বুলেটের দাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১। মাথার ওপর সূর্যটা খাঁ খাঁ করছে।
বাগেরহাটের তেলিগাতি গ্রামের বনেদি বাড়ি হাওলাদার বাড়ি। জুলেখা বিবি সে বাড়ির বড় বউ। বহুদিন পর মাষকলাইয়ের ডাল রান্না হয়েছে। জুলেখা বিবি শুকনা মরিচ ভাজায় ব্যস্ত। গরম ভাপ ওঠা ভাতের সঙ্গে মাষকলাইয়ের ডাল, শুকনা মরিচের ভর্তা আর একটু সরিষার তেল হলে জুলেখা বিবির শ্বশুর মনের আশ মিটিয়ে খেতে পারেন।
জুলেখা বিবির দুই সন্তান। বড় মেয়েটা গোসল করে ভাতের জন্য কাঁদছে আর ছোট ছেলেটা তার ফুপুর কোলে।
কয়েক দিন ধরে শোনা যাচ্ছে দু-তিন গ্রাম ওপাশে খান সেনাদের জ্বালানো-পোড়ানো চলছে। বাড়ির মুরব্বিরা দোয়া-দরুদ পড়ছেন সব সময়, আল্লাহ যেন এ যাত্রায় রক্ষা করেন। জুলেখা বিবির চাচি শাশুড়ি হাঁপাতে হাঁপাতে এসে বসলেন উনুনের ধারে। ‘ও বউ, তুমি এহনো কিছু টের পাওনি, আসতিছে দল বাইন্ধে, বুট পরা ব্যাটারা। তোমার ছাল-মায়ে দুটোরে নিয়ে তুমি পালাও বউ, তুমি পালাও!’
জুলেখা বিবি কী করবে কিছুই বুঝল না। দৌড় দিয়ে গেল ঘরে, ছেলেমেয়ে দুটো কই তা সে খবর নেওয়ার সময় পায়নি। খাটের নিচে পালাতে গিয়ে দেখল, চাচা শ্বশুর, ননদ, বাড়ির আরও মুরব্বিরা সেখানে শুয়ে আছেন। টুকটাক উর্দু বোঝে জুলেখা বিবি। পুরো বাড়ি শূন্য, মানুষগুলো গায়েব। খান সেনারা এখন তার ঘরে। হঠাৎ করে একটা সেনা খাটের নিচে তাকাল আর চিত্কার ‘হারামখোর ইহা আকে ছুপা?’ সঙ্গে সঙ্গে বেয়নেট বের করে খোঁচানো শুরু করল এলোপাতাড়িভাবে। চাচা শ্বশুরকে টেনেহিঁচড়ে বের করার সঙ্গে সঙ্গে তিনটা গুলির আওয়াজ পাওয়া গেল। খাটের নিচ থেকে কোনো রকমে বের হয়ে পালানোর সময় বাঁ পায়ের গোড়ালিতে গুলি লাগল জুলেখার। কিছু সময় পরে কোমরে গুলি। কোলে তখন ছোট ছেলেটা।
বাড়ির সামনে পুকুর। কচুরিপানা, জোঁকে ভর্তি।
শরীরে দুইটা বুলেট নিয়ে, ছেলেটাকে দুই হাতে উঁচু করে ধরে গলাপানিতে নেমে দাঁড়িয়ে আছে জুলেখা। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে শরীর দিয়ে। ক্রমেই লাল হচ্ছে পুকুরের পানি।
চোখ লেগে আসছে তার। হঠাৎ করে এক খান সেনা দৌড়ে এসে জিজ্ঞেস করল, ‘আপ আইয়ে, হাম আপকো কুচ নেহি কাহেঙ্গে। আপকো বাচ্চিকো ঠান্ড লাগ জায়েগি।’
মেয়েদের সঙ্গে খান সেনারা যে ব্যবহার করে তা জুলেখা বিবির অজানা না। মনে মনে ভাবল, মরলে রক্তশূন্য হয়ে এই পুকুরেই নাহয় মরলাম, আমি জান থাকতে ডাঙায় উঠব না।
তারপরে কী হয়েছে জুলেখা বিবি তা জানে না। যখন চোখ মেলল, দেখতে পেল বাড়ির ঘরগুলো সব পুড়ে ছারখার, ছাইগুলো তার প্রমাণ দিচ্ছে। সারি বেঁধে এগারোটা লাশ রাখা বাড়ির উঠোনে। বহুদিনের চেনা দেবর, ভাশুর, চাচা শ্বশুর, শাশুড়িসহ বাড়ির আরও অনেককে খুব অচেনা লাগছে সাদা কাপড়ে! এরা খুব ক্ষুধার্ত, মাষকলাইয়ের ডাল দিয়ে ভাত খাওয়া হলো না কারও!
বহু বছর হয়েছে, বুলেটের দাগগুলো কিছুটা আবছা, ফিনকি দিয়ে যে রক্ত পড়েছিল তা আবার ফিরে এসেছে শরীরে।
স্মৃতিগুলোতে ধুলো পড়ে মাঝে মাঝে। শুধু মাষকলাইয়ের ডাল রাঁধতে গেলে অস্থির হয়ে ওঠে জুলেখা বিবি। কড়াইয়ের দিকে তাকাতে পারে না।