জয়নাল আবেদিন আমার টেবিলে এসে বসলেন। মুখে নিষ্পাপ হাসি, বয়স সত্তরের কাছাকাছি। তাঁকে আগে কখনো দেখেছি? মনে পড়ে না। কিন্তু প্রথম দেখাতেই মনে হলো, অনেক দিনের পরিচয়। ‘আপনাদের বাগানটা একটু ঘুরে দেখতে চাই। কোনো ভণিতা না করেই বললেন।’এতক্ষণে তাঁর উদ্দেশ্যটা বোঝা গেল। ‘কনকচাঁপা ফুটেছে খবর পেয়েই দেখতে এসেছি। এই গাছটা তো দুর্লভ।’আমি সানন্দেই সম্মত হই।এভাবে হঠাত্ জয়নাল আবেদিনের সঙ্গে আমার পরিচয়। তাঁর জন্মস্থান বরিশালের উজিরপুর থানা। সেখানকার বরাকোঠা গ্রামে কেটেছে শৈশব-কৈশোর। গাছগাছালির সঙ্গে মিতালি পাতিয়েই বেড়ে উঠেছেন। ‘কলেজ-জীবনে গাছপালার প্রতি আসক্ত হয়ে পড়ি। কোনো গাছ না চেনা পর্যন্ত স্বস্তি নেই। আমার আশপাশের প্রায় ৯০ শতাংশ গাছপালা আমি চিনি।’ছেলেবেলায় কোন ফুল দেখে বেশি মুগ্ধ হয়েছিলেন?‘সোনাইল। এই ফুল “সোনালু” বা “বানরলাঠি” নামেও পরিচিত।’এরপর জয়নাল আবেদিনের সঙ্গে মাঝেমধ্যে আমার দেখা হতো। একদিন নিয়ে গেলেন রমনা পার্কে, টিথোনিয়া দেখতে। নার্সারির শেষ প্রান্তে ছিল গাছটি। কিছুদিন পর জানালেন, ধানমন্ডিতে একটি অচেনা ফল দেখেছেন তিনি। পরে ফলটি অ্যাভোকাডো হিসেবে শনাক্ত করি।প্রথমে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। তারপর ১৯৬৫ সালে পাকিস্তান পোস্টাল সার্ভিসে যোগ দেন। ১৯৯৮ সালে ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন। চাকরিজীবনের প্রথম ভাগে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন রাজশাহী পোস্টাল একাডেমিতে। আর তখনই আসে সুযোগটা। ২০ একর জায়গার ওপর গাছ লাগাতে হবে। ড. খায়রুল আলম আর অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে তিন-চার হাজার গাছ লাগিয়ে ফেললেন।এখন এই বাগানকে মিনি ফরেস্ট বলা হয়।একটি গাছ দেখার জন্য কতটা পথ হেঁটেছেন?‘২০ মাইলের মতো। সেই গাছটির নাম গ্লিরিসিডিয়া। দেখতে অসম্ভব সুন্দর! বরুণ ও ঘোড়ানিম দেখার জন্যও অনেক পথ হেঁটেছি।’রাজশাহীতে বাগানটি করার পর গাছপালার প্রতি তাঁর ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেল। এরই ফাঁকে ১৯৯৩ সালে দেখা হলো অধ্যাপক দ্বিজেন শর্মার সঙ্গে। পেয়ে গেলেন নিজের আরাধ্য মানুষটিকে।তারপর দুজনে যে কতবার গাছ খুঁজতে বেরিয়েছেন, তার কোনো হিসাব নেই। কর্মসূত্রে কিছুদিন থেকেছেন চট্টগ্রামে। কাপ্তাইয়ে লালসোনাইল (ক্যাশিয়া জাভানিকা) দেখে খুব আনন্দ পেয়েছিলেন। আবার মন খারাপ করার মতো ঘটনাও ঘটেছিল। একটি বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর ছিল দইগোটার ফুল (লটকা)। অনেক অনুরোধ সত্ত্বেও বাড়ির ভেতর যাওয়ার অনুমতি পাননি। বিস্মিত হয়েছেন এই ভেবে, মানুষ এতটা অভদ্র হয় কী করে!যখন গাছপালার সান্নিধ্যে যান, তখন অনুভূতিটা কেমন হয়?‘মনে হয়, বেঁচে থাকাটা সার্থক হয়েছে।’জয়নাল আবেদিনের সামনে কোনো অচেনা গাছ পড়লে তার আর রক্ষা নেই। কক্সবাজারের সৈকতে অচেনা ছাগলখুরির লতা দেখে তিনি চটজলদি সেখানকার বন কর্মকর্তার কাছে নিয়ে যান। ঢাকায় স্কারলেট কর্ডিয়ার ফুল দেখে তাত্ক্ষণিকভাবে এর নমুনা সংগ্রহ করে পাঠান বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে।অবসরে গাছপালাবিষয়ক বই পড়তে পছন্দ করেন। এ বিষয়ের অর্ধশতাধিক গ্রন্থ রয়েছে তাঁর সংগ্রহে। ওয়ার্ডস ওয়ার্থের কবিতা পছন্দ করেন। বারবার পড়েছেন হেনরিক ইবসেনের ডলস হাউস ও ওয়াইল্ড ডাক।