ওয়েস্টার্ন কাহিনী পড়ার আলাদা একটা মজা আছে। কালো রঙের একটা মাসট্যাঙ্গ ঘোড়া নিয়ে দিনের পর দিন মরুভূমির ওপর ছুটে চলা। কোমরের দুই পাশে ঝোলানো হোলস্টারে রিভলভার। আর যেকোনো সময় রেড ইন্ডিয়ান বা আউট-লদের সঙ্গে লড়াই। পুরো ব্যাপারে রোমাঞ্চ অন্য রকম। আর এই বুনো পশ্চিমকে ঘিরে তৈরি হয়েছে অনেক অসাধারণ গেমস। এ রকম একটা পুরোনো গেমস হচ্ছে ডেড ম্যানস হ্যান্ড। পুরোনো গেমস দেওয়ার কারণ, অনেক সময় দেশের সব জায়গায় নতুন গেমস সময়মতো পাওয়া যায় না। গেমসে গেমারকে এল টেজন নামের একজন মেক্সিকান আউট-লর চরিত্রে খেলতে হবে, যার একসময় কাজ ছিল ব্যাংক ডাকাতি, স্টেজ কোচে হামলা আর বিভিন্ন র্যাঞ্চে আক্রমণ করা। কিন্তু একটা সময় নায়কদের মতো টেজনের মধ্যে বোধোদয় হয়, আর টেজন বের হতে চায় ডাকাতির বেড়াজাল থেকে। এর খেসারত দিতে আউট-ল দল দ্য নাইনের দলনেতা টেজনকে গুলি করে এবং মরার জন্য ফেলে রেখে যায়। কিন্তু টেজনকে মৃতপ্রায় অবস্থায় পেয়ে এক জেনারেল তার চিকিত্সা করার ব্যবস্থা করে এবং জেলে বন্দী করে রাখে। কিন্তু একটা সময় জেল থেকে পালিয়ে টেজন প্রতিশোধ নিতে শুরু করে। আর এই প্রতিশোধ নেওয়ার কাজটা করতে হবে গেমারকে। গেমসে গেমারকে অনেক ধারাবাহিক মিশন খেলতে হবে। এক মিশন শেষ না করা পর্যন্ত পরবর্তী মিশনে যাওয়া যাবে না। আর প্রতিটি মিশন শেষ করার জন্য গেমারের হাতে থাকবে শটগান, পিস্তল ও রাইফেল। এ ছাড়া ছুরি, ডিনামাইট ইত্যাদিও ব্যবহার করা যাবে। গেমে শত্রুর টুপিতে কিংবা জানালার কাচ ও বোতলে গুলি করলে এবং হেড শট করতে পারলে আলাদা পয়েন্ট পাওয়া যাবে। গেমসের গ্রাফিকস এবং শব্দ দুটোই বুনো পশ্চিমের জন্য মানানসই। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডিরম ড্রাইভ: ৮ এক্স র্যাম: ৫১২ মেগাবাইট ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক ড্রাইভ: ১.২ গিগাবাইট খালি জায়গা