বুয়েটের চার চৌকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের কথা ভাবতেই মাথায় চলে আসে লম্বা একটি লাইন ধরে ভেতরে প্রবেশ করার দৃশ্য। কিংবা ধরা যাক, হাসপাতালে যাবেন ডাক্তার দেখাতে, না হয় বাসে ওঠার কথা ভাবছেন। কী মনে আসে? একই দৃশ্য নিশ্চয়ই! মানুষের ভিড় ঠেলে অথবা টোকেন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে তারপর লক্ষ্যে পৌঁছানো। হালের আধুনিক জীবনে ‘সময় কোথা সময় নষ্ট করবার।’ এখন থেকে আর সময় নষ্ট না করলেও চলবে। ভাবছেন ঠাট্টা করছি! আরে না। এমনই এক ধারণা নিয়ে কাজ করে সফল হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চার শিক্ষার্থী—মাসউদ হোসেন, সাদিয়া জাহিন, সাইফুল হক ও শুভ্র পাল। প্রযুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নিতে ‘অটোমেটেড অনলাইন কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের এই প্রকল্প তৈরি করেছেন বুয়েটের চার শিক্ষার্থী। ‘বুয়েট স্পন্দন’ নামের এ দলে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন।এ প্রযুক্তি সফলভাবে ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহক বা ভোক্তাকে আগেই জানিয়ে দিতে পারবে, তার প্রতিষ্ঠানে কোন সময়ে কেমন ভিড়। অথবা আগে থেকেই টোকেন দিয়ে ওই সময়টা তার জন্য নির্ধারণ করে দিতে পারে, যা হবে সম্পূর্ণ অনলাইননির্ভর।এরই মধ্যে মিলেছে স্বীকৃতিও। দেশের বাঘা বাঘা সব প্রযুক্তি ও অর্থনীতিবিদের সামনে নিজেদের প্রকল্পের সফটওয়্যার এবং এর অর্থনৈতিক দিকের সুবিধা দেখিয়ে তারা বাগিয়ে নিয়েছে সিটি ফাইন্যানসিয়াল আইটি কেস কম্পিটিশনের (সিএফআইসিসি) চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ তিন হাজার ডলার। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের উন্নয়নভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে। এ বছর ৬৫টি দলের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয় ১৯ মে। ফাইনালে পাঁচ দলের ভেতর থেকে চ্যাম্পিয়ন হয় বুয়েট স্পন্দন এবং প্রথম রানারআপ হয়ে দুই হাজার ডলারসহ ক্রেস্ট লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের (আইবিএ) দল ক্রোম।তৃতীয়বারের মতো প্রতিযোগিতার আয়োজন করে সিটি ব্যাংক এনএ ও ডি-নেট। পুরস্কার বিতরণ মঞ্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘চারপাশে যত হতাশা থাকুক “আমরাও পারি” স্লোগানে আমাদের তরুণ শিক্ষার্থীরা অনেক কিছুই আবিষ্কার করতে পারে। তাদের এমন আবিষ্কারের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে।’প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুর দিকের কথা জানান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাসউদ হোসেন, ‘শুরু থেকেই আমাদের সঙ্গী ছিল নানা ধরনের উটকো ঝামেলা। যখন ঠিক করলাম আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তখন ঠিক বুঝতে পারছিলাম না কীভাবে প্রযুক্তির সঙ্গে অর্থনীতির সম্মিলন ঘটাব। কারণ প্রযুক্তির মাধ্যমেই অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ বাতলাতে হবে এখানে। তাই খুঁজতে লাগলাম এবং পেয়ে গেলাম সাদিয়া জাহিন ও শুভ্র পালকে। যাঁরা দুজনই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আর আমার বিভাগ থেকে সাইফুল হককে। চারে মিলে শুরু হলো আইডিয়া খোঁজা।’সাদিয়া জাহিন এগিয়ে নেন পরের ঘটনাটি। বলেন, ‘আমাদের আইডিয়া খুঁজতে সাহায্য করেন আমার বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার পাল। তিনিই দেন এমন একটি ধারণা। এরপর আমরা এগিয়ে নিতে থাকি আমাদের কাজ। হাতেও বেশি সময় ছিল না অংশগ্রহণের জন্য। স্যারের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করে। তাই প্রজেক্ট ম্যানেজার হিসেবে স্যারকেই আমরা বেছে নিই। এগিয়ে যেতে থাকে আমাদের কাজ।’শুভ্র বেশ উৎসাহভরে বলেন, ‘রাত ১২টায় আমাদের প্রজেক্ট জমা দেওয়ার শেষ সময়। বাকি আছে আর ১৫ মিনিট। তখন আবিষ্কার করলাম, আমাদের দলের নামই ঠিক করা হয়নি। শেষে সবাই মিলে তড়িঘড়ি করে নাম ঠিক করলাম ‘বুয়েট স্পন্দন’। নাম নির্ধারণেই ১০ মিনিট শেষ। দ্রুত আমাদের প্রজেক্ট সেন্ড করতে গিয়ে দেখি, অনেক বড় ফাইল। অনেক সময় লাগবে সেন্ড হতে। আয়োজকদের ফোন করে পাঠালাম প্রজেক্ট। তাই ভয় ছিল একটু বেশি। পারব তো!’‘এভাবেই নির্ধারিত দিনে গিয়ে প্রজেক্ট উপস্থাপন করে একে একে উত্তীর্ণ হয়ে মনোবল বাড়তে থাকে। সেই সঙ্গে বিচারকদের নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে থাকি চারজনে মিলে। তবে, ফাইনাল রাউন্ডের পর মনোবল কিছুটা বাড়লেও ফলাফলের দিন হূদ্স্পন্দন বাড়তে থাকে।’ জানান, দলের আরেক সদস্য সাইফুল হক।শেষে চ্যাম্পিয়ন দল ঘোষণায় নিজেদের নামটি শুনে চিৎকার আর আনন্দ ছিল দলের সব সদস্যের মধ্যে। এরই মধ্যে পুরস্কারের টাকা তাঁরা ব্যক্তিগত কাজে খরচ না করে নিজেদের প্রজেক্টটাকে কীভাবে বাজারে নিয়ে আসা যায়, তাই নিয়ে শুরু করেছেন আলোচনা। চার শিক্ষার্থীই এখন শেষ বর্ষে অধ্যয়নরত। তাই পরীক্ষা দিয়েই তাঁরা চাকরি না করে নিজেদের আবিষ্কার নিয়ে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন। প্রত্যেকের মূল্যবান সময়টাকে আরও একটু এগিয়ে নিয়ে যাবেন এই প্রকল্প—এ বিশ্বাস দলের চারজনের মধ্যেই।ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানান, ‘যে সব তরুণ আইটি সফওয়্যার তৈরি করেন, তাঁদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের যোগাযোগ খুব একটা থাকে না। এ আয়োজনের মাধ্যমে উভয়ের মধ্যে একটা যোগসূত্র তৈরি হবে, আমরা এটাই আশা করি।’ এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ: [email protected]