বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করেছেন যাঁরা
চিকিৎসকেরা মানুষ কাটেন, এটা খুব ভয় লাগত অনিকের, তাই ছোটবেলা থেকেই তাঁর প্রতিজ্ঞা ছিল, আর যা-ই হোক তিনি চিকিৎসক হবেন না। এইচএসসি পরীক্ষার পর ঠিক করলেন, ইঞ্জিনিয়ার হবেন। এ গল্প ২০০৯ সালে বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী অনিক সাহার। দ্বিতীয় স্থান অধিকারী জুয়েল মহাজনের গল্পটাও বেশ মজার। মা-বাবার খুব ইচ্ছে ছিল, ছেলে চিকিৎসক হবে। কিন্তু কে শোনে কার কথা! ইঞ্জিনিয়ারই হবেন তিনি। শেষ পর্যন্ত রাজি হলেন তাঁর মা-বাবা।২০০৯ সালে বুয়েটে ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারী বুয়েট বন্ধুদের আড্ডা চলছিল শহীদ মিনারের সামনে। ওখানেই শোনা হচ্ছিল একেকজনের মজার মজার কাহিনি। তৃতীয় স্থান অধিকারী ফরহাদ মহসিন এবার আর চুপ থাকতে পারলেন না। জীববিজ্ঞান ছিল দুই চোখের বিষ, আর গণিত বেশ ভালো লাগত। তাই তাঁর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বেন। কিন্তু পড়া আর ল্যাবের চাপে তো এবার তাঁর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। অবশ্য ওদিকে সপ্তম স্থান অধিকারী আজিম ফুল হাতে চলছিলেন এ পথ ধরে। সবাইকে দেখে এসে যোগ দিলেন আড্ডায়। ‘আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি তো কী হয়েছে। আমরা তো আর যন্ত্র নই, আমাদেরও তো মন আছে। সে মনে আছে গোলাপের প্রতি ভালোবাসা।’ এ বলে আজিম হাতের গোলাপটি সামনে বাড়িয়ে ধরলেন। কে যেন একজন নিতে চাইলে তিনি বলে উঠলেন, দোস্ত, এটা গিফট। গিফটের জিনিস কাউকে দিতে হয় না। ওদিকে ওঁদের বন্ধু তাসমিনের বেশ মন খারাপ। ভর্তি পরীক্ষায় ওঁদের মতো ভালো করতে পারেননি বলে। ভালো করে পড়ালেখা করেও তিনি ভর্তি পরীক্ষায় খুব একটা ভালো করতে পারেননি। পরীক্ষার হলে নার্ভাস হয়ে বারোটা বাজিয়েছেন বেচারি। এবারে আসি আসল কথায়। আসলে তাসমিনের মতো আর কোনো তাসমিনের যেন মন খারাপ না হয়, সে জন্য কিন্তু ওঁদের নিয়ে এ আড্ডা। পড়ালেখার পাশাপাশি কিন্তু আনন্দটাও জরুরি। তাই প্রথমেই সবাই মিলে একটু রসরঙ্গ চলছিল আরকি।এবার সবাই বেশ সিরিয়াস। ষষ্ঠ স্থান অধিকারী ইমরোজ খান বেশ গাম্ভীর্যের সঙ্গে বলতে লাগলেন, ‘আমরা যখন এইচএসসি পাস করি, তখন আমাদের কোনো পরিচয় থাকে না। এর কয়েক মাস পরই একেকজনের কপালে লেগে যায় একেকটা পরিচয়—কেউ হন চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, এটা নিয়ে কিন্তু সারা জীবনের পথচলা। তাই সিদ্ধান্ত নিতে হয় ভেবেচিন্তে।’ অনিক বললেন, ‘যারা ইঞ্জিনিয়ার হতে চাও এবং বুয়েট যাদের স্বপ্নের পীঠস্থান, তাদের সব সময় মনে রাখতে হবে, তাদের বিশাল প্রতিযোগিতার দৌড়ে উত্তীর্ণ হতে হবে।’চতুর্থ স্থান অধিকারী অনুপম গোলদারও একমত হয়ে বললেন, প্রতিযোগিতাই বটে! হাজার হাজার পরীক্ষার্থী থেকে বুয়েটে নেওয়া হয় মাত্র ৯৬৫ জনকে। আর বুয়েট হচ্ছে এমনই এক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শুধু মেধার মূল্যায়ন করা হয়। এইচএসসিতে ভালো ফলের পাশাপাশি ভর্তি পরীক্ষায় খুব ভালো দক্ষতা দেখাতে না পারলে মাঠে মারা যাবে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন।