বুয়েটের তিন বিতার্কিক
যায় দিন ভালো, আসে দিন খারাপ। কথাটি আমাদের দেশের রাজনীতির চিত্রের সঙ্গে মিলে যায়। সমাজ ও মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির পটচিত্র এখন আমূল বদলে গেছে। কেন বদলে গেছে, বদলে গিয়ে রাজনীতি এখন কোন পথ—এসব নিয়েই এক তর্কবিতর্কের দেখা মিলল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায়। ৪ থেকে ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে ১৬টি বিশ্ববিদ্যালয় দল নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। সমাপণী বিতর্কে মুখোমুখি হয় বুয়েট ডিবেটিং ক্লাব ও ডিইউডিএস-অপরাজেয় বাংলা। তর্কের বিষয় ছিল ‘আমাদের চিলেকোঠার সেপাইগুলো সেই আগের মতো নেই’। আসলেই কি নেই? সেই প্রশ্নের উত্তরে সরকারি দলে ছিল ডিইউডিএস- অপরাজেয় বাংলা আর বিরোধী দলে ছিল বুয়েট ডিসি দলের শিক্ষার্থীরা। যুক্তিতর্ক ও কথার মারপ্যাঁচে সবাই দেখিয়েছেন তাঁদের চৌকস বুদ্ধিদৃপ্ত বক্তব্যের পারদর্শিতা। আগেকার রাজনীতি ও রাজনীতিবিদেরা কেন এখনকার রাজনীতিবিদদের থেকে আলাদা, তা নানা উদাহরণ দিয়ে কঠিন বক্তব্য দেন বিতার্কিকেরা। অন্যদিকে এখনকার রাজনীতিবিদদের কত দিক সামলে, কত ঝামেলা-জটিলতা জয় করে রাজনীতির মাঠে টিকে থাকতে হয়, তার বর্ণনা ছিল বিতার্কিকদের আলোচনায়। শুধুই কি দেশের রাজনীতি, বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন শিক্ষার্থীরা? কথার এই কাটাকাটি যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসে বিপক্ষের দল। প্রতিযোগিতার নিয়মে কাউকে না কাউকে জিততে হয়, কিন্তু বিতর্কের মঞ্চে সবাই ছিলেন যুক্তিতর্কে আলোকিত। বুয়েট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। এই দলের সদস্যরা ছিলেন মাহদী হাবিব, এস এম ফারাবী মাহমুদ ও তৌহিদুর রহমান তুরাগ। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বুয়েট ডিবেটিং ক্লাবের তৌহিদুর রহমান। নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বির্তার্কিক তৌহিদুর জানান, ‘বুয়েট বিতর্ক দলের সদস্য হয়ে বিতর্ক করার অভিজ্ঞতা বেশ মজার। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অর্জনের খাতায় প্রথম লাইন লিখলাম। অনুভূতিটা তাই অন্য রকম। সামনে আরও অনেকটা পথ, দেখা যাক কত দূর যাওয়া যায়।’