‘গ্রুপ পর্যায়ে ফ্রান্স ও মিসরকে হরানোর পর চ্যাম্পিয়ন হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। অথচ আমরা কি না হেরে বসলাম শ্রীলঙ্কার কাছে। অল্পের জন্য ফসকে গেল স্বপ্নটা। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়াটা অপ্রত্যাশিতই বলতে পারেন’—জাহিদুল ইসলামের আক্ষেপ। সঙ্গে সুর মেলালেন আলিফ আহমেদ ‘আমাদের ভয় ছিল ফ্রান্সকে নিয়ে। কিন্তু অঘটন ঘটল শ্রীলঙ্কার সঙ্গে। ফাইনালে হেরে গেলেও এটা বাংলাদেশের অন্যতম বড় অর্জন।’ দেশে ফেরার পর ‘বুয়েট স্কাল’ দলের সদস্যের মুখে শুনছিলাম তাঁদের সাফল্যগাথা। ৩ থেকে ৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জ ২০১২-এর রানার আপ হয়ে ফিরেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট স্কাল’ দল। এই সাফল্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন আশা। বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্টে অংশ নিয়ে বাংলাদেশের তরুণেরা তাঁদের দক্ষতার প্রমাণ রেখেছেন। এ ধারাবাহিকতারই অংশ এই প্রাপ্তি। এই প্রাপ্তি বহির্বিশ্বে বাংলাদেশের অর্জনের পাল্লাকেই যেন ভারী করল।প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার দলটি সহজ ছিল না। যোগ্য দল হিসেবেই তারা চ্যম্পিয়ন হয়। সেমিফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কার আরেকটি দল। পাশাপাশি দুটি এরিনাতে ওয়ান ভার্সেস ওয়ান খেলা চলছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। দুই দলে দুটি করে চারটি রোবট। নিজেদের এরিনার ভেতর নানা ধাঁধা সমাধান করে একটি ব্লক নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছাতে হবে। যে দলের রোবট আগে পৌঁছাতে পারবে, তারা হবে বিজয়ী। দুই দলের রোবটই ফিনিশিং লাইনের কাছাকাছি। দুই পক্ষেই টান টান উত্তেজনা। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। প্রযুক্তিতে বাংলাদেশের তরুণেরা বিশ্বকে দেখিয়ে দিলেন তাঁদের দক্ষতা। আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে একে একে ফ্রান্স, মিসর, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে। ফাইনালে শ্রীলঙ্কারই অরেকটি দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অল্পের জন্য হেরে যায় বাংলাদেশ।বুয়েট দলের সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, মাহফুজুল ইসলাম ও আলিফ আহমেদ। দেশের বাইরে এত বড় একটি চ্যালেঞ্জে রানার আপ হওয়া কম গৌরবের নয়। জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সবগুলো জয় সহজ ছিল, কঠিন লড়াই হয়েছে সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, এ বিষয়টি প্রবলভাবে প্রেরণা জুগিয়েছে। জয়টা সহজ ছিল না, তবে আমরা বিকল্প কিছু ভাবিনি। মাত্র এক কিংবা দুই সেকেন্ডের ব্যবধান ছিল তাদের সঙ্গে। তারপর স্বপ্নের ফাইনাল।’ পাশে বসা আলিফ বলে ওঠেন, ‘আমার এটাই প্রথম বিদেশ ভ্রমণ। অনেকটা রোমাঞ্চিত ছিলাম, কিন্তু এত বড় সাফল্য সেটা আরও বেড়ে গেল। সব সময় প্রত্যাশা ছিল ভালো কিছু করার। তিনজনের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।’আইআইটি আয়োজিত ‘টেক ফেস্ট’-এর আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে (আইআরসি) বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মিসর, নেপালের শিক্ষার্থীরা অংশ নেয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ল্যাবরেটরিতে বসে কথা হচ্ছিল তাঁদের সঙ্গে। কথায় কথায় উঠে এল রোবট তৈরির প্রতি তাঁদের আগ্রহের গল্পটাও। মাহফুজ ছোটবেলায় প্রচুর রোবটিকস মুভি দেখেন, মুভি দেখে দেখেই রোবটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। আর জাহিদুল ইসলাম ও আলিফ আহমেদের বরাবরই আগ্রহ ছিল হার্ডওয়্যারের প্রতি। আগ্রহ থেকেই শুরু। নিজেদের তৈরি রোবট নির্দেশমতো কাজ করবে, এটা প্রেরণা হিসেবে কাজ করেছে। তা ছাড়া শিক্ষকদের অনুপ্রেরণা ও সহযোগিতা না পেলে এত দূর আসা কষ্টকর হতো। কথায় কথায় জানলাম ‘বুয়েট স্কাল’ গঠন ও তাঁদের স্বপ্নের কথা।‘বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্টে অংশ নিয়ে বাংলাদেশের তরুণেরা তাঁদের দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু রোবটিকস কনটেস্টে প্রত্যাশিত ফল আসেনি। তাই আমাদের প্রত্যাশা ছিল ফলাফল নিয়ে’ বললেন জাহিদ। মুম্বাইয়ে অনুষ্ঠিত আইআরসি তাঁদের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আন্তর্জাতিক প্রতিযোগিতা বলে প্রত্যাশাটা ছিল একটু বেশিই।‘কেনাকাটা, ঘুরে বেড়ানো সবই হলো এ সফরে। ঘুরে এলাম ইন্ডিয়া গেট, তাজ হোটেল ও মুম্বাই বিচ।’ অনর্গল বলে গেলেন জাহিদ, মাহফুজ আর আলিফ। বললেন, ‘একটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছি, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। তা ছাড়া সাফল্যও এল, এই অর্জনে আমরা গর্বিত।’ উল্লেখ্য, এই দল এর আগে বিদায়ী বছরের নভেম্বরে বুয়েটে অনুষ্ঠিত আইইইই-বুয়েট আয়োজিত ‘আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জ, বাংলাদেশ-২০১২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে (আইআরসি) বাংলাদেশ থেকে আরও অংশ নেয় গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘আইসোমেট্রিক’ দল।