বুধবার ছবিবার...বারবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বুধবার ছবিবার’ প্রদর্শনী ঘুরে দেখছে দুটি শিশু। ছবি: হাসিবুর অলি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বুধবার ছবিবার’ প্রদর্শনী ঘুরে দেখছে দুটি শিশু। ছবি: হাসিবুর অলি

একেকটা ছবি একেকটা গল্প বলে। তাই আলোকচিত্রীদের ‘গল্পকার’ বলতে দোষ কোথায়! এমন কজন গল্পকারের কথাই বলছি, যাঁরা বলেন (কিংবা দেখান) মানুষের গল্প, পাখির গল্প, ফুলের গল্প, ধুলার গল্প! এদের গল্পের শিরোনাম ‘বুধবার ছবিবার’! আর যাঁরা গল্পগুলো ফ্রেমবন্দী করেন, তাঁদের নাম ‘জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি’, সংক্ষেপে জেপিএস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটির স্লোগান—একটা গল্প বলার সবচেয়ে সহজ উপায় হলো ফটোগ্রাফি।
সংগঠনটি নিয়মিত আয়োজন করে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী বুধবার ছবিবার। মূলত ক্যাম্পাসে অল্প পরিসরে সপ্তাহের বুধবারে ফ্রেমবন্দী গল্পগুলো প্রদর্শনীর ব্যবস্থা করাই হলো বুধবার ছবিবারের উদ্দেশ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর শুরু ২০০৭ সালে। একসময় শিক্ষার্থীরা নিয়মিত এই আয়োজনের উদ্দেশ্যে সপ্তাহের কোনো একটি দিনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। বেছে নেওয়া হয় বুধবার দিনটি। মূলত বুধবারে ছবি প্রদর্শনীর মাধ্যমে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদের মধ্যে আলোকচিত্র চর্চার আগ্রহ ফুটিয়ে তোলাই ছিল আয়োজকদের অন্যতম উদ্দেশ্য।
২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ছবি তোলার চর্চা দিন দিন বাড়তে থাকে। এর প্রভাব পড়ে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির ওপরও। দিন দিন বাড়ে সংগঠনের সদস্য সংখ্যা। বারবার আয়োজনে বুধবার ছবিবার হয়ে ওঠে আরও প্রাণোচ্ছল!
সংগঠনের সভাপতি আলভী নাভিদ বলছিলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের এত অসাধারণ একটা দৃষ্টান্ত যে এখানকার ফটোগ্রাফারদের প্রাণোচ্ছলতার কখনো ঘাটতি পড়ে না!’
সংগঠনের বর্তমান সচিব সাইমুম সাঈদের কাছ থেকে জানা যায় তাঁদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এ বছরের শেষের দিকে বুধবার ছবিবারের গণ্ডি আরও একটু বড় করতে চান তাঁরা। বলছিলেন, ‘দৃক গ্যালারিতে বড় করে একটা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের ইচ্ছা আছে। চির উজ্জ্বল অভিনেতা হুমায়ুন ফরীদি আমাদের এখানকার ছাত্র ছিলেন। তাঁর সম্মানে আমরা প্রতিবছর একজন ফটোগ্রাফারকে হুমায়ুন ফরীদি পদক দিতে চাই।’
বুধবার ছবিবারের বয়স প্রায় এক দশক হতে চলেছে, এই সময়টাতে তাদের ছবির সংগ্রহও হয়ে উঠেছে সমৃদ্ধ। তা ছাড়া জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির একটা নিজস্ব সংগ্রহশালাও রয়েছে, যেখানে ক্যাম্পাসের অতীত ও বর্তমান সময়ের জড় জীবন কেমন ছিল, স্থিরচিত্রে তা দেখার স্বাদ পাওয়া যায় সহজেই। বুধবার ছবিবারের গল্পকারদের আনন্দ এখানেই!