বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখাপড়া শেষ করেই বাড়ি ফিরতে  চায় রুইতান ম্রো
লেখাপড়া শেষ করেই বাড়ি ফিরতে চায় রুইতান ম্রো

বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুইতান ম্রোকে প্রথম দেখায় আর দশজন শিক্ষার্থী থেকে আলাদা করা যাবে না। িকন্তু রুইতান এমন একজন, যার এ পর্যন্ত আসার গল্পটাই অনেকের কাছে অনুপ্রেরণার হতে পারে।
বান্দরবান থেকে ৮৫ কিলোমিটার দূরে থানচি উপজেলা। থানচি সদর থেকে আরও ১২০ কিলোমিটার দূরে অবস্থিত সাঙ্গু সংরক্ষিত বনের লাইক্রিপাড়ায় থাকে রুইতানের পরিবার। বাবা মংছেং ম্রো দরিদ্র জুমচাষি। দুর্গম এই এলাকা থেকে থানচিতে আসতেই লেগে যায় তিন থেকে চার দিন। শিক্ষা, স্যানিটেশন কিংবা স্বাস্থ্যসুবিধা—কোনোটাই পান না লাইক্রিপাড়ার বািসন্দারা। রুইতানেরও লেখাপড়ার পাট চুকে যাচ্ছিল। পরিবারের সায় ছিল না লেখাপড়ার ব্যাপারে। কিন্তু উন্নয়ন সংস্থার এক কর্মীর সহায়তায় রুইতান পাড়ি জমায় জেলা সদর বান্দরবানে। পাঁচ বছর ধরে বেসরকারি সংস্থা পরিচালিত বান্দরবানের উপাসক ছাত্রীনিবাসে থেকে পড়ছে সে। লেখাপড়া বন্ধ হতে পারে এমন আশঙ্কায় বাড়িও যায় না। তার স্বপ্ন লাইক্রিপাড়ার পিছিয়ে পড়া আদিবাসীদের কাছে শিক্ষার আলো পেঁৗছে দেবে। এ জন্য শিক্ষক হতে চায় সে। তাই পুরোপুরি তৈরি হয়েই বাড়ি ফিরতে চায় রুইতান।
সম্প্রতি বান্দরবানের বালাঘাটা এলাকায় অবস্থিত উপাসক ছাত্রীনিবাসে কথা হয় রুইতানের সঙ্গে। শুনতে চাই তার বান্দরবান আসার গল্প। রুইতান জানায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় সন্তান সে। পরিবারের আর কোনো সদস্য লেখাপড়া করেনি। লাইক্রিপাড়ার আগে থানচি থেকে ৪০-৪৫ কিলোমিটার দূরে রেমাক্রি ইউনিয়নের আদাপাড়ায় থাকত তারা।
আদাপাড়ায় থাকার সময় উন্নয়ন সংস্থা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে সে। লেখাপড়ায় মনোযোগ আর মেধার কারণে শিক্ষেকরা পছন্দ করতেন তাকে। শিক্ষকদের প্রেরণায় বান্দরবান শহরে এসে ডন বসকো স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। উন্নয়ন সংস্থা পরিচালিত ছাত্রীনিবাস হয়ে দাঁড়ায় তার নতুন বাসস্থান। লেখাপড়ায় দারুণ মনোযোগী মেয়েটি সপ্তম শ্রেণিতে প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। কিন্তু সে বছরই ছুটিতে বাড়ি গেলে তার পড়াশোনার পাট চুকানোর ঘোষণা দেন বাবা। সেটা বছর তিনেক আগের কথা। তার বাবা তাদের সবাইকে নিয়ে সাঙ্গু বনের গভীরে অবস্থিত লাইক্রিপাড়ায় চলে যান। জঙ্গলে ঘেরা ওই পাড়ায় কোনো বিদ্যালয় না থাকায় পড়াশোনার আর সুযোগ ছিল না তার। কিন্তু হাল ছাড়েনি রুইতান। উন্নয়ন সংস্থা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এক কর্মীর সহায়তায় আবারও বান্দরবানে চলে আসে সে। বান্দরবান বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম না হলেও ভালো ছাত্রীদের কাতারেই আছে রুইতান।
রুইতান বলে, ‘শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি হতে পারে না। অথচ আমাদের লাইক্রিপাড়া ও আশপাশের এলাকায় কোনো বিদ্যালয় নেই। শিশুরা সবাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এ জন্য আমি লেখাপড়া করে শিক্ষিকা হতে চাই।’
জেলা শহরের বালাঘাটা উপাসক হোস্টেলের পরিচালক ও হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং বলেন, শিক্ষার পরিবেশহীন অনগ্রসর এলাকা থেকে এলেও রুইতান ম্রো মেধাবী। পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কায় বাড়িও যেতে চায় না সে।