বুফেতে মুখরোচক ইফতারি
একদিকে রোজা, অন্যদিকে সারা দিনের কাজের চাপ। তাই সন্ধ্যাবেলার ইফতারে ক্লান্তি শেষে একটু চাঙা হতে মুখরোচক খাবার পছন্দ অনেকের। এ চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত ইফতারির পসরা বসানোর পাশাপাশি বুফেতে রাতের খাবারেরও আয়োজন করে নগরের হোটেল ও রেস্তোরাঁগুলো। নগরের অফিসপাড়া হিসেবে খ্যাত আগ্রাবাদ এলাকার হোটেল আগ্রাবাদ ও অ্যাম্ব্রোসিয়ার ইফতারির নানা পদ নিয়ে আজকের আয়োজন।

হোটেল আগ্রাবাদ: ৬০ পদেরও বেশি খাবার নিয়ে এ বছর বুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন করেছে হোটেল আগ্রাবাদ। নগরের চার তারকা এই হোটেলের সিনামন রেস্তোরাঁয় বুফেতে ইফতার ও রাতের খাবার খেতে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে ৭৯৯ টাকা। বুফে খাবার ছাড়াও এ বছর আগ্রাবাদ হোটেলের ইফতারে বৈচিত্র্য এনেছে বিশেষ ধরনের হালিম। গরু, খাসি ও মুরগির মাংস দিয়ে তৈরি বিশেষ এই হালিমের প্রতি কেজির দাম ধরা হয়েছে ৫০০ টাকা। আগ্রাবাদ হোটেলের ইফতার আয়োজনে রয়েছে চিকেন জাই ফ্রিজ, হট প্রন বল, পাকোড়াসহ প্রায় ৫২ পদ। রয়েছে চার ধরনের পার্টি মেনু ও চার ধরনের বক্স মেনু। চিকেন টিক্কা, চিকেন হালিম, ফিরনিসহ ১৭ পদের খাবার নিয়ে পার্টি ইফতার মেনু—এ কিনতে হবে ভ্যাটসহ ৬০০ টাকায়। চিকেন জালি কাবাব, সেমোলিনা হালুয়া, বিফ হালিমসহ ১৮ পদের খাবার নিয়ে তৈরি হয়েছে পার্টি মেনু-বি। ভ্যাটসহ ৬৫০ টাকায় মিলবে এ প্যাকেজটি। ৭৫০ টাকার পার্টি মেনু-সিতে রয়েছে চিকেন রেশমি কাবাব, মাটন হালিম, শামি কাবাবসহ ২১ পদের খাবার। চিকেন রোস্ট, বিফ মেজবান কারি ও চিকেন ড্রাম স্টিকসহ ২০ পদের খাবার রয়েছে পার্টি মেনু-ডিতে। ৮০০ টাকায় মিলবে এ প্যাকেজটি। হোটেল আগ্রাবাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রচার ও বিক্রয়) মো. ইফতেখার শাফি বলেন, ‘এ বছর চার ধরনের ইফতারির বক্স প্যাকেজ রয়েছে আমাদের ইফতারির আয়োজনে। ইফতার পার্টির জন্য পার্টি মেনু অনুযায়ী অর্ডার দিলেই আমরা এবার বিনা মূল্যে মিলনায়তন ভাড়া দিচ্ছি।’ ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন উইং কাটলেটসহ ১২ পদের ইফতার বক্স মেনু-এ কেনা যাবে ২৫০ টাকায়। ২৭৫ টাকায় মিলবে চিকেন ড্রামস্টিক, ফিরনিসহ ১৩ পদের ইফতার বক্স মেনু-বি। ডিম পাকোড়া, শামি কাবাবসহ ১৩ পদের ইফতার বক্স মেনু-সি পাওয়া যাবে ৩০০ টাকায়। চিকেন টিক্কা, শামি কাবাবসহ ১৫ পদের ইফতার বক্স মেনু-ডি কিনতে গুনতে হবে ৩২৫ টাকা।

অ্যাম্ব্রোসিয়া: সপ্তাহের প্রতিদিনই অ্যাম্ব্রোসিয়ায় রয়েছে ৪০ পদের খাবারসহ বুফে ইফতার ও ডিনার করার সুযোগ। জনপ্রতি এ সুযোগ নিতে চাইলে ভ্যাট ও সার্ভিস চার্জ ছাড়া গুনতে হবে ৮৮৮ টাকা। এ বছর এই বুফে ইফতার ও ডিনারে সপ্তাহের একেক দিন রয়েছে একেক পদের সমাহার। বুফে আয়োজন ছাড়াও এখানে এ বছর তুর্কি চিকেন শর্মা, বিভিন্ন ধরনের কাবাব, দুই ধরনের হালিম ও জিলাপিসহ ৪৭ ধরনের খাবারের বিশেষ আয়োজন রয়েছে। এ ছাড়া রয়েছে বিশেষ ছয়টি প্যাকেজ। পার্টি ইফতারের জন্য রয়েছে তিনটি, বাকি তিনটি ঘরে নিয়ে খাওয়ার জন্য। ঘরে নিয়ে খাওয়ার সেট মেনু-১–এর দাম পড়বে ৩৭৭ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট। এতে রয়েছে ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপিসহ ১৬ পদের খাবার। তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম ও জিলাপিসহ ১৭ পদের সেট মেনুর জন্য ভ্যাট ছাড়া গুনতে হবে ৪৪৪ টাকা। পাটিসাপটা, তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার ও হালিমসহ ১৯ পদের সেট মেনু-৩–এর দাম পড়বে ৪৯৯ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট। এখানকার পার্টি ইফতার মেনু-১–এর দাম পড়বে ৫৯৯ টাকা। এতে রয়েছে তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার ও হালিমসহ ১৮ পদের খাবার। ৬৯৯ টাকা দামের সেট মেনুতে রয়েছে চিকেন ভুনা, তন্দুরি চিকেন ও হালিমসহ ২০ পদের খাবার। বিফ-চিকেন তেহেরি, বিফ-চিকেন আচারি ও হালিমসহ ২২ পদের সেট মেনুর দাম পড়বে ৭৭৭ টাকা। এসব পার্টি ইফতার মেনুর প্যাকেজের দামের সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও সার্ভিস চার্জ। অ্যাম্ব্রোসিয়ার মহাব্যবস্থাপক বিজয় কস্তা প্রথম আলোকে বলেন, ‘সারা দিন রোজা রাখার পর খাবার খেয়ে যাতে রোজাদারদের স্বাস্থ্য ভালো থাকে, সেদিকে প্রতিবারের মতো আমরা এবারও নজর দিচ্ছি। তাই খাবারের গুণগত মান ধরে রাখাসহ খাবারে বাড়তি তেল ব্যবহার না করার চেষ্টা করছি।’