বুয়েটে বৈশাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর, নতুন শাড়ি, নতুন চুড়ি। আর কী নতুন? বুয়েট প্রাঙ্গণে ‘মূর্ছনা: বুয়েট’ আয়োজিত অনুষ্ঠানে গিয়ে মনে হলো, বর্ষবরণের ধারাটাই যেন নতুন। সচরাচর বর্ষবরণের অনুষ্ঠানগুলোতে যে ধরনের আয়োজন থাকে, সেগুলো সম্পূর্ণ অনুপস্থিত। তার বদলে রয়েছে প্রাণবন্ত এক আড্ডা। আর তার ফাঁকে ফাঁকে চলছে মজার সব গান আর কবিতা। দর্শকও যেন একেকজন কলাকুশলী। মঞ্চে শিল্পীদের সঙ্গে তাদের কথোপকথন চলছেই।গতানুগতিক ধারার বর্ষবরণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এলেন কেন—জানতে চাইলে মূর্ছনা: বুয়েটের সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠানের মূল আড্ডাবাজ নিষাদ নাজমুল বলেন, ‘আসলে আমরা চেয়েছি আমাদের দর্শক যেন সত্যিকার অর্থেই পুরোনো বছরের সব দুঃখ ভুলে নতুন বছরের প্রথম দিনটাকে উপভোগ করতে পারে। আড্ডা দেওয়ার চেষ্টা করেছি এমনভাবে, যেন দর্শককে হাসাতে পারি, গান-কবিতাগুলো এমনভাবে বেছে নিয়েছি যেন তারা আনন্দ পায়।’ সত্যিই বারান্দায় রোদ্দুর, ঘাটে লাগাইয়া ডিঙ্গা, লাল পাহাড়ের দেশে—এ গানগুলো যখন চলছিল, তখন মনে হচ্ছিল যেন চলছে জীবনের জয়গান। আরেকটা ব্যাপার দেখা গেল, কলাকুশলীদের প্রায় সবার হাতেই রয়েছে একতারা, ঢোল, খঞ্জনি, হাতবায়া, মন্দিরা এবং আরও কতগুলো নাম না জানা বাদ্যযন্ত্র। এ সম্পর্কে জানতে চাইলে ক্লাবের সভাপতি অভিপ্রিয় চক্রবর্তী বলেন, ‘সুস্থধারার সংস্কৃতিকে ধরে রাখতে মূর্ছনা: বুয়েট অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারারই একটা অংশ এ বাদ্যযন্ত্রগুলো। এগুলোকে সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব।’ অনুষ্ঠান শেষ হলো ‘ভালো আছি, ভালো থেকো’ এ গান দিয়ে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মূর্ছনার সদস্যরা রঙিন মুখোশ পরে, ঢোল হাতে মঞ্চ থেকে নেমে এসে নর্তন-কুর্দন শুরু করে দিলেন দর্শকের সঙ্গে। কেমন লাগছে সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পেরে?—জবাবে প্রচার সম্পাদক সামির রাফসান চৌধুরী বলেন, ‘আসলে মূর্ছনার প্রতিটি অনুষ্ঠানই আমাদের জন্য একটা স্বপ্নের মতো। আজ আবার একটা স্বপ্ন সত্যি হলো।’ হবু প্রকৌশলীদের মনের এ হাজারো রঙে রঙিন হয়ে ফিরে এলাম। আর রেখে এলাম মূর্ছনার জন্য অনেক অনেক শুভ কামনা।