বৃক্ষ সখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিজেন শর্মা—নামের সঙ্গেই জুড়ে আছে প্রকৃতি আর বৃক্ষ। বাড়িটাও সবুজে ভরা। সুতির শার্ট, ফতুয়া, পাঞ্জাবি পরতে পছন্দ করেন। রবীন্দ্রসংগীত ও ক্রিকেট—প্রিয়। আড্ডা দিতে আর গাছ চেনাতে ভালোবাসেন চিরতরুণ এই প্রকৃতিপ্রেমী।

নিজ বারান্দার বাগানে দ্বিজেন শর্মা। ছবি: কবির হোসেন
নিজ বারান্দার বাগানে দ্বিজেন শর্মা। ছবি: কবির হোসেন
বই তাঁর নিত্য সঙ্গী
বই তাঁর নিত্য সঙ্গী
পাঞ্জাবিও তাঁর প্রিয়
পাঞ্জাবিও তাঁর প্রিয়

দরজার পাশের ছোট্ট ফাঁক দিয়ে সবুজ বারান্দাটা দেখেই বোঝা যায় মানুষটা বৃক্ষপ্রেমিক। ঘরে ঢুকেও তাই, তাকভর্তি বইগুলোতে সবুজ বৃক্ষ সবুজ প্রকৃতির বিষয়ই বেশি। লেখক তিনি, শিক্ষক তিনি—সবকিছু ছাপিয়ে নিখাদ প্রকৃতিপ্রেমিক, বৃক্ষসখা। ১ ফেব্রুয়ারি গিয়েছিলাম ছিয়াশি পেরোনো চিরতরুণ দ্বিজেন শর্মার বাসায়। এখনো তিনি তরুণ, তাঁর লাগানো গাছগুলোর মতোই সবুজ।

কর্মজীবনে বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষকতা করে ঢাকায় নটর ডেম কলেজে যোগ দেন। এরপর দীর্ঘদিন ছিলেন রাশিয়ার মস্কোয়। বর্তমানে স্ত্রী দেবী শর্মার সঙ্গে থাকেন রাজধানীর সিদ্ধেশ্বরীতে। ছেলে মেয়ে দুজনই দেশের বাইরে। রবীন্দ্রসাহিত্য ও সংগীত, দুটোই তাঁর পছন্দের। ত্রিশের বেশি বই লিখেছেন।

চেনা রূপে
চেনা রূপে

দ্বিজেন শর্মার লেখা বইয়ের বেশির ভাগই বিজ্ঞান নিয়ে। তবে এ বছর বের হয়েছে তাঁর সাহিত্যসমগ্র। হাসতে হাসতে বললেন, ‘সাহিত্যের বিশেষ কিছু নেই এতে। সেও ওই ঘুরেফিরে বিজ্ঞান-সাহিত্য। এখন তো আর নিয়ম মেনে লেখা হয় না। সময়ও আর পাই না। আমার শেষ তিনটি বই নিয়েই এই সমগ্র। বলা চলে, আমার এবারের বইমেলার বই এটি।’

সুতির শার্টে আরাম পান
সুতির শার্টে আরাম পান

অবসর সময়ে টিভি দেখা হয় বেশি। খেলার মধ্যে ক্রিকেট তাঁর খুব পছন্দের। আড্ডা দিতে পছন্দ করেন। প্রায়ই তাঁর বাসায় বসে আড্ডার আসর। আলোচ্য বিষয় অবশ্য সেই গাছ। অনেকেই আসেন পরামর্শ নিতে। অনেকে আসেন গাছ চিনতে। এমন সমমনা না হলে আড্ডাটা তাঁর ঠিক জমে ওঠে না। দ্বিজেন শর্মা যুক্ত আছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে। ‘তরু-পল্লব’ নামের সংগঠনের মাধ্যমে মানুষকে গাছ চেনাতে সাহায্য করেন। বিভিন্ন সময়ে এই আয়োজনগুলোতে যান। এ নিয়েই কাটে তাঁর অধিকাংশ সময়।
পছন্দের পোশাকের ক্ষেত্রে আরামই তাঁর শেষ কথা। পাঞ্জাবি বা ফতুয়ার সঙ্গে পায়জামা পরেন বেশি। শার্ট-প্যান্টও পরেন। তবে ছোটবেলা থেকেই খুব সাধারণ পোশাকে, সাধারণভাবেই বেড়ে উঠেছেন বলে জানান। এখনো সেটাই মেনে চলেন। বললেন, ‘স্বদেশি আন্দোলনের পরের সময়টায় আমাদের গ্রামে অনেক কমরেড ছিলেন। আমার বাবা যদিও তা ছিলেন না, তবে তিনি কখনো বিলাসিতার মধ্যে যাননি।’ বিলাসিতা বলতে এক ছিল নতুন বই কেনা। সে সময়ে বাংলা ভাষায় প্রকাশিত সব সংবাদপত্র তাঁর বাড়িতে যেত। বইয়ের প্রতি ভালোবাসার শুরুটা কি তবে সেই তখন থেকেই? কিছুটা হয়তো ঠিক, তবে দ্বিজেন শর্মা বললেন, ‘আমাদের সময় লাইব্রেরিতে খুব একটা যেতে দেওয়া হতো না। বড় বই, বড়দের বই সেগুলো! আমাদের জন্য শিশুসাহিত্য আসত।’ এ ছাড়া, মা মগ্নময়ী দেবী শরৎচন্দ্র শোনাতেন। সেই থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ভক্ত হয়ে যান।
দ্বিজেন শর্মার ছেলেবেলা কেটেছে মৌলভীবাজারে। সেখানে জলে-জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন খুব। স্থানীয় আদিবাসী শিশুদের সঙ্গে খুব ভাব ছিল তাঁর। ‘হয়তো তখন কোনোভাবে প্রকৃতিপ্রেমের ব্যাপারটা মনে ছাপ ফেলেছিল। কারও কারও তো জন্মগত প্রবণতাও থাকে।’ জানালেন তিনি।
তাঁর বারান্দা সবুজ। রঙিন বলাটাই বোধ হয় বেশি ঠিক হবে। সেখানে হলুদ গাঁদা, গোলাপি অর্কিড, কাঁটাদার ক্যাকটাস থেকে শুরু করে দু-তিনটি ফলদ বৃক্ষও আছে। নিয়ম মেনে খোঁজখবর রাখেন, পরিচর্যা করেন।

নানা ব্যস্ততায় সময় কাটে তাঁর। রীতিমতো দৌড়ঝাঁপ করেন বলা চলে। তবে তাঁর ভালোবাসার জায়গাটি ক্ষতবিক্ষত হয় প্রায়ই। গাছপালা কাটা হলে তার বুকে তো ক্ষত হবেই। প্রকৃতি-পরিবেশ নিয়ে সোচ্চার সব সময়, লেখেন নিয়মিত। তবে তাঁর হাতে তৈরি ছাত্ররাই এখন হাল ধরেছেন। বললেন, ‘এখন তো আমাকেও লিখতে হয় না। আমার ছাত্ররাই নানা জায়গা ঘুরে এসে তাদের শত ব্যস্ততার মধ্যেও এ নিয়ে লেখে।’

নটর ডেম কলেজে শিক্ষকতার সময় প্রাঙ্গণজুড়ে গাছ লাগিয়েছিলেন অনেক। সে গাছের অনেকগুলোই আছে এখনো। মূল ভবনের পেছনের সে নাগলিঙ্গম গাছটার কথা বললেন। সেই বরিশাল থেকে এনে লাগিয়েছিলেন। এমন বৃক্ষ তিনি লাগিয়েছেন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই, অনেক অঞ্চলেই। গাছের খোঁজে ছুটে যান নানা জায়গায়।