বুদ্ধির মার
মামাতো বোনের জন্মদিনে মামার বাড়িতে বেড়াতে গেছি। মামি আমাকে দোকান থেকে তিন কেজি রসগোল্লা এনে দিতে বললেন। আমি ছিলাম স্বভাবতই একটু ত্যাঁদড় টাইপের। টাকা পেয়েই আমার ঘাড়ে দুষ্টবুদ্ধি চেপে বসল। ভাবলাম, ‘কীভাবে সাপও মরে লাঠিও না ভাঙে।’ দোকানে গিয়ে প্রথমেই তিন কেজি সন্দেশের অর্ডার দিলাম। যথাসময়ে সন্দেশ এল। আমি আবার দোকানদারকে বললাম সন্দেশের পরিবর্তে তিন কেজি রসগোল্লা দিতে। যথাসময়ে রসগোল্লা এল। আমি রসগোল্লা নিয়ে বেরিয়ে যেতেই দোকানি চেঁচিয়ে বলল, ‘ভাই, আমার রসগোল্লার টাকা?’ আমি বললাম, ‘কিসের টাকা এগুলো তো আমি সন্দেশের পরিবর্তে নিয়েছি।’ ‘বেশ, তাহলে সন্দেশের টাকাই দাও।’আমি বললাম, ‘বা রে! আমি সন্দেশ নিয়েছি নাকি।’ দোকানদার তো একেবারে হতভম্ব। সবাইকে বোকা বানিয়ে আমি কিন্তু তিন কেজি রসগোল্লাই নিয়ে গেলাম এবং তা মামির হাতে দিই। সরকারহাট, মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম।