বুড়াবিবি সড়কের দুটি সেতুই ঝুঁকিপূর্ণ
ফটিকছড়ি উপজেলার বুড়াবিবি সড়কের দুটি সেতুই ঝুঁকিপূর্ণ। সেতু দুটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় এবং উভয় পাশে রেলিং না থাকায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। এতে আহত হওয়ার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীসাধারণ। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে, অর্থ বরাদ্দ না থাকায় সেতুগুলো সংস্কার করা যাচ্ছে না। দৌলতপুর ইউনিয়নের ডাইনজুড়ি ও ইমামনগর এলাকায় সেতু দুটি অবস্থিত। এলাকার লোকজন জানান, স্বাধীনতার কয়েক বছর পর সেতুগুলো নির্মাণ করা হয়। এরপর প্রায় তিন যুগেও সংস্কার না হওয়ায় সেতুগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দেড় বছর আগে সেতুগুলোর রেলিং ভেঙে পড়ে এবং মাঝখানে গর্তের সৃষ্টি হয়। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী বলেন, ‘সেতু দুটিতে গত তিন মাসে ছোট-বড় ছয়-সাতটি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়। এ ছাড়া সেতুগুলোর ওপর সিএনজিচালিত অটোরিকশা, সাইকেল ও মোটরসাইকেল একটি আরেকটিকে পাশ কাটাতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়।’সেতুগুলোর ওপর দিয়ে যাতায়াতকারী নাজিরহাট কলেজের শিক্ষার্থী মীর মাহফুজ আনাম বলেন, ‘সেতুগুলোর ওপর গর্ত থাকায় এবং উভয় পাশে রেলিং না থাকায় দুর্ঘটনা ঘটে।’ গত জুন মাসে কলেজের একাধিক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে তিনি জানান। সিএনজিচালিত অটোরিকশা-চালক মো. আলাউদ্দিন বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সেতুগুলোর ওপর গাড়ি চালাতে হয়। সেতুতে ওঠার আগে সৃষ্টিকর্তার নাম নিই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোরশেদুল আলম বলেন, ‘যাত্রীসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য সেতুগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।’ উপজেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সেতুগুলো সংস্কারের জন্য অর্থ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ পওয়া যায়নি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ‘সেতুগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে।’