স্মারক বক্তৃতায় অধ্যাপক গৌতম ভদ্র
বুদ্ধির মুক্তি ও যুক্তি প্রতিষ্ঠার আন্দোলনে আবুল ফজলের অবদান অসামান্য
বুদ্ধি ও যুক্তির দ্বারা যা প্রকাশ পায় তা হচ্ছে মুক্তবুদ্ধি। বুদ্ধিজীবীর কাজ মানুষকে বুঝিয়ে প্রগতির পথে এগিয়ে নেওয়া। আর বুদ্ধির মুক্তি ও যুক্তি প্রতিষ্ঠার আন্দোলনে আবুল ফজল অসামান্য অবদান রেখেছেন। তাই উপমহাদেশে বুদ্ধিজীবী হিসেবে তিনি অনন্য মর্যাদার দাবিদার।৬ জুলাই বিকেলে ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে আয়োজিত পঞ্চম আবুল ফজল স্মারক বক্তৃতায় এমন অভিমত দিয়েছেন পশ্চিম বঙ্গের বিশিষ্ট ঐতিহাসিক ও গবেষক অধ্যাপক গৌতম ভদ্র। ‘আত্মকথা ও যুক্তিকথা: মুসলমান বুদ্ধিজীবীর আত্মজীবনীর পর্যালোচনা শীর্ষক’ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। আবুল ফজলের জীবনী আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ গোলাম মুস্তাফা। সূচনা বক্তব্য দেন আবুল ফজল স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি কবি আবুল মোমেন। আবৃত্তিকার রাশেদ হাসানের পরিচালনায় এতে গৌতম ভদ্রের পরিচয় তুলে ধরেন শিল্পী সৃষ্টি বড়ুয়া। শুরুতে ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ গান পরিবেশন করেন শিল্পী শীলা মোমেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, রেনেসাঁস হচ্ছে মূলত মানবতার জয়গান। আর আবুল ফজল ছিলেন বাঙালি রেনেসাঁসের প্রধান পুরুষ। তাঁর রেখাচিত্রে আত্মকথা ও যুক্তিকথা ফুটে উঠেছে। আবুল মোমেন জানান, ফুলকির উন্নয়ন কাজের জন্য আবুল ফজল স্মৃতি ট্রাস্টের কার্যক্রম স্থগিত ছিল। এখন তা আবার শুরু হবে।