
ইফতারে কেউ ঝাল পছন্দ করেন, আর কেউ ভাজাপোড়া। কারও বিফ পছন্দ তো কারও চিকেন। এক আয়োজনে সবাইকে তৃপ্ত করা কঠিনই বটে। তবে বুফে হলে সেই সমস্যা নেই। রোজাদারেরা নিজেদের পছন্দমতো পদ বেছে নিয়ে ইফতার করতে পারেন। তাতে পরিপূর্ণ তৃপ্তিও মেলে। নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু এবার রোজাদারদের জন্য বুফে ইফতারির ব্যবস্থা করেছে। এ ছাড়া মোমিন রোডের স্যাফরন রেস্তোরাঁ এবার বিশেষ ইফতার প্যাকেজ রেখেছে রোজাদারদের তৃপ্তির কথা বিবেচনা করে।
র্যাডিসন ব্লু: র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ এবার বাহারি সব পদ দিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। এখানকার মুখরোচক ও স্বাস্থ্যসম্মত খাবারে রয়েছে নতুনত্বের ছোঁয়া। ভোজনরসিকদের জন্য বুফে ইফতার ও ডিনারের আয়োজন করেছে এ পাঁচ তারকা হোটেল। বুফে ইফতারে রয়েছে প্রায় ১০০ পদের খাবারের সমাহার।
হোটেলের তিন তলার ‘দ্য এক্সচেঞ্জ’ রেস্তোরাঁর এই বুফে ইফতার ও ডিনার আয়োজনে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে ২ হাজার ৯৫০ টাকা। বুফে ইফতার আয়োজনে দেশীয় ইফতারের নানা পদের পাশাপাশি রয়েছে কন্টিনেন্টাল, ভারতীয়, চায়নিজ, জাপানিজ ও থাই খাবারের সমাহার। ৩০ থেকে ৬০ জনের দল বেঁধে এই বুফে আয়োজনে অংশ নিলে ছাড় পাওয়া যাবে ১০ শতাংশ।

বুফে ইফতারের পাশাপাশি পাঁচ তারকা হোটেলের এই আয়োজনে রয়েছে নিজের পছন্দের ইফতার মেন্যু বাছাইয়ের সুযোগ। প্রতি কেজি মাটন হালিম ৯৫০ টাকা, বিফ হালিম ৮৫০ টাকা ও চিকেন হালিম ৭৫০ টাকায় কেনা যাবে হোটেলের নিচতলার ইফতার বাজার থেকে। চিকেন সাট্টি, স্প্রিং রোল, চিকেন ফ্রাই, ফিশ কাটলেটসহ নানা পদের খাবারের সমাহার রয়েছে এই ইফতার বাজারের আয়োজনে। আরবি খাবারের বিভিন্ন পদের মধ্যে রয়েছে বাসবুসা, বাকলাভা, কুনাফাসহ বিভিন্ন পদের খাবার। এ ছাড়া রয়েছে তাৎক্ষণিক গরম গরম জিলাপির স্বাদ। প্রতি কেজি জিলাপি কিনতে গুনতে হবে ৪৫০ টাকা। রমজান উপলক্ষে বিশেষ ব্যবসায়িক প্যাকেজও চালু রয়েছে র্যাডিসন। এ প্যাকেজে থাকছে র্যাডিসন ব্লুর সুপিরিয়র রুমে এক রাত থাকা, দুই ঘণ্টার ব্যবসায়িক মিটিং, ইফতার, বুফে ডিনার ও সেহরি করার সুযোগ। এসব আয়োজন উপভোগ করতে হলে খরচ করতে হবে ১২ হাজার টাকা। বাসায় ইফতার নিয়ে যাওয়ার জন্য রয়েছে ১ হাজার ১০০ টাকার বিশেষ ইফতার বক্সের সুযোগ। এই ইফতার বক্সে রয়েছে চিকেন স্কিউর, বিফ জালি কাবাব, চিকেন ফ্রাইসহ আট পদের ইফতারির সমাহার।
ইফতার আয়োজন নিয়ে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউর সহকারী ব্যবস্থাপক তাখরিন খান বলেন, ‘চট্টগ্রামে রোজাদারদের পছন্দের কথা মাথায় রেখে করা হয়েছে এবারের ইফতারের আয়োজন। রোজাদারেরা যাতে আনন্দের সঙ্গে ইফতারি উপভোগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। দেশীয় স্বাদের নানা খাবারের পাশাপাশি রয়েছে বিদেশি খাবারেরও সম্ভার।’
স্যাফরন রেস্তোরাঁ: নগরের চেরাগী এলাকার স্যাফরন রেস্তোরাঁয় ইফতারের আয়োজনে রয়েছে চার ধরনের প্যাকেজ। যে কেউ চাইলে বিশেষ প্যাকেজের একটি কিনে নিয়ে সারতে পারেন ইফতার। শাহি জিলাপি, ফিরনিসহ ১২ পদের ইফতারির প্যাকেটের দাম পড়বে ২০০ টাকা। তন্দুরি চিকেন, চিকেন ললিপপ, ফ্রায়েড চিকেন, অনথনসহ ১২ পদের ইফতারি ৩০০ টাকা এবং চিকেন সাসলিক, জিলাপি, ফিরনিসহ ১৫ পদের ইফতারির প্যাকেটের দাম পড়বে ৪০০ টাকা। চিকেন সমুচা, স্প্রিং রোল, হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন কড়াইসহ ১৫ পদের ইফতার প্যাকেজ কিনতে গুনতে হবে ৫০০ টাকা। এ ছাড়া এখানকার ইফতার বাজারে রয়েছে ৪৬ পদের খাবারের সম্ভার। এসব পদের মধ্যে বেশি চলছে বিভিন্ন পদের হালিম, তন্দুরি হোল চিকেন, তন্দুরি চিকেন, চিকেন রোল, মোরগ মসল্লাম, ফ্রায়েড চিকেন, চিকেন সাসলিক, প্রন অন টোস্ট। রোজাদারেরা এসব পদ থেকে নিজের পছন্দসই ইফতাির বাছাই করে নিতে পারবেন সহজেই।