দীর্ঘ ১৮ বছর পর ৫ জুন ফেনীর দাগনভূঞা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আবু ফোরকানকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, গত শুক্রবার দাগনভূঞা উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর নবী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল।
শুসেন চন্দ্র শীল জানান, দাগনভূঞা উপজেলা যুবলীগের সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবু ফোরকান বুলবুল ও আবদুল্লাহ আল মামুনকে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সর্বশেষ দাগনভূঞা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে ওই কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।