কীভাবে বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করা যায়, এবার শুরু হলো সেই আলোচনা। বুয়েটে ভর্তি পরীক্ষা হয় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজির ওপর ৬০০ নম্বরের। তাই এ বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এইচএসসিতে আমরা জিপিএ-৫ পেতে যেভাবে পড়ালেখা করি, তা আসলে জানতে খুব একটা সাহায্য করে না। বুয়েট ভর্তি পরীক্ষায় এ বিষয়গুলো খুব ভালোভাবে জানার জন্য পড়তে হবে। প্রতিটি বিষয়ের ধারণাগুলো পরিষ্কার থাকতে হবে। জুয়েল বলছিলেন। অনিকও একমত পোষণ করে বললেন, ‘গাইড বা লেকচারের চেয়ে মূল বইটা ভালোভাবে পড়া জরুরি। পড়ার সময় নৈর্ব্যক্তিক প্রশ্নের উপযোগী বিষয়গুলো রঙিন কলমে দাগিয়ে নিলে পরবর্তী সময় পড়ার সুবিধা হয়। আরেকটি বিষয়, আমরা এইচএসসিতে পদার্থ, রসায়ন, গণিত—এ তিনটি বিষয় আলাদা আলাদাভাবে পরীক্ষা দিই। তাই ভর্তি পরীক্ষায় এসে একসঙ্গে তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়া অনেকটাই চ্যালেঞ্জিং। এ কারণে খুব ভালোভাবে পড়তে হবে।’ ফরহাদ গুরুত্ব দিলেন সময়ের বিষয়ে। ভর্তি পরীক্ষায় তিন ঘণ্টা সময়ের মধ্যে লিখিত ৩০টি ও নৈর্ব্যক্তিক ১২০টি প্রশ্নের উত্তর দিতে হয়—এটা বেশ কঠিন। আর সে জন্যই অনেক বেশি চর্চা করতে হবে, যাতে এ সময়ের মধ্যে উত্তরগুলো ঠিকমতো দেওয়া যায়।রিচি বললেন, বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রতিটি অঙ্কের জন্য সময় পাওয়া যায় মাত্র তিন মিনিট। তাই অঙ্কের অনেক চর্চা করতে হবে, যাতে পরীক্ষায় কম সময়ে অঙ্ক শেষ করা যায়। প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য থাকে ৪৫ সেকেন্ড সময়, তাই এর জন্য মূল বইয়ের আনাচকানাচে কোনো বিষয় বাদ দেওয়া চলবে না। লিখিত পরীক্ষায় ভালো করতে মূল বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার বিষয়টি বারবার বলছিলেন সবাই।অনিক আরেকটি বুদ্ধি দিলেন সবাইকে। যেহেতু সময় কম, তাই একটু কৌশলী হতে হয় পরীক্ষায়। যত সংক্ষেপে উত্তর দেওয়া যায়, সে পদ্ধতিটি আগে থেকেই আয়ত্ত করার পরামর্শ অনিকের।অনিক, জুয়েলরা সবাই কোচিংয়ের ওপর অধিক গুরুত্ব না দিয়ে নিজে ভালোভাবে পড়ার কথা বললেন। কোচিংকে কোচ হিসেবে মেনে মাঠে দৌড়ানোর কাজটা নিজেরই করা উচিত বলে বেশি মত দিলেন ওঁরা।জীবনে একবারই বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া যায়—এই ভেবে অনেকেই পরীক্ষার হলে নার্ভাস হয়ে যান, যা ভয়ানক বিষয়। বরং নার্ভাস না হয়ে নিজের প্রতি ভরসা রেখে নিজের মনের সবচেয়ে ভালো উত্তরটি খাতায় লিখলে সাধ্য আছে কার ঠেকায়? মানুষ তার স্বপ্নের সমান বড়। সে পারে না, এমন কিছু নেই। শুধু দরকার চেষ্টার, তাই ভর্তি পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের স্বপ্নের পথে চেষ্টা চালিয়ে যাও এবার ২০১০-এর বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বন্ধুরা। বুয়েটের আঙিনায় তোমাদের স্বপ্নের বাস—এবার পূরণ হোক বাস্তবে।