বুমেরাং
লোকটা খুব আগ্রহ নিয়ে পান চিবোচ্ছে। ফিনফিনে দাড়ি। মাথায় সুতি টুপি। ভদ্রলোকের গায়ের রং আগে গৌরবর্ণ ছিল; রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। কুষ্টিয়াগামী বাসটা অস্বাভাবিক আস্তে যাচ্ছে। এত আস্তে কেন যাচ্ছে, বোঝা যাচ্ছে না। লোকটা ভীষণ অস্থির। বাচ্চাদের মতো এপাশ-ওপাশ করছে। আমি রস+আলো পড়ছিলাম। লোকটা এটা খপ করে নিয়ে বাতাস খেতে লাগল। ‘ভাইস্তা কি কুষ্টিয়া যাবা?’ লোকটা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল। ‘জি।’ ‘অ। তুমার পাশে যেজন বইসে আছে, সে আমার আসল ভাইস্তা।’ আমি দেখলাম, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে এক যুবক আমার পাশে বসে ঘুমাচ্ছে। ঠোঁটটোট কালো। ‘যশোর থেকে আসছি তো পেরেশান হইছে।’ লোকটা আবার অস্থির হয়ে গেল। পানের পিক ফেলতে হবে। কিন্তু বোঝা যাচ্ছে না, কোথায় ফেলবে। আমি সাবধান হয়ে গেলাম। এই পরিস্থিতিতে শুনেছি অনেকে পাশের আরোহীর পকেটে পিক ফেলে। তারপর, সরি বলেই মাফ।‘পান খাবা? হাকিমপুরি জর্দা, মিষ্টি জর্দা। আমার পোদ্দাদার দাদা সম্রাট শাহজাহানের পান বানায়ে দিতেন। বুঝলা? ল্যাও।’ ‘জি না। ইয়ে, আমার পান-বিড়ির নেশা নাই। মানে... নো থ্যাংকস, চাচা।’ লোকটির আশা ভঙ্গ হলো। হওয়াটাই স্বাভাবিক। সে জানালার দিকে তাকিয়ে গজগজ করতে লাগল। তখনই অ্যাঁইইই চিপসসস-চকলেট বলে এক ফেরিওয়ালার উদয় হলো। এদিক-সেদিক করে সে আমার সামনে থামল। বিনা পয়সায় চকলেট দিতে শুরু হলো তার বিরাট সাধাসাধি। আমি শেষমেশ বিরক্তির সীমা অতিক্রম করে বললাম, ‘ওই ভাগলি, না দিমু!’আশপাশের সব আরোহী নাটা নাটা চোখে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্য দাড়িওয়ালা ভদ্রলোক মধুর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ‘বসো, ভাইস্তা।’ গায়ে হাত বুলাতে বুলাতে লোকটা বলে। ‘কিয়ের এত মাতা গরম। তুমার আর দোষ কী। এরা আসলে এই পদেরই, জোঁকের মতন।’ কুষ্টিয়া এসে গেল। আমি তাড়াতাড়ি করে বাস থেকে নেমে গেলাম। ভয়ংকর যন্ত্রণা![ভদ্রলোক আর তার ভাতিজার ভেতর কথোপকথন]‘হালায় এক্কেবারে জংলি খবিস। কুনু চালই কামে গেল না।’ ‘বুইলেছে। এই দ্যাকো। হালার মানিব্যাগ। দুম্বার সাইজের মুটা। হেঃ হেঃ।’ মানিব্যাগ খুলে দুজনের মাথায় মহাকাশ ভেঙে পড়ল। ভেতরে বিচালি ভর্তি। এক টুকরো শুধু কাগজ আছে। সেখানে সুন্দর করে লেখা, ‘অধমের গোস্তাকি মাফ করবেন।’ এক পশলা গালি দিয়ে দুজন যখন অটোতে উঠবে, তখনই বুঝল গোস্তাকিটা কী। তাদের দুজনের পকেটে মানিব্যাগ নামক কোনো বস্তু নেই। জুবায়ের আলমকুষ্টিয়া।