বুদ্ধিজীবী দিবসে যুক্তির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের বীরাঙ্গনাদের যথাযথ পুনর্বাসন না করতে পারা কিংবা যুদ্ধশিশুদের সামাজিক মর্যাদা দিতে না পারার দায়ভার কার? সরকারের, নাকি পুরো জাতির? এমন একটি বিষয় নিয়ে চলছিল তর্কযুদ্ধ। এটি কোনো রাজনৈতিক নেতাদের টক শো নয়, এটি ছিল দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের বিতর্ক।বুদ্ধিজীবী দিবস সামনে রেখে দৃষ্টি চট্টগ্রাম ১৩ ও ১৪ ডিসেম্বর আয়োজন করে দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১০। প্রতিযোগিতার স্লোগান ছিল ‘...সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।’ এতে চট্টগ্রাম শহরের নয়টি বিতর্ক ক্লাব অংশ নেয়। ১৩ ডিসেম্বর প্রথম পর্বে সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চুয়েট ডিএস, আইআইইউসি ডিবেট ক্লাব ও দৃষ্টি ডিবেট ক্লাব। এতে বিভিন্ন বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হন দৃষ্টির মোত্তাকিন, লিও ক্লাবের মালিহা, আইআইইউসির জুনায়েদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মৌসুমি এবং চুয়েট ডিএসএর এহসান। ১৪ ডিসেম্বর সকালে দৃষ্টি চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। বিষয় ছিল ‘এই সংসদ প্রস্তাব করছে যে ১৯৭১ সালের বীরাঙ্গনাদের পুনর্বাসন ও যথাযথ সম্মান প্রদর্শন না করার ব্যর্থতার দায়ভার মূলত সরকারের।’ এতে বিজয়ী হয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও দৃষ্টি ডিবেট ক্লাব। এ পর্বে সেরা বক্তা নির্বাচিত হন মোত্তাকিন ও বিবি মরিয়ম।একই দিন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। প্রথমে অনুষ্ঠিত হয় সেরা বিতার্কিকদের নিয়ে বারোয়ারি বির্তক প্রতিযোগিতা। বিষয় ‘তবে তাই হোক...।’ এ প্রজন্ম কী করতে চায়, সমাজের প্রতি তাদের কী কর্তব্য, তা তারা বলে এই বিতর্কে। তুমুল উত্তেজনার পর এতে চ্যাম্পিয়ন হন আইআইইউসি ডিবেট ক্লাবের সাঈদ ইবনে মাহবুব। প্রথম রানানআপ হন জুনায়েদ আহমেদ, দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে মুন্না ও মালিহা মুর্তাজ।চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ প্রস্তাব করছে যে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক সাহায্য সমর্থনযোগ্য নয়।’ বিষয়ের সরকারি দল দৃষ্টি ডিবেট ক্লাব ও বিরোধী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বক্তারা একটি বিষয়ে একমত ছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত হতে হবে। এতে চ্যাম্পিয়ন হয় দৃষ্টি ডিবেট ক্লাব, রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সেরা বক্তা হন মোত্তাকিন। বিভিন্ন পর্বে বিচারক ছিলেন চিকিৎসক ও সাবেক বিতার্কিক মাসুদ রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান ভূঁইয়া ও আদনান মান্নান, জুয়েল চৌধুরী ও আমিনুল এহসান ইমরান।বিতার্কিকেরা যখন ফলাফলের অপেক্ষায় তখন শুরু হয় বুদ্ধিজীবী দিবসের স্মৃৃতিচারণা অনুষ্ঠান। শুরুতেই সামস্ জাব্বার তাঁর ‘সীমানা’ গানটি পরিবেশন করেন। তারপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক আদনান মান্নান যখন আবেগভরা কণ্ঠে ১৯৭১-এর বীরাঙ্গনাদের বর্তমান সামাজিক অবস্থা নিয়ে বলছিলেন তখন সবাই যেন ফিরে গিয়েছিলেন একাত্তরের সেই দিনগুলোতে। আবৃত্তিকার মিলি চৌধুরী হূদয়ে কাঁপন তুলে আবৃত্তি করেন রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা ‘বাতাসে লাশের গন্ধ ভাসে।’ প্রিয়ম দাশের ‘ও আমার দেশের মাটি’ গান দিয়ে শেষ হয় পর্বটি।সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, দৃষ্টির প্রতিষ্ঠাতা উপদেষ্টা আমীর আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, আইনজীবী মিলি চৌধুরী। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাইফ চৌধুরী।