বুয়েটের আইআইটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন ‘বুয়েট ফায়ারফ্লাইস’–এর সদস্য সাখাওয়াত হোসেন
চ্যাম্পিয়ন ‘বুয়েট ফায়ারফ্লাইস’–এর সদস্য সাখাওয়াত হোসেন

শিক্ষার্থীদের প্রযুক্তি ও বাণিজ্যিক উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতামূলক বার্ষিক উৎসব হচ্ছে টেক-কৃতি, যা আয়োজন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ১০টি ক্যাটাগরিতে। যার মধ্যে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা রোবোগেমস ক্যাটাগরির ইন্টারন্যাশনাল অটোনোমাস রোবটিকস কম্পিটিশন (আইএআরসি)। এ বছর ১৯ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘বুয়েট ফায়ারফ্লাইস’। শুধু চ্যাম্পিয়নই নয়, রানার আপ হওয়ার সম্মানও নিজেদের করে নিয়েছে বুয়েটেরই আরেকটি দল ‘বুয়েট এসি-ডিসি’। আর এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে ভারতের একটি দল। চ্যাম্পিয়ন ‘বুয়েট ফায়ারফ্লাইস’ পুরস্কার হিসেবে পেয়েছে এক লাখ রুপি। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাখাওয়াত হোসেন, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শামস-উজ-জামান ও আরাফাত মাহমুদ।

রানার আপ ‘বুয়েট এসি-ডিসি’ দলের তিন সদস্য রাকিবুল, নাঈম ও মারজান
রানার আপ ‘বুয়েট এসি-ডিসি’ দলের তিন সদস্য রাকিবুল, নাঈম ও মারজান

দলের সদস্য তিনজন হলেও অনিবার্যকারণে দলের দুই সদস্য মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি; অংশ নিয়েছেন শুধু সাখাওয়াত হোসেন। প্রতিযোগিতার আদ্যোপান্ত নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। সাখাওয়াত জানান, ‘আমরা যেহেতু জাতীয় প্রতিযোগিতায় সেরা দলগুলোর একটি, তাই সেখানে সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলাম। চূড়ান্ত প্রতিযোগিতাটি হয়েছে ১০ মিনিটের। যেখানে কোনো রকম স্পর্শ ছাড়া লাইন ও ওয়াল অনুসরণ করে একটি গোলকধাঁধার শেষ প্রান্তে ঘুরে আসতে হবে। স্বল্প সময়ে যে দলের রোবটটি কাজ সম্পন্ন করবে, তারাই সেরা হয়।’ সময়ের হিসেবে বুয়েট ফায়ারফ্লাইস তাঁদের প্রতিযোগিতা সম্পন্ন করেছে এসি–ডিসি’র চেয়ে ৪.২ সেকেন্ড কম সময়ে।
এদিকে রানার আপ ‘বুয়েট এসি-ডিসি’ দলের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈম রেজা, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের রাকিবুল ইসলাম চৌধুরী, মারজান আল জান্নাত, শরীফুল ইসলাম ও নায়েল মিজানুর রহমান। এই দলের নাঈম, রাকিবুল ও মারজান গিয়েছিলেন ভারতে। নাঈম রেজা বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতায় রানার আপ হওয়াটাও খুবই আনন্দের আর বিজয়ী দল যখন নিজের বিশ্ববিদ্যালয়, তখন তো আর আক্ষেপ করার কোনো কারণই নেই।’
চলুন জেনে আসি প্রতিযোগিতাটির বাংলাদেশ পর্বের কথা। বাংলাদেশে জাতীয় পর্বটি আয়োজন করে প্রকৌশলপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব)। এসাবের সাধারণ সম্পাদক আরিফ রায়হান বলেন, ‘আমরা তিন বছর ধরে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব আয়োজন করে আসছি। এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯০টি দল আবেদন করেছিল। নয়টি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্ব শেষে ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্বে ২৬টি দল অংশ নিয়েছিল। তাদের মধ্যে বুয়েটের দল দুটি নির্বাচিত হয়েছিল আইআইটি টেক-কৃতিতে অংশ নেওয়ার জন্য।