগে সেটি কতখানি প্রয়োজন, তা ভেবে নিন।
 প্যাকেটজাত খাবার কেনার আগে সেটার ওপরে যে লেভেল (তারিখ, দাম ইত্যাদি) লাগানো থাকে, সেটা যাচাই করে পরিমাণমতো কেনা ভালো।
 পরিশ্রম করে কেনাকাটা করতে হয়। তাই কেনাকাটা করার সময় ভালো জিনিস দেখে-শুনে-বুঝে চাহিদা অনুযায়ী কিনতে হবে।
 বাসায় ফিরে এসে কেনাকাটার মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের ধারণা দিয়ে খরচ পর্যালোচনা করা শিখতে হবে।
 কেনাকাটা করে বাসায় ফেরার পথে চিন্তা করতে হবে, যে খরচ করলাম, সেটা বুদ্ধিমানের হলো কি না বা এটা কেনা জরুরি কি না অথবা যা যা কেনা হয়েছে, তা কাজে লাগল কি না।
 একটা জিনিস বারবার কেনা ঠিক হবে না।
 সব সময় ব্র্যান্ডের জিনিস কিনতে হবে—এটি না ভেবে ননব্র্যান্ড ভালো জিনিসও কিনতে পারেন।
 প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজন নতুন গাড়ি কিংবা শাড়ি কিনেছেন, আমারও কিনতে হবে—এ অভ্যাস একেবারে পরিহার করতে হবে।