বুদ্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিতুর সঙ্গে আমার বিয়ে পাকাপাকি হয়ে আছে। পারিবারিকভাবেই। পরীক্ষাটা হয়ে গেলেই আমরা বিয়ের পিঁড়িতে বসব—এ রকমই কথা। বর্তমানে আমাদের সংসারখণ্ডের চিনেবাদাম-পর্ব চলছে। আর জাল বুনছি একটা সুন্দর স্বপ্নের—টোনাটুনির সংসার।একদিন হয়েছে কি, ক্লাস করছি। হঠাৎ আমার মনে হলো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না। দম খাটো হয়ে যাচ্ছে। বুকের ভেতর সাঁইসুঁই আওয়াজ। মনে হচ্ছে যেন কেউ বাঁশি বাজাচ্ছে! ঘটনা কী? আমি একটু ঘাবড়ে গেলাম। মা বলেছেন, আমার নাকি হাঁপানির টান আছে। সেটা মনে হয় বেড়ে গেছে। রোগের সঙ্গে বসবাস করার কোনো মানে হয় না। আজই একবার চিকিৎসকের কাছে যেতে হবে।পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক যা বললেন, তা শুনে মিতু হকচকিয়ে গেল। আমার যে অসুখ তার নাম অ্যাজমা। এটা নাকি বংশগত রোগ। পুরোপুরি ভালো হবে না। তবে নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে থাকবে। মায়ের শ্বাসকষ্ট আছে। নানিরও ছিল। এখন আমার হয়েছে। মিতুর তো ভড়কে যাওয়ারই কথা!ওষুধপথ্য সেবনের পর আমি প্রায় পুরোপুরি সুস্থ। কিন্তু মিতুর আর কোনো খবর নেই। আমি ফোন দিই, জবাব আসে—দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অপেক্ষায় থাকি। কিন্তু মিতু আর আসে না।আমার জন্মদিন। আজ মিতু না এসে পারবে না। আমি মেস থেকে কোথাও গেলাম না। মিতুর অপেক্ষায় বসে থাকলাম।বিকেলবেলা সত্যি সত্যি মিতু এসে হাজির! কিন্তু ওর মুখে হাসি নেই। গম্ভীর মুখে বলল, ‘কেমন আছ?’ আমি লাজুক হাসলাম, ‘একদম ভালো। এখন তোমাকে নিয়ে ঘুরতে বের হব। কত দিন একসঙ্গে ঘুরি না!’ মিতু খুব তাচ্ছিল্যের সঙ্গে বলল, ‘কোনো অ্যাজমা রোগীর সঙ্গে আমি ঘুরতে বের হব—কী করে তোমার এমন ধারণা হলো?’ আমি যেন তালগাছ থেকে পড়লাম, বলে কী মেয়ে? এই মেয়েকে তো আমি চিনি না! আমি খুব অসহায় কণ্ঠে বললাম, ‘তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ, মিতু?’ মিতু আরও কঠিন হলো, ‘শোনো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কোনো অ্যাজমা রোগীর ঘর করব না। এটা বংশগত রোগ। তোমার সঙ্গে বিয়ে হলে বাচ্চা-কাচ্চারও অ্যাজমা হবে। তুমি আমাকে ক্ষমা করো।’ ওর কণ্ঠে অনুনয়, ভিক্ষা। আমি পাথরের মতো নির্বাক, নিস্তব্ধ। পরাজিত সৈনিকের মতো বললাম, ‘ঠিক আছে, মিতু, তুমি যা চাও তা-ই হবে।’ মিতু এবার মুচকি হেসে বলল, ‘আমি তাহলে যাই? বাই!’মিতু সত্যি সত্যি আমার বুকের ওপর দিয়ে চলে গেল। আমি বসে থাকলাম সেইখানে, ঠিক সেই বিন্দুতে। এত নিষ্ঠুর মিতু হতে পারল? হঠাৎ দেখি একগুচ্ছ রজনীগন্ধা হাতে, ঠোঁটে সেই হূদয় গলানো হাসিটি ঝুলিয়ে মিতু আবার ঢুকছে, যেন সে প্রতিদিন ঠিক এই সময়ে এভাবেই ফেরে। মিতু ফুলের তোড়াটা আমার হাতে চালান করে দিয়ে সেই পুরোনো অস্ত্র—ভ্রুর ধনুক আর চোখের তীর—মেরে কাবু করে ফেলে বলল, ‘বুদ্ধু কোথাকার!’গোলাম মোকতাদির, বগুড়া