বুড়ো হৃদয় ঠিক রাখা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্‌যন্ত্র ঠিক রাখবে মানসিক চাপ দূর করুন।
হৃদ্‌যন্ত্র ঠিক রাখবে মানসিক চাপ দূর করুন।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর হার বাড়ছে। হৃদ্‌রোগের ঝুঁকির বিষয়টি জানা থাকলে মৃত্যুঝুঁকি অনেক কমানো যায়। হৃদ্‌রোগের এই ঝুঁকি সম্পর্কে জানার একটি উপায় হচ্ছে হৃদ্‌যন্ত্রের বয়স জানা।
ঝুঁকির প্রভাবে বাড়া হৃদ্‌যন্ত্রের বয়স হচ্ছে হৃদ্‌যন্ত্র ও রক্তনালির আসল বয়স। যুক্তরাষ্ট্রে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, দেশটির অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২০ শতাংশ নারীর ক্ষেত্রে তাঁদের ক্রমিক বয়সের চেয়ে হৃদ্‌যন্ত্রের বয়স পাঁচ বছর বেশি। অর্থাৎ, অনেকের ক্ষেত্রে মূল বয়সের চেয়ে হৃদ্‌যন্ত্রের বয়স বেশি হয়।
গবেষকেরা বলেন, হৃদ্‌রোগের ঝুঁকির ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যা পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা যায় না। এর মধ্যে আছে বয়স, লিঙ্গ ও পারিবারিক ইতিহাস। তবে কিছু বিষয় আছে, যা নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের বিষয়ের মধ্যে আছে ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলস্টেরল, স্থূলতা, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নিষ্ক্রিয়তা। এগুলো নিয়ন্ত্রণ করলে হৃদ্‌যন্ত্র তরুণ ও স্বাস্থ্যবান থাকে। হৃদ্‌যন্ত্রকে ভালো রাখতে ও ঝুঁকি কমাতে এ অভ্যাসগুলো তাই নিয়ন্ত্রণ জরুরি।

যাঁরা হৃদ্‌যন্ত্রের বয়স কমাতে চান, তাঁদের স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে। এ ছাড়া অন্যান্য করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ নিম্নরূপ:

১. স্বাস্থ্যকর খাবার খান। বেশি সবজি, ফল, শস্য ও শিম খান। অস্বাস্থ্যকর চর্বি ও লবণ কমান।
২. শারীরিকভাবে সক্রিয় থাকুন।
৩. ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৪. ধূমপান ছাড়ুন।
৫. অ্যালকোহল পান ছাড়ুন।
৬. উচ্চ রক্তচাপ কমান।
৭. কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
৮. ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখুন।
৯. নিয়মিত পরীক্ষা করান।
১০. বুকব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়ের মতো সমস্যা এড়িয়ে যাবেন না।
১১. মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন। বিশেষ করে বিষণ্নতা ও দুশ্চিন্তা দূরে রাখুন।
১২. মানসিক চাপ নেবেন না। তথ্যসূত্র: জিনিউজ।