বুয়েটের আয়োজনে তর্কযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট ডিবেটিং ক্লাবের সদস্যরা
বুয়েট ডিবেটিং ক্লাবের সদস্যরা

‘উত্তাপ নয়, সবুজ’—এ স্লোগান সামনে রেখে বুয়েটে ৫ ফেব্রুয়ারি শুরু হলো ষষ্ঠ বুয়েট ডিবেটিং ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়; কলেজ, এমনকি স্কুলের প্রতিযোগীরাও অংশ নিতে পারবে এ আয়োজনে। আন্তস্কুল বাংলা বিতর্ক, আন্তস্কুল ইংরেজি বিতর্ক এবং আন্তক্লাব বাংলা বিতর্ক—প্রতিযোগিতা হচ্ছে এ তিনটি বিভাগে। আন্তক্লাব বিতর্কে থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ।
বুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তারেকুর রহমান জানান, ‘১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বুয়েট ডিবেটিং ক্লাব। এই ক্লাব ২০০৪ সাল থেকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারের আয়োজনে এ পর্যন্ত ১২০টি দল নাম নিবন্ধন করেছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা কলেজ ছাড়াও অংশ নিয়েছে সেন্ট জোসেফ স্কুল, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ভিকারুননিসা নূন স্কুল, মাস্টারমাইন্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলসহ আরও অনেক দল।
ক্লাবটির সহসভাপতি উনাইজা মান্নান বলেন, ‘আগের চেয়ে আমাদের অনুষ্ঠানের পরিসর বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বেশ ভালো সাড়া পেয়েছি আমরা।’
ক্লাবের সাধারণ সম্পাদক মাহদী মাশরুর মতিন বলেন, ‘আমরা গুণগত দিক থেকে ভালো অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করে থাকি। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের পক্ষ থেকে গত দুই বছর সেরা আয়োজনকারী ক্লাবের পুরস্কার পেয়েছে আমাদের ক্লাব। জাতীয় পর্যায়ে বেশ কিছু বিতর্ক কর্মশালারও আয়োজন করেছি আমরা।’
ক্লাবের সম্পাদক নূরেন ফাইজা আনিষা বললেন একটু অন্যভাবে, ‘ছোটবেলায় বুয়েটের ভাইয়া-আপুদের লেখাপড়ার বাইরে যখন জ্ঞানের এ ধারাটিতে কাজ করতে দেখতাম, তখন থেকেই এটি আমার নিজের খুব ভালো লাগত। গত বছর অক্টোবরে আন্তক্লাব ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছি আমরা, তার তিন মাসের মধ্যেই আমরা আরও বড় একটি আয়োজন করছি। আমরা চাই নতুনদের অনেক বেশি সুযোগ দিতে।’ ক্লাবের দুই প্রচার সম্পাদক মাহদী হাবিব ও সম্পাদক ইমরান রাজা জানান, ‘আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বুয়েট আগের চেয়ে ভালো করেছে। ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশা করছি।’
২০ ও ২২ ফেব্রুয়ারি নকআউট পর্বের মাধ্যমেই শেষ হবে এই প্রতিযোগিতা।