সড়কের কার্পেটিং উঠে গেছে অনেক আগে। এখন ইট-সুরকি পর্যন্ত নেই। কিছু স্থানে সড়ক ভেঙে যান চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, কষ্ট পাচ্ছে এলাকার হাজারো মানুষ। ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের বুড়াবিবি সড়কের এমনই বেহাল দশা।স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত উপজেলার বাবুনগর, দক্ষিণ দৌলতপুর, ইমামনগর, শাহনগর, রায়পুর, দমদমা, লেলাং, বানিয়াপাড়াসহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করেন। নাজিরহাট বাজার থেকে উপজেলার লেলাং ইউনিয়নের দমদমা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের সড়কটি গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র মাধ্যম। স্বাধীনতা-পরবর্তী সময়ে এটির দুই-তৃতীয়াংশ (ডাইনজুরী থেকে বোর্ডস্কুল পর্যন্ত) কার্পেটিং করা হয়। বাকি অংশে এখনো ইট বিছানো। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।গত এক দশকে এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল পুরো সড়কটি সংস্কার করার। কিন্তু আজও সড়কটির চেহারা পাল্টায়নি। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আকতার বলেন, ‘বিপদের সময় এ সড়কটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কোনো রোগীকে হাসপাতালে নিতে গেলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। জনপ্রতিনিধিরা কয়েকবার বলেছেন এটি কার্পেটিং হবে, কিন্তু সবই নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ। এরপর কেউ আর খোঁজ নেয় না।’বাবুনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ওমর ফারুক বলেন, ‘বর্ষাকালে সড়কটিতে অচলাবস্থা সৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আসা কমিয়ে দেয়। তখন উপস্থিতি অর্ধেকে নেমে আসে।’এ প্রসঙ্গে দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছালামত উল্লাহ চৌধুরী জানান, বুড়াবিবি সড়কটি অনেক দিন ধরেই অবহেলিত।এটি কার্পেটিং করার জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তর একাধিকবার প্রকল্প তৈরি করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘সড়কটি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় হওয়ায় সংস্কার প্রকল্পে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। অথচ সড়কটি কার্পেটিং করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েকবার প্রতিবেদন পাঠানো হয়েছে। চলতি বছর আবার পাঠানো হবে।’