বুমেরাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগের ঘটনা। জীবনে প্রথম রস+আলোতে পাঠানোর জন্য একটা রম্যগল্প লিখেছি। রস+আলোতে লেখা পাঠাব বলে কথা, সে কী আর স্থানীয় পোস্ট অফিস থেকে পাঠালে চলে? তাই এক বড় ভাইয়ের মারফত জেলা পোস্ট অফিস থেকে পাঠালাম। লেখা পাঠিয়ে আকাশ কুসুম সব চিন্তা করতে লাগলাম, এমন একটা লেখা পাঠিয়েছি, যা না ছেপে যায় কই? আর ছাপল মানে আমি বিখ্যাত হয়ে গেলাম। এমন একটা ভাব নিয়ে চলতে লাগলাম যেন, আমিই শ্রেষ্ঠ রম্য গল্পকার! লেখা পাঠানোর সপ্তাহ খানেক পর আমার নামে একটি চিঠি এল, যার প্রেরক স্বয়ং রস+আলো। ভাবলাম, আমার লেখা রস+আলো কর্তৃপক্ষের খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই আরও লেখা চেয়ে পাঠিয়েছে। কিন্তু খামের ওপরের হাতের লেখা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে হুবহু আমার হাতের লেখা। নয়-ছয় ভাবতে ভাবতে যখন খামটা খুলছি, তখন আমার পাশে ছোটখাটো জটলা লেগে গেছে। খামটা খোলার পর আমাকে অবাক করে দিয়ে বেরিয়ে এল আমারই পাঠানো রম্যগল্পটা। আমার বন্ধু যখন ভুলটা আবিষ্কার করল আমি আসলে প্রেরকের জায়গায় লিখেছি রস+আলোর ঠিকানা আর প্রাপকের জায়গায় আমার ঠিকানা, তখন আমি দৌড় লাগিয়েছি আমার রুমের দিকে। দেওয়ান মশিউর রহমানচন্দ্রঘোনা, রাঙামাটি।