স্মরণসভা, শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বালন ও মৌন মিছিলের মধ্য দিয়ে নগরজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন স্মরণসভার আয়োজন করে। এসব সভায় বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করে জাতিকে দায় মুক্তির আহ্বান জানান। দৃষ্টি: ‘অভিযানের সময় আমাদের শরীরে কেবল সাঁতারের পোশাক ছিল। হাতে ছয় কেজি ওজনের মাইন। কর্ণফুলী মোহনার তীব্র স্রোত এবং সমুদ্রের বিশাল ঢেউ অতিক্রম করি সাঁতারের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। তত্ত্বগত কোনো প্রস্তুতি আমাদের ছিল না। শুধু অদম্য সাহস ও দেশপ্রেমে অবিচল থেকে সাগরে ঝাঁপিয়ে পড়েছিলাম।’ এই প্রজন্মের শ্রোতাদের সামনে ১৯৭১ সালের ১৫ আগস্ট রাতে নৌ-যুদ্ধ ‘অপারেশন জ্যাকপটের’ বিবরণ তুলে ধরছিলেন মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক।১৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার হলে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ‘মুক্তির কথা শুনি’ অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণা করছিলেন।শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনে মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীকের স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে দেশের গান, কবিতা, আর উপন্যাস থেকে পাঠ করেন নন্দিত শিল্পীরা।অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে। এরপর শুরু হয় আলোচনা সভা। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক শেহজাদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। এ সময় স্বাগত বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল। কবি ওমর কায়সার বলেন, ‘মুক্তিযুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। এই যুদ্ধ সমাপ্ত হলে আজ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এত লড়াই সংগ্রাম চালাতে হতো না।’ স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে মিলি চৌধুরী ‘ভাগীরথীর কথা’ ও ‘বাতাসে লাশের গন্ধ’ এবং রাশেদ হাসান শুভ দাশ গুপ্তের ‘রাত বেড়েছে’ ও ‘মানুষের মানচিত্র’ কবিতা দুটি আবৃত্তি করে শোনান। শুভ্রা বিশ্বাসের ‘আমি বীরাঙ্গনা বলছি’ পাঠ শুনে অশ্রু সংবরণ করতে পারেনটি বহু দর্শক।অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন দীপান্বিতা ভট্টাচার্য, ঊর্মি অতন্দ্রিলা, সুকান্ত ভট্টাচাযর্, শুভ্রজিৎ চক্রবর্তী, সুদীপ্ত বড়ুয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমনা শিক্ষকদের ‘বাস ব্যান্ড’।প্রমা: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ শীর্ষক অনুষ্ঠান।অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণা, প্রদীপ প্রজ্বালন, আবৃত্তি, গণসংগীত, কবিতাপাঠ ও বৃন্দ আবৃত্তি। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ পালের সঞ্চালনায় আলোচনা ও স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন ও পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করার ও স্বাধীনতাবিরোধীদের সামাজিকভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানান।আলোচনার পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর প্রমার বৃন্দ আবৃত্তির মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তকরবী, ছাত্র ইউনিয়ন সাংস্কৃতিক স্কোয়াড, সমন্বিত শিক্ষা ও সংস্কৃতি কার্যক্রম ফুলকি। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উচ্চারক আবৃত্তিকুঞ্জ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নরেন আবৃত্তি একাডেমি। সবশেষে মূকাভিনয় পরিবেশন করে ভিশন প্যান্টোমাইম।চুয়েট: শহীদ মিনারে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে ও মৌন মিছিল করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন।১৪ ডিসেম্বর সন্ধ্যায় মৌন মিছিলের মাধ্যমে শুরু হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি। শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে মোমবাতি নিয়ে গোলচত্বর থেকে শহীদ মিনারে যান। মৌন মিছিল শেষে শহীদ মিনারে মোম জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক কাজী দেলওয়ার হোসেন। খুলশী বন্ধুসভা: নগরের ফয়’স লেকে অবস্থিত দেশের বৃহত্তম পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় প্রথম আলো খুলশী বন্ধুসভার বন্ধুরা।শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে ছিল বধ্যভূমিতে জাতীয় পতাকা উত্তোলন ও স্মরণসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার এম সাহাবুদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। খুলশী বন্ধুসভার সভাপতি নুর নাহার বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন এম সাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা সারোয়ার কামাল, মোজাফফর আহমদ, ইলিয়াচ মিয়া, আব্দুল কুদ্দুস, সাইফুল করিম চৌধুরী, খুলশী বন্ধুসভার সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহসভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ। এর আগে ভোরে বধ্যভূমি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন খুলশীর বন্ধুরা।