আমাদের বাড়িটা ছিল গ্রামের শেষ মাথায়। তাই বর্ষা এলে আমরা মূল গ্রাম থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়তাম। আমার অবাধ ছোটাছুটির পথে বাধা হয়ে দাঁড়াত বলে সে সময় বর্ষা ছিল আমার সবচেয়ে অপছন্দের ঋতু। আর বর্ষাকালের বিকেলগুলোও ঢের লম্বা; সহজে ফুরাতে চাইত না।একদিন স্কুল থেকে ফিরে দেখি, একটা কুকুর রান্নাঘরের জাফরিকাটা বেড়ার পাশে আমার মায়ের তীব্র ভর্ৎসনা উপেক্ষা করে নির্বিকারচিত্তে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। মা কুকুর-বেড়াল দুই চোখে দেখতে পারতেন না। আমাকে বললেন, ‘এই আজরাইলের অরুচিকে যেখানে পারিস ফেলে আয়।’ আমি সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত না করে ওকে পোষ মানাতে উঠেপড়ে লাগলাম। বেশি কসরতও করতে হলো না, দু-একবার সামনে বনরুটি ফেলতেই ও আমার পায়ে পায়ে ঘুরঘুর করতে লাগল। ওর নাম নির্বাচন করা হলো বুলেট। বুলেট বলে ডাকলে যেখানেই থাক, সাড়া দিত। আমি স্কুল থেকে ফেরার সময় বনরুটি বা সামান্য বিস্কুট এনে দিতাম, আর সে মুহূর্তে মনিবের দান আত্মসাৎ করে লেজ নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করত। সারা বিকেল আমি বুলেটকে নিয়ে নানা খুনসুটিতে মেতে উঠতাম। আমার একাকীত্ব ঘুচল ঠিকই, কিন্তু মা ওকে সমানতালে শাপ-শাপান্ত করে যেতে লাগলেন।এরই মধ্যে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। আমাদের বাথরুমে যাওয়ার পথে ছোট ছোট গাছের ঝোপ ছিল। একদিন আমি যাচ্ছিলাম বাথরুমে, যেই না সেই ঝোপের কাছাকাছি পৌঁছেছি, অমনি ও দৌড়ে এসে পেছনের পায়ে ভর দিয়ে আমার বুকসমান উঁচু হয়ে দাঁড়াল, সামনের পা দুটি দিয়ে বারবার বাধা দিতে লাগল, আর চাপাস্বরে গরগর আওয়াজ করতে লাগল। আমি ওর এমন আচরণ কখনো দেখিনি, তাই ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে বাবা দৌড়ে এলেন। ওর কাণ্ড দেখে তিনি বললেন, ‘নিশ্চয়ই কোনো ব্যাপার আছে।’ এই বলে দুই পা এগোতে না-এগোতেই আমরা দেখতে পেলাম, গাছের গোড়ায় একটি বিষাক্ত সাপ পেঁচিয়ে আছে। আর কয়েক পা এগোলে কী হতে পারত, এই ভেবে ভয়ে আমার শরীর হিম হয়ে গেল।অন্যদিকে মূক প্রাণীটির প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল। মাও এবার বুলেটের প্রতি প্রসন্ন হলেন। তবে তিনি ঘোষণা দিলেন, ‘বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে এই কুকুর বিদায় করতে হবে।’ মায়ের ঘোষণাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করে বুলেট টিকে রইল। আমাদের বাড়িটা ছিল ফলফলারির গাছে ভরা, যার অধিকাংশই যেত চোরের পেটে। কিন্তু বুলেটের উৎপাতে এ বেলায় তস্করের দল আর কুলিয়ে উঠতে পারল না। আর এটাই ওর জন্য কাল হলো। বুলেটের চেয়ে অধম কিছু মানুষ ওকে বিষ মেশানো খাবার খাইয়ে মেরে ফেলল। যে রাতে বুলেট মারা যায়, সে রাতে ওর কান্না শুনেছি। বাঁচার আকুতি নিয়ে বার দুয়েক দরজাও আঁচড়েছিল। কিন্তু এটাকে ওর দৈনন্দিন রুটিন মনে করে আমলে নিইনি। সকালে ওর কোনো সাড়াশব্দ নেই। খুঁজতে গিয়ে দেখি, ছাই গাদার পাশে থাবার মধ্যে মুখ রেখে নিথর হয়ে পড়ে আছে।তাওহীদুল আলম, ধানমন্ডি, ঢাকা